৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের অধ্যায়: ১ এর একটি প্রশ্নোত্তর দেওয়া হলো ।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কবির হোসেনের সঙ্গে রত্নার বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে। গরিব পিতা মেয়ের সুখের কথা ভেবে বিয়ের শর্ত অনুযায়ী ১৬ হাজার টাকা দিয়েছিল জামাইকে। এতে সন্তুষ্ট হতে পারেনি জামাই কবির। সে আরও টাকা আনার জন্য দফায় দফায় রত্নাকে বাবার বাড়ি পাঠায়। তাতে কাজ হয়নি দেখে কবির ও তার পক্ষের লোকজন রত্নাকে নির্যাতন করা শুরু করে। মেয়ের অসহায় অবস্থা দেখে রত্নার বাবা ইউনিয়ন পরিষদে নালিশ করেন। তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত রত্নার বাবা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং রত্নাকে একটি সেলাই মেশিন কিনে দেন।(ক) রত্নার বাবা তাঁর জামাই কবির হোসেনকে ১৬ হাজার টাকা কী হিসেবে দিয়েছেন?উত্তর: রত্নার বাবা রত্নার স্বামী কবির হোসেনকে যৌতুক হিসেবে ১৬ হাজার টাকা দিয়েছিলেন।(খ) রত্না তার স্বামীর ও স্বামীর পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হলো কেন?উত্তর: কবির হোসেনের সঙ্গে রত্নার বিয়ে হয়। রত্নার বিয়েতে বরপক্ষ রত্নার বাবার কাছে যৌতুক হিসেবে ১৬ হাজার টাকা দাবি করে। রত্নার বাবা গরিব মানুষ। তবুও মেয়ের সুখের কথা ভেবে তিনি বিয়ের শর্ত অনুযায়ী কবির হোসেনকে ১৬ হাজার টাকা দেন। রত্নার বিয়ের পর কবির হোসেন ও তার পরিবারের লোভ বেড়ে যায়। কবির রত্নাকে তার বাবার কাছ থেকে আরও টাকা নিয়ে আসার জন্য বাবার বাড়ি পাঠায়। কিন্তু বরপক্ষের অতিরিক্ত টাকার চাহিদা মেটানোর সামর্থ্য রত্নার বাবার ছিল না। অর্থাত্ রত্না খালি হাতে স্বামীর বাড়ি ফিরে আসে। এতে রত্নার ওপর নির্যাতন শুরু করে।(গ) রত্নাকে এ অসহায় অবস্থা থেকে কীভাবে উদ্ধার করা সম্ভব ব্যাখ্যা করো?উত্তর: যৌতুক প্রথাকে একটি মারাত্মক অভিশাপ হিসেবে চিহ্নিত করতে পারি। যৌতুক একটি ঘাতক ব্যাধি। যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পর দাম্পত্যকলহ, স্ত্রী নির্যাতন, স্ত্রী হত্যা ও বিবাহবিচ্ছেদের মতো ঘটনা ঘটে। কন্যাদায়গ্রস্ত দরিদ্র মা-বাবা যৌতুকের দাবি মেটাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়েন। রত্নাকে অসহায় অবস্থা থেকে উদ্ধারের উপায়গুলো নিচে দেওয়া হলো: ১. সামাজিকভাবে জনগণকে সচেতন করে তোলা। ২. যৌতুক প্রথা নিরসনকল্পে আইনি কার্যক্রম জোরদার করা। ৩. যৌতুক লেনদেনকারীদের সামাজিকভাবে বয়কট করা। ৪. নারী নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিষয়টি জানানো। ৫. রত্নার মতো অশিক্ষিত মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। ৬. মেয়েদের শিক্ষার প্রসার ঘটাতে হবে। মেয়েদের আত্মনির্ভরশীল করতে হবে। ৭. নির্দিষ্ট বয়স ছাড়া মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করতে হবে। ৮. স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে বাবার সংসারের অভাব-অনটন মোকাবিলার জন্য মেয়েকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।(ঘ) ‘সেলাই মেশিন ক্রয়ের পদক্ষেপটি রত্নার অসহায়ত্বের অবসান ঘটাবে।’ উক্তিটির মূল্যায়ন করো।উত্তর: নারীসমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে যৌতুক প্রথার অবসান অবশ্যম্ভাবী। নারীকে নিজের ভাগ্য নিজেই গড়ার সুযোগ দিতে হবে। নিতে হবে জীবিকানির্ভর আর্থিক স্বাধীনতার শিক্ষা। আর এ ক্ষেত্রে রত্নার বাবা রত্নাকে সেলাই মেশিন কিনে দেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। কেননা আমাদের সমাজে দেখা যায়, মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে জেনেও পরিবারের পক্ষ থেকে মেয়েদের মানিয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রত্নার বাবা তাঁর মেয়েকে সে পরামর্শ দেননি। বাবার দায়িত্ব হিসেবে প্রাথমিক পর্যায়ে তিনি মেয়ের সুখের কথা চিন্তা করে অন্যায় জানা সত্ত্বেও ১৬ হাজার টাকা যৌতুক দিয়েছেন। কিন্তু এতেও যখন মেয়ের সুখ হলো না, তখন তিনি জামাইকে বাড়তি টাকা না দিয়ে মেয়েকে সেলাই মেশিন কিনে দেন। এর মাধ্যমে দেরিতে হলেও সামাজিক অনাচার যৌতুকের প্রতিবাদ করেন। এর মাধ্যমে রত্না স্বাবলম্বী হওয়ার সুযোগ পেল। সে নিজের সুখ-শান্তির পাশাপাশি তার বাবাকেও সাহায্য করতে পারবে। রত্না একদিকে যেমন সমাজের জন্য দৃষ্টান্তস্বরূপ হবে, তেমনই তাকে দেখে অন্যরাও শিক্ষা নিতে পারবে। সমাজের অসহায় নারীদের আত্মকর্মসংস্থানে সে হবে সমাজের প্রতিনিধি। যৌতুকের কদর্য রূপ সে দেখেছে। আত্মনির্ভরশীল হয়ে সে সমাজের উন্নয়নে মনোনিবেশ করবে।তাই সমাজের সবার উচিত যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। রত্নার বাবার মতো যাতে কাউকে আর অসহায় অবস্থায় পড়তে না হয়, সে জন্য মেয়েদের স্বাবলম্বিতার শিক্ষা প্রথমেই দেওয়া দরকার। এতে রত্নার মতো আর কোনো মেয়েকে স্বামীগৃহে নির্যাতনের শিকার হতে হবে না।