অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. যতীন দত্তের এ ধরনের কার্যক্রমের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কারের মধ্যে কোনো মিল পাওয়া যায় কি? বিশ্লেষণ করো। উত্তর: ঘ. উদ্দীপকে উল্লিখিত যতীন দত্তের কার্যক্রমের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ সংস্কার কার্যক্রমের সঙ্গে মিল পাওয়া যায়।সমাজপতিরা ধর্মীয় আচারের অজুহাতে ফুলমতিকে যখন সহমরণের জন্য উৎসাহিত ও চাপ দিতে থাকে, তখন শিক্ষিত ও সমাজ সচেতন যতীন দত্ত এর তীব্র বিরোধিতা করেন এবং সহমরণ থেকে ফুলমতিকে রক্ষা করেন। সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি ফুলমতির সঙ্গে তাঁর ছেলের বিয়ে দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ১৮৭০ সালে তাঁর পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে এক বিধবা নারীর বিয়ে দেন। এ বিয়ের ফলে সমাজসংস্কারের ক্ষেত্রে এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়। উদ্দীপকে বর্ণিত হরিদাস মালো তাঁর বড় মেয়ে ফুলমতিকে এক বৃদ্ধ যক্ষ্মা রোগী পলানের সঙ্গে বিয়ে দেন। পাঁচ বছর পর পলান দাস যখন মারা যায় তখন ফুলমতি বিধবা হয়ে যায়। কুসংস্কারাচ্ছন্ন সমাজপতিরা ধর্মীয় আচারের অজুহাতে ফুলমতিকে সহমরণের জন্য চাপ দিতে থাকে। আর তখন এগিয়ে আসেন শিক্ষিত ও সমাজ সচেতন যতীন দত্ত। ভারত উপমহাদেশের মানুষ যখন কুসংস্কার আর গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে চলছিল তখন আভিজাত্যের উচ্চ প্রাচীরকে ধূলিসাৎ করে দিয়ে কুসংস্কারের প্রাচীর থেকে বেরিয়ে উল্কার মতো এগিয়ে আসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বহুবিবাহ, বাল্যবিবাহ প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে আন্দোলন গড়ে তোলেন। বিধবা বিবাহ বৈধকরণ ও প্রবর্তন তাঁর জীবনের অক্ষয় কীর্তি। শিক্ষা ও সমাজসংস্কারের অমূল্য অবদান রেখে ১৮৯১ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন। উদ্দীপকের যতীন দত্তের কার্যক্রম তাঁর অবদানকে আবারও স্মরণ করিয়ে দেয়।