প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:মিনা আধুনিক সভ্যতায় বেড়ে ওঠা সংস্কৃতিমনা মানুষ। কিন্তু মিনার নানি সন্ধ্যা হলেই রাতের খাবার খেয়ে পাশের ঘরে তার জায়ের সঙ্গে বসে গল্প করত। মিনার মা দিনান্তে কাজ শেষে রেডিওতে গান শুনত এবং অবসরে গুন গুন করে গান করত। মিনা কাজ শেষে বাড়ি ফিরে অবসর সময়ে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখে এবং ইন্টারনেটে বন্ধুদের সঙ্গে আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।প্রশ্ন: (ক) সভ্যতা কাকে বলে? উত্তর: সভ্যতা: সভ্যতা বলতে বোঝায় মানুষের সংস্কৃতির একটি নির্দিষ্ট সময়ের গড় ফল। অর্থাৎ মানবসমাজের দীর্ঘ প্রয়াসে প্রাপ্ত সাফল্যের স্তরই হলো সভ্যতা। সমাজবিজ্ঞানী ডন মার্টিন ডেল বলেন, ‘উন্নত ধরনের শিল্পকলা, বিজ্ঞান ও ধর্মেরই সম্মিলিত অর্থে সভ্যতা শব্দটি ব্যবহূত হয়।’প্রশ্ন: (খ) সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা কর।উত্তর: সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষার সাধারণ অর্থ মায়ের ভাষা। মায়ের মুখের ভাষাকে রপ্ত করেই মানুষ মনের ভাব প্রকাশ করে। ভাবের আদান-প্রদানে মাতৃভাষাই যে সর্বোত্তম বাহন, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। শিক্ষার উপযুক্ত মাধ্যম মাতৃভাষা। ভাষা যেকোনো জাতির সাংস্কৃতিক পরিচয়ের মূল। ভাষাকে কেন্দ্র করেই সংস্কৃতি গড়ে ওঠে। কোনো জাতিকে মাতৃভাষাচ্যুত করা হলে, সেই জাতির জাতীয় পরিচয়ের একটি সাংস্কৃতিক চেতনার স্বাতন্ত্র্য আর থাকে না।প্রশ্ন: (গ) মিনার মা ও নানির জীবনবোধের ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।উত্তর: মানুষের জীবনের সব দিকই সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু অর্জন করে, তা-ই সংস্কৃতি। মানুষের জ্ঞান, বিশ্বাস, আচার-ব্যবহার, ভাষা, খাওয়া-দাওয়া, নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি সংস্কৃতির আওতাভুক্ত।মিনার মা ও নানির জীবনবোধের ভিন্নতার কারণ নিচে আলোচনা করা হলো—মিনার মা ও নানি দুজন দুই প্রজন্মের সদস্য। স্বাভাবিকভাবেই এদের মধ্যে জীবনযাপনে পার্থক্য পরিলক্ষিত হবে। মিনার নানি যে সময়ে বেড়ে উঠেছে, তখন চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার মানুষ অন্যদের সঙ্গে মিথষ্ক্রিয়া করাকেই চিত্তবিনোদন হিসেবে মনে করত। তাই মিনার নানি রাতের খাবার শেষ করে পাশের ঘরে তার জায়ের সঙ্গে গল্প করে সময় কাটায়। আবার মিনার মা যখন বড় হয়েছে, তখন চিত্তবিনোদনের ব্যবস্থা হিসেবে বিভিন্ন জিনিসের আবির্ভাব ঘটে। ফলে মিনার মা ও নানির মধ্যে স্বাভাবিকভাবেই একটা পার্থক্য লক্ষ করা যায়। মিনার মা সারা দিনের কাজ শেষ করে রেডিও শুনে সময় কাটায়। এই পার্থক্যের কারণ হলো দুজনের ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা।সুতরাং আমরা বলতে পারি, মিনার মা ও নানির মধ্যে জীবনবোধের যে পার্থক্য, তার কারণ হলো, দুজনে দুটি ভিন্ন সময়ে জীবনযাপন করেছে এবং দুজনের সংস্কৃতি ছিল ভিন্ন।প্রশ্ন: (ঘ) আধুনিক সংস্কৃতির বিকাশে রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের ভূমিকা বিশ্লেষণ কর। উত্তর: আধুনিক সংস্কৃতির বিকাশে রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো— শিক্ষা ও দক্ষতা: রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে মানুষের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি পায়। যেকোনো কাজে শিক্ষা ও দক্ষতা প্রয়োজন। প্রতিনিয়ত মানুষ রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা লাভ করছে এবং তাতে দক্ষ হয়ে উঠছে।মূল্যবোধের বিকাশ: রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে মানুষের মূল্যবোধের বিকাশ ঘটছে। মূল্যবোধের ক্ষেত্রেও এগুলোর প্রভাবে ভিন্নতা সৃষ্টি হয়েছে।সাহিত্য ও শিল্পকলার বিকাশ: রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে সাহিত্য ও শিল্পকলার বিকাশ ঘটে। সুতরাং দেখা যাচ্ছে, সংস্কৃতির বিকাশ সাধনে রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের ভূমিকা অনস্বীকার্য।সভ্যতার বিকাশ: সভ্যতার বিকাশ সাধনে রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। এসব মাধ্যমে বস্তুগত উপাদানের সংবাদ পাওয়া যায়, যার দ্বারা সহজেই সভ্যতার বিকাশ সাধন করা যায়।সংস্কৃতির বিকাশ: রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির আদান-প্রদান হয়। এতে এক দেশের সংস্কৃতি আরেক দেশে চলে যায়। এর ফলে উভয় দেশের সংস্কৃতির বিকাশ ঘটে।শেষে বলা যায়, আধুনিক সভ্যতার বিকাশে রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। এসব মিডিয়া এক দেশের সংস্কৃতিকে অন্য দেশে পৌঁছে দেয়। এর সাহায্যে উভয় দেশের সংস্কৃতির বিকাশ সাধন হয়।