ভাবসম্প্রসারণপ্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা দ্বিতীয় পত্রের একটি ভাবসম্প্রসারণ আলোচনা করব।আলস্য এক ভয়ানক ব্যাধিভাবসম্প্রসারণ: আলস্য বা অলসতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একে মারাত্মক ব্যাধির সঙ্গে তুলনা করা যায়; যা মানুষের বিনাশ ডেকে আনে।অলসতায় যাকে পেয়ে বসেছে, সে কখনো সৃষ্টিশীল কিছু করতে পারে না। তার জীবন রোগগ্রস্ত, অকর্মণ্য, স্থবির এবং সে হয় সমাজে ঘৃণিত। সমাজে যে অকর্মক, সে কাজ না করতে করতে ভীষণ অলস হয়ে পড়েছে। অভ্যাসগতভাবে সে মারাত্মক রোগগ্রস্তপ্রায়। এমন অলসতা সাধারণত সমাজ, দেশ ও জাতির জন্য ক্ষতি বয়ে আনে। যাকে অলসতায় পেয়ে বসেছে, সে কখনো মননশীল কিছু করতে পারে না। মানুষের কাছে সে সর্বদা ঘৃণিত ও ধিক্কৃত। জীবন সম্পর্কে অলস মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তারা কেবলই ধ্বংসের পথে পা বাড়ায়। অবশেষে ভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। কোনো কূল না পেয়ে জীবন সাঙ্গ হয়। এমন আলস্য রোগ সমাজের বিকাশের ক্ষেত্রে অন্তরায় স্বরূপ। এতে অবনতি দীপশিখার মতো জ্বলতে থাকে। কোনো দিকনির্দেশনা জীবনে কাজে আসে না। লক্ষ্যহীন জীবন পরিণত হয় মরুভূমিতে। বিশেষ করে, একজনের অলসতার কারণে আরও অনেকে এ রোগে সংক্রমিত হতে পারে। তাই আমাদের জাতীয় জীবনে এ রোগ খুবই ক্ষতি করে। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয়—সব ক্ষেত্রেই এর প্রতিক্রিয়া দেখা দেয়। এ রোগ থেকে সংযত হওয়া দরকার। অলসতা মানুষের জীবনে শান্তি আনতে পারে না। সারা জীবন শুধু অশান্তির বীজ বপন করে। আলস্য এক অভিশপ্ত রোগ। মানবজীবন অত্যন্ত সম্ভাবনাময়। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এর যথার্থ পরিচর্যা করা দরকার। অলসতার জন্য সব সম্ভাবনাই নষ্ট হয়ে যায়। সেখান থেকে কিছু পাওয়ার আশা থাকে না। কারণ সেখানে কোনো শ্রম, সাধনা কিংবা কোনো বিনিয়োগ করা হয়নি। বিধাতা মানুষকে শক্তি-সামর্থ্য সবই দিয়েছেন। প্রয়োজন শুধু আলস্য দূর করে সেগুলোর সঠিক ব্যবহার করা। অলসতার চরম পরিণতি হিসেবে বাল্যকালে পড়া সেই খরগোশ ও কচ্ছপের কাহিনিই মনে করিয়ে দেয়। যুগে যুগে, দেশে দেশে অলস জাতিকে ধ্বংস হতে দেখা যায়। বর্তমান বিশ্বে যেসব জাতি উন্নতি করেছে, সৌভাগ্যের অধিকারী হয়েছে, এর মূলে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। অন্যদিকে যে জাতি তাদের সম্পদকে কাজে না লাগিয়ে আলস্যে দিন কাটায়, তাদের পতন অনিবার্য। মানবজীবনের ক্ষেত্রেও এ বৈশিষ্ট্য বিবেচনা করে যতটা সম্ভব যত্নশীল ও পরিশ্রমী হতে হবে। জাতীয় জীবন ও ব্যক্তিজীবনে আলস্য একটি মহা ব্যাধি। এ ভয়ানক ব্যাধির হাত থেকে দেশ ও জাতিকে যত দ্রুত রক্ষা করা যায় ততই মঙ্গল।ব্যক্তিজীবন ও জাতীয় জীবনের কথা ভেবে আমাদের সবাইকে কর্তব্যসচেতন হতে হবে। অলসতা দূর করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।