৯ম ও ১০ম শ্রেণীর পড়া: রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ রসায়ন বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. বিজ্ঞানী অ্যাভোগেড্রো কীভাবে অণু ও পরমাণুর মধ্যে তফাত করে দিলেন— ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. অ্যাভোগেড্রো প্রকল্পকে সূত্র বলার কারণ বিশ্লেষণ করো।উত্তর গ: বার্জেলিয়াস প্রকল্পের ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে ১৮১১ সালে ইতালীয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগেড্রো সর্বপ্রথম পদার্থের গঠনে অণুর অংশগ্রহণের কথা প্রবর্তন করেন এবং গ্যাসীয় পদার্থের আয়তন ও অণুসংখ্যাসংক্রান্ত তাঁর মতবাদ প্রচার করেন। এই মতবাদটি অ্যাভোগেড্রো প্রকল্প নামে পরিচিত। বিজ্ঞানী অ্যাভোগেড্রো ১৮১১ সালে ঘোষণা করলেন, ডালটনের পরমাণুবাদ ও গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সমন্বয় সাধন সম্ভব, যদি পদার্থের গঠনে পরমাণু ছাড়া আরও এক প্রকার ক্ষুদ্র কণার অস্তিত্ব কল্পনা করা যায়। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন molecule বা অণু। অণুর ধারণা প্রয়োগ করে তিনি যে তত্ত্ব প্রবর্তন করেন, তাতে তিনি অণু ও পরমাণু—এ দুই ধরনের ক্ষুদ্র কণার পার্থক্য সুস্পষ্টরূপে উল্লেখ করেছেন। অ্যাভোগেড্রোর মতে—১. পদার্থের গঠনে দুই ধরনের অতি ক্ষুদ্র কণা অংশগ্রহণ করে—এক প্রকারের হলো ডালটন প্রস্তাবিত পরমাণু এবং অপর প্রকারের কণা হলো তাঁর (অ্যাভোগেড্রোর) প্রস্তাবিত অণু।২. অণু হলো পদার্থের (মৌল বা যৌগের) সেই ক্ষুদ্রতম কণা, যা মুক্তভাবে বা স্বাধীনভাবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে পদার্থের যাবতীয় ধর্ম বর্তমান থাকে।৩. পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যার স্বাধীন অস্তিত্ব থাকতে পারে বা নাও পারে।৪. অণু দুই প্রকারের—মৌলিক অণু ও যৌগিক অণু। একই মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় মৌলিক অণু। অন্যদিকে, বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় যৌগিক অণু।৫. পরমাণু অবিভাজ্য হলেও অণু বিভাজ্য। সাধারণত, রাসায়নিক বিক্রিয়ার সময় অণুগুলো বিভাজিত হয়ে পরমাণু সৃষ্টি করে এবং এই পরমাণুগুলোই রাসায়নিক সংযোগে অংশগ্রহণ করে।উত্তর ঘ: অ্যাভোগেড্রো প্রকল্প: ‘একই চাপ ও উষ্ণতায় সম-আয়তনবিশিষ্ট সমস্ত গ্যাসেই (মৌলিক বা যৌগিক) সমানসংখ্যক অণু বর্তমান।’অ্যাভোগেড্রো প্রকল্পকে সূত্র বলার কারণ: কোনো বৈজ্ঞানিক ঘটনা ব্যাখ্যা করার জন্য অথবা বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহের সমন্বয় সাধনের জন্য বিজ্ঞানীরা প্রাথমিক পর্যায়ে কিছু সুনির্দিষ্ট ধারণা বা কল্পনার ওপর ভিত্তি করে একটি মতবাদ প্রকাশ করেন। যদি এই মতবাদের কোনো প্রত্যক্ষ পরীক্ষাগত প্রমাণ না থাকে, তবে ওই রূপ মতবাদকে প্রকল্প (hypothesis) বলে। বিজ্ঞানী অ্যাভোগেড্রো তাঁর প্রকল্পটি প্রকাশের আগে বা পরে এর সমর্থনে কোনো প্রত্যক্ষ পরীক্ষালব্ধ প্রমাণ উপস্থাপিত করতে পারেননি। এমনকি এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষ পরীক্ষার মাধ্যমে এই প্রকল্পের সত্যতা প্রমাণিত হয়নি। তাই এই প্রকল্পকে সূত্র (law) বলা যায় না। কিন্তু পরোক্ষভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই প্রকল্পের বক্তব্য সর্বদা সঠিক বলে প্রমাণিত হয়েছে। এই প্রকল্প প্রয়োগ করে যেসব সিন্ধান্তে উপনীত হওয়া যায়, সেগুলো কখনোই পরীক্ষালব্ধ ফলের বিরোধী হয় না। এর যথার্থতার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পরীক্ষালব্ধ প্রমাণ পাওয়া যায়নি। সেদিক থেকে দেখতে গেলে এই প্রকল্পটি সূত্রের সমমর্যাদাসম্পন্ন।বি. দ্র.: অ্যাভোগেড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি ‘একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণুবিশিষ্ট সমস্ত গ্যাস সমান আয়তন দখল করে।’ সুতরাং একই চাপ ও উষ্ণতায় n সংখ্যক হাইড্রোজেন অণু যদি v আয়তন দখল করে, তবে n সংখ্যক নাইট্রোজেন অণুও v আয়তন দখল করবে।উল্লেখ্য, অ্যাভোগেড্রো প্রকল্পটি শুধু গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে অ্যাভোগেড্রো সংখ্যা কঠিন, তরল বা গ্যাসীয় উভয় ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল