অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. যানবাহন ও কলকারখানার সংখ্যা বৃদ্ধি এবং বনভূমির পরিমাণ হ্রাসের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে চাচার বক্তব্যের গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ঘ. শিল্পবিপ্লবের পর থেকে শিল্পকারখানা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি তথা নগরায়ণই ও শিল্পায়নের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের জন্য একটি উদ্বেগজনক বিষয়। নগরায়ণ ও শিল্পায়নের ফলে একদিকে যেমন বায়ুতে ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে, অন্যদিকে নগরায়ণ ও শিল্পায়ন করতে গিয়ে ধ্বংস করা হচ্ছে পরিবেশ নির্মল রাখার উপাদান বনভূমিকে। ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নানা প্রভাব পড়ছে। দীর্ঘমেয়াদি এসব প্রভাবের মধ্যে গ্রিন হাউস প্রতিক্রিয়া অন্যতম। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এতে করে বাংলাদেশের মতো অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাবে। গ্রিন হাউসের প্রভাবে দেখা দেবে খরা ও বন্যা। ফলে সৃষ্টি হবে খাদ্য সংকট। আর খাদ্য সংকট হলে দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ মারা যাবে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন তৈরি হয় গাছপালা থেকে। কিন্তু বনভূমি ধ্বংস ও CO2-এর পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দেবে, যা পৃথিবীতে মনুষ্য বসতিকে হুমকির মুখে ঠেলে দেবে। সুতরাং চাচা যথার্থই বলেছেন, যানবাহন ও কলকারখানার সংখ্যা বৃদ্ধি এবং বনভূমির পরিমাণ হ্রাসের দীর্ঘমেয়াদি প্রভাবে এ সুন্দর পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে ধ্বংসের মুখে পতিত হবে।