বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হয়েছিল কেন, বর্ণনা করো। উত্তর: ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এ আন্দোলনটি ছিল দেশের সর্বস্তরের জনতা ও সিপাহিদের সশস্ত্র সংগ্রাম। দেশের আপামর জনসাধারণের প্রবল সমর্থন থাকা সত্ত্বেও ১৮৫৭ সালের সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়। ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো: ১. দেশের সব স্থানে ব্যাপকভাবে আন্দোলন দানা বেঁধে উঠলেও আন্দোলনকে সংগঠিত করে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার মতো সুযোগ্য নেতার অভাবে ১৮৫৭ সালের বিদ্রোহ সাফল্য লাভে ব্যর্থ হয়। ২. আন্দোলনকারীরা সঠিক কোনো লক্ষ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারেনি। ভারতের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এ সংগ্রাম হয়েছিল। বিচ্ছিন্নতার কারণে এ সংগ্রাম শক্তিশালীরূপে পরিচালিত হতে পারেনি। ৩. ভারতীয়দের আধুনিক যুদ্ধের সরঞ্জাম ছিল না। অন্যদিকে ইংরেজরা ছিল উন্নতমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত। যার কারণে আন্দোলনকারীরা ইংরেজ বাহিনীর সঙ্গে কোনো সংগ্রামেই জয়ী হতে পারেনি। ৪. দেশীয় বিশ্বাসঘাতক রাজন্যবর্গ এ আন্দোলনের বিরোধিতা করে ইংরেজদের পক্ষ নেওয়ায় ১৮৫৭ সালের আন্দোলন ব্যর্থ হয়ে যায়। ৫. ভারতীয় বিদ্রোহীরা রণকৌশলে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না। অন্যদিকে ইংরেজ সেনাপতিরা ছিল অধিক দক্ষ, রণকৌশলী ও নিষ্ঠাবান। ফলে ইংরেজ সৈন্যদের বিজয় নিশ্চিত হয়। সুতরাং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ১৮৫৭ সালের স্বাধীনতার সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়। এ সংগ্রামের ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত ব্রিটিশ অধীনে চলে যায়।