৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়-এর বাংলাদেশের অভ্যুদয় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. ছয় দফা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর: ছয় দফা আন্দোলনের গুরুত্ব: স্বৈরাচারী সরকার আইয়ুব খান আমলের শাসন-শোষণ যখন বাংলার জনগণকে ন্যায্য অধিকার এবং দাবি-দাওয়া থেকে বঞ্চিত করছিল, তখন ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এবং পূর্ণ স্বায়ত্তশাসন ও গণতন্ত্রের দাবিতে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের মুক্তির সনদস্বরূপ যে দাবিনামা পেশ করেন, তা-ই ইতিহাসে ছয় দফা নামে পরিচিত। নিচে ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করা হলো।জাতিয়তাবোধ: ছয় দফা কর্মসূচি বাঙালিদের মধ্যে জাতিয়তাবোধ সৃষ্টি করে এ কর্মসূচি উত্থাপনের পর পূর্ব বাংলার সব শ্রেণীর মানুষ একে মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে। সংগ্রামী মনোভাব সৃষ্টি: ছয় দফা আন্দোলনে পূর্ব বাংলার সর্বাধিক জনগণ অংশগ্রহণ করে একে গণমুখী আন্দোলনে পরিণত করে। ফলে জনগণের মধ্যে সংগ্রামী মনোভাব সুদৃঢ় হয়। অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি: এ কর্মসূচির মাধ্যমে পূর্ব বাংলার মানুষ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মুক্তির সন্ধান পায়, যার ফলে অতীতের যেকোনো সময়ের তুলনায় বাঙালিরা অধিকার সম্পর্কে সচেতন হয়। ১৯৬৯ সালে গণ-অভ্যত্থান: বাঙালিরা ছয় দফা কর্মসূচির স্বায়ত্তশাসন আন্দোলনের ওপর ভিত্তি করে ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ে। ১৯৭০ সালের নির্বাচন: ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ ছয় দফাকে তার নির্বাচনী ইশতেহার হিসেবে প্রকাশ করে। ফলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে।স্বাধীনতার দাবিতে রূপান্তর: ছয় দফা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার দাবি। পরবর্তী সময়ে ছয় দফা স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়।সংগ্রামে লিপ্ত হওয়ার অনুপ্রেরণা: ছয় দফা কর্মসূচি পূর্ব বাংলার মানুষকে সংগ্রামে লিপ্ত হওয়ার অনুপ্রেরণা দেয়। এর ফলে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পূর্ব বাংলার আপামর জনগণ অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করে। পরিশেষে বলা যায়, ছয় দফা ছিল পূর্ব পাকিস্তানিদের মুক্তির সনদ। ছয় দফা বাঙালিদের মধ্যে চেতনার উন্মেষ ঘটিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।