অধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়-এর বাংলাদেশের অভ্যুদয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।শিউলি ম্যাডাম নবম শ্রেণীতে সামাজিক বিজ্ঞান পড়ান। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানি শাসকচক্র দীর্ঘদিন ধরে বাংলার জনগণের ওপর বৈষম্যমূলক আচরণ করে আসছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দাবিসংবলিত ‘ছয় দফা’ কর্মসূচি ঘোষণা করেন। এরপর ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। গণ-অভ্যুত্থানের কারণ ছিল বহুমুখী। দেশের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান আমাদের মুক্তির পথকে সুগম করতে সক্ষম হয়েছিল। প্রশ্ন: ক. ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝায়? উত্তর: ছয় দফা কর্মসূচি: পাকিস্তান সরকার কর্তৃক রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্য সৃষ্টির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দাবিসংবলিত এক কর্মসূচির কথা ব্যক্ত করেন। এ কর্মসূচি ঐতিহাসিক ছয় দফা নামে পরিচিত। প্রশ্ন: খ. ছয় দফা আন্দোলনকে কেন মুক্তির সনদ বলা হয়?উত্তর: ছয় দফা কর্মসূচি যে কারণে বাঙালি জাতির মুক্তির সনদ: ছয় দফা কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়েছিল। আর মুক্তির সনদ বলার যুক্তি নিচে দেওয়া হলো।১. ছয় দফা ছিল স্বাধীনতা আন্দোলনের উৎসাহদাতা, ২. এটি জাতীয়তাবাদ সৃষ্টিতে প্রেরণা জুুগিয়েছিল, ৩. ছয় দফা স্বৈরশাসকের পতন নিশ্চিতকরণের উপায় দেখিয়ে দেয়, ৪. এটিতে বাঙালি জাতি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, ৫. এটি ছিল ঊনসত্তরের গণ-আন্দোলনের উৎসমূল, ৬. এটি ছিল সত্তরের নির্বাচনে জয়লাভের নিয়ামক। প্রশ্ন: গ. ১৯৬৯ সালের গণ-আন্দোলন কীভাবে গণ-অভ্যুত্থানে রূপ নেয়?উত্তর: ছয় দফা আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা পেশ করেন। এ ছয় দফার মধ্যে নিহিত ছিল বাংলাদেশের মানুষের বহুদিনের আশা-আকাঙ্ক্ষা। তাই এ দফাগুলো পরবর্তী সময় সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে এক সর্বব্যাপী আন্দোলন ও গণজাগরণের সূচনা করে। ছয় দফা ছিল পূর্ব পাকিস্তানের সত্যিকার স্বায়ত্তশাসন পাওয়ার আশ্বাস। ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ এ দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তাই এ দাবি আদায়ের কার্যক্রম সবার অংশগ্রহণে আন্দোলনে রূপান্তরিত হয়। ক্রমে সরকার ভীতসন্ত্রস্ত হয়ে ছয় দফা আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য দমননীতি শুরু করে।অর্থাৎ, ছয় দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা অধিকার বিল, ঠিক তেমনি বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হলো ছয় দফা আন্দোলন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল