প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ভারতীয় উপমহাদেশে ইংরেজবিরোধী আন্দোলনের মধ্যে ১৮৫৭ সালের সংগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আপামর জনগণ কর্তৃক সমর্থিত সিপাহি বিপ্লবীদের এ মহাবিদ্রোহটি ছিল দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সশস্ত্র সংগ্রাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদনীতি উপমহাদেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনা ও ব্যাপক আশঙ্কা সৃষ্টি করে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ১৮৫৭ সালের সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হলে এ দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। প্রশ্ন: (ক) সিপাহি বিদ্রোহ কী? উত্তর: সিপাহি বিদ্রোহ: স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ১৮৫৭ সালে সিপাহিদের দ্বারা পরিচালিত সংগ্রামকে সিপাহি বিদ্রোহ বলে। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য এটি ছিল প্রথম সংগ্রাম। ১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরে এ সংগ্রাম শুরু হয়। প্রশ্ন: (খ) ১৮৫৭ সালের আন্দোলনের রাজনৈতিক কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর: ১৮৫৭ সালের উপমহাদেশের সব শ্রেণীর জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনা ও ব্যাপক আশঙ্কা সৃষ্টি হয়। লর্ড ডালহোসির স্বত্ববিলোপনীতির ফলে সাতারা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এসব রাজ্যের রাজপরিবার, তাদের কর্মচারী ও সেনাবাহিনীর মধ্যে ইংরেজবিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ ক্ষমতাচ্যুত হলে তাঁর প্রজাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কানপুরের নানা সাহেবের বৃত্তি বন্ধ করে দেওয়া হয়। একে একে মুসলিম ও হিন্দু রাজ্যের বিলোপ, উপাধিলোপ, বৃত্তিলোপ, ভারতীয়দের উচ্চ রাজপদ থেকে বিতাড়ন, সম্রাট বাহাদুর শাহকে পৈর্তৃক রাজপ্রাসাদ থেকে অপসারণ ইত্যাদি কার্যকলাপ দেশবাসীর মনে সন্দেহ সৃষ্টি করে। দেশীয় রাজা, সিপাহি ও জনসাধারণ সবাই ইংরেজদের হাত থেকে মুক্তির সুযোগ খোঁজে। ঝাঁসির রানি ও নানা সাহেব এ সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। এই ছিল ১৮৫৭ সালের সংগ্রামের রাজনৈতিক কারণ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল