৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও—সামাজিক জীব হিসেবে প্রত্যেক মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, বৃদ্ধি লাভ করে এবং সমাজেই মৃত্যুবরণ করে। সমষ্টিগত স্বার্থ এক বা অভিন্ন থাকার কারণে সমাজ গড়ে ওঠে। পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, সহযোগিতা, নির্ভরশীলতা, সংঘবদ্ধতা প্রভৃতি মানুষকে এ কাজে উদ্বুদ্ধ করেছে। কাজেই মানুষকে নিয়ে চিন্তা করতে হলে, সমাজকে নিয়ে ভাবতে হবে আবার সমাজকে নিয়ে ভাবতে হলে সমাজের অন্যান্য উপাদান নিয়ে ভাবতে হবে। আদিম সমাজের মানুষেরা ছিল প্রকৃতিনির্ভর অসহায় জনগোষ্ঠী। তাদের জীবন ছিল সহজ-সরল প্রকৃতির। তারা নিজেদের প্রয়োজনে দ্রব্য বিনিময় করত।প্রশ্ন: (ক) সমাজ কী?উত্তর: সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সমাজবিজ্ঞানী জিসবার্ট (Gisbert) তাঁর বলেছেন, ‘সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত।’প্রশ্ন: (খ) সমাজের দুটি উপাদান ব্যাখ্যা করো।উত্তর: সমাজের দুটি উপাদান হলো—১. সহযোগিতা: সহযোগিতা হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ, সহযোগিতা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। পারস্পরিক সহযোগিতা হলো সমাজের ভিত্তি।২. পরস্পর নির্ভরশীলতা: সমাজের মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। কারণ, মানুষ একা বাঁচতে পারে না।সুতরাং বলা যায়, সহযোগিতা ছাড়া মানুষ বাঁচতে পারে না। পরস্পর নির্ভরশীল হয়ে মানুষ তাদের জীবন পরিচালনা করে। কাজেই এ দুটি বিষয় সমাজের গুরুত্বপূর্ণ উপাদান।প্রশ্ন: (গ) পারস্পরিক সহযোগিতা বোধ একটি আদর্শ সমাজ গঠনে কীভাবে সহায়তা করে ব্যাখ্যা করো।উত্তর: কোনো নির্দিষ্ট অঞ্চলে যখন কোনো জনসমষ্টি সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন সেখানে একটি সমসাজ গড়ে ওঠে। আর এ সমাজকে টিকিয়ে রাখার জন্য এবং সামাজিক ব্যবস্থাকে একটি আদর্শ রূপদানের জন্য সমাজের প্রতিটি মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বোধ থাকা খুবই জরুরি। আমরা জানি, সমাজে মানুষ একা বাস করতে পারে না। বসবাসের জন্য সে সঙ্গী খোঁজে। এটাই মানুষের ধর্ম। তাই সমাজে বসবাসরত প্রতিটি মানুষের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা বোধ না থাকে তবে সমাজ টিকে থাকতে পারবে না। সমাজের কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। মানুষ তার দৈনন্দিন জীবনের প্রতিটি চাহিদা নিজে পূরণ করতে পারে না এ জন্য তাকে সমাজের অন্য মানুষের শরণাপন্ন হতে হয়। এ ছাড়া সমাজের প্রতিটি মানুষ যদি একে অপরের বিপদে-আপদে এগিয়ে না আসে তাহলে সমাজে একটি হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হবে। ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। তাই, একটি আদর্শ সমাজ গঠনে সমাজের প্রতিটি মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বোধ থাকা খুব জরুরি।প্রশ্ন: (ঘ) ‘আদিম মানুষ ছিল প্রকৃতিনির্ভর’—উক্তিটির সপক্ষে যুক্তি দেখাও।উত্তর: ‘আদিম মানুষ ছিল প্রকৃতিনির্ভর’—কিছু সুনির্দিষ্ট যুক্তির মাধ্যমে উক্তিটির যথার্থতা নিরূপণ করা যেতে পারে। আদিম মানুষ পাথর, গাছের ডালপালা, পশুর শিং, হাড় কিংবা শিকারি কুকুরকে খাদ্য সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফলমূল সংগ্রহ, পশু ও মাছ শিকার করলেও বেঁচে থাকার প্রশ্নে ঝুঁকিমুক্ত ছিল না। এসব দুর্বল হাতিয়ারের সাহায্যে খাদ্য সংগ্রহের কোনো নিশ্চয়তা ছিল না। ফলে প্রতিনিয়ত আদিম মানুষ খাদ্যসংকটে পড়ত। অর্ধাহার কিংবা অনাহারের জীবন মানুষকে বিপন্ন করে তুলত। রোগের আক্রমণের ফলে আদিম মানুষ ছিল খুবই অসহায়। রোগের বিরুদ্ধে তখনকার মানুষ কোনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারত না। রোগের প্রতিকার সম্পর্কেও মানুষ কিছুই জানত না। ফলে অজানা রোগ-শোক ও মহামারিতে মারা যেত অসংখ্য মানুষ। পশু শিকারের জন্য মানুষ বনে যেত। বন্য প্রাণী শিকারের জন্য মানুষ ব্যবহার করত পাথর ও গাছের ডালের তৈরি অনুন্নত হাতিয়ার। আদিম মানুষের উদ্ভাবিত হাতিয়ারগুলো বন্য ও হিংস্র প্রাণী শিকারে তেমন কার্যকর না হওয়ায় অহরহ বন্য প্রাণীর আক্রমণে মানুষ মারা যেত। বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় এসব প্রাকৃতিক দুর্যোগ আদিম মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলত। এসব প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। খাদ্য সংগ্রহের জন্য, বন্য প্রাণী কিংবা রোগ-শোকের বিরুদ্ধে মানুষকে নিরন্তর অসহায় ভঙ্গিতে লড়াই করতে হতো। ওই লড়াইয়ে মানুষের বেঁচে থাকাটা ছিল একেবারেই অনিশ্চিত। কেননা, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো কৌশল তখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি। তাই বলা যায় যে আদিম মানুষের জীবন প্রকৃত অর্থেই ছিল প্রকৃতিনির্ভর।