নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রিপা নবম শ্রেণীর ছাত্রী। ক্লাসে সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক রফিক স্যার বললেন, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এ প্রক্রিয়া দ্বারা মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়। শিশুর এ সামাজিকীকরণে পরিবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ পরিবারেই তার চরিত্রের ভিত্তিপ্রস্তর রচিত হয়। ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ, বিভিন্ন পরিবেশে এবং পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোর ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ছাড়াও আরও কতগুলো মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাম্প্রতিক সময়ে শিশুর সামাজিকীকরণে গণমাধ্যম বিশেষ করে টেলিভিশনের ভূমিকা তাৎপর্যপূর্ণ।প্রশ্ন: (ক) সামাজিকীকরণ কী?উত্তর: সামাজিকীকরণ: যে সামাজিক প্রক্রিয়ায় মানুষের সামাজিক প্রগতির উন্মেষ ও বিকাশ সাধিত হয় তাকেই সামাজিকীকরণ বলে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, ‘সামাজিকীকরণ প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়।প্রশ্ন: (খ) শিশুর সামাজিকীকরণে পরিবারের অবদান ব্যাখ্যা করো?উত্তর: পরিবারে শিশু জন্মগ্রহণ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের অধিকাংশ সময় মানুষ পরিবারেই অবস্থান করে। পরিবারই মানুষের বেঁচে থাকার উৎস ও প্রেরণাস্বরূপ। অসহায় মানব শিশুর লালন-পালনের গুরুদায়িত্ব পালন করে বলে শিশুর জীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম।বেঁচে থাকার জন্য শিশুর খাদ্যের প্রয়োজন হয়। একটি নবজাতক শিশুর খাদ্যের উৎস তার মা। মায়ের যত্নে এবং পরিবারের অন্যান্য সদস্যের তত্ত্বাবধানে শিশু সুস্থভাবে বেড় ওঠে এবং তার দৈহিক বিকাশ সুন্দর হয়। শিশু অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনায় পতিত হলে পরিবারের সদস্যরা যথোচিত চিকিৎসার ব্যবস্থা করে শিশুর জীবনের নিরাপত্তা বিধান করে।পরিবারের সব সদস্যের যত্ন ও আন্তরিকতায় শিশুর আবেগ, মনোভাব সর্বোপরি তার ব্যক্তিত্ব সুগঠিত হয়। পরিবারের সদস্যরা শিশুর সঙ্গে ভালো আচরণ করলে, তাকে ভালো কাজে উৎসাহিত করলে তার সামাজিক বিকাশ সুষম হয়। এভাবে সুস্থ পারিবারিক পরিমণ্ডলে একজন শিশু দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিকভাবে পরিপূর্ণ বিকাশ লাভ করে।প্রশ্ন: (গ) শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবারের সদস্যদের আন্তসম্পর্ক কতটুকু প্রভাব ফেলে—ব্যাখ্যা করো।উত্তর: শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। কেননা, পিতামাতার মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে তাহলে শিশুরা একটি নির্মল পারিবারিক পরিবেশে নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে সক্ষম হবে। কিন্তু পিতামাতার মধ্যে যদি ঝগড়া-বিবাদ, কলহ ও পারিবারিক অশান্তি লেগেই থাকে তাহলে শিশুদের দৈহিক ও মানসিক উভয় ধরনের সমস্যা দেখা দেয়। ফলে পরে ওই সব শিশু নানা প্রকার অপরাধ কর্মে লিপ্ত হয়। আবার পিতামাতার সঙ্গে শিশুর সম্পর্ক হওয়া দরকার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। পিতামাতার উচিত, পরিবারে এমন একটা আবহ তৈরি করা, যাতে শিশুর তাদের পিতামাতাকে বন্ধু মনে করে এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা পিতামাতার সঙ্গে বিনিময় করে। এতে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে এবং সমাজে সহজ জীবন যাপন করতে পারে। এ ছাড়া পরিবারের শিশুদের মধ্যকার সম্পর্কের ওপর ভিত্তি করেও শিশুদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। সুতরাং এ কথা বলা যায় যে শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবারের সব সদস্যের আন্তসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল