সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।স্বপ্না পরীক্ষা শেষে ঢাকায় বেড়াতে এসেছে। ঢাকার দর্শনীয় স্থানগুলো দেখতে যাওয়ার সময় সে লক্ষ করল, কিছুক্ষণ পর পরই তার নাকে দুর্গন্ধ আসছে। এরপর তার চোখে জ্বালা-পোড়া ও পানি পড়তে লাগল। প্রশ্ন: ক. ওজোন ঢাল কাকে বলে? প্রশ্ন: খ. শিল্পায়ন বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. স্বপ্নার চোখে জ্বালা-পোড়ার কারণ কী? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকে বর্ণিত দূষণ রোধকল্পে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় বলে তুমি মনে করো? উত্তর: ক. ভূপৃষ্ঠের ২৫ থেকে ৩০ কিলোমিটার ওপরে ও বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের একটি ঘন স্তর আছে, যা পৃথিবীকে চারদিক থেকে ঢেকে রেখেছে তাকে ওজোন ঢাল বলে। উত্তর: খ. মানুষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা ও যন্ত্রপাতি স্থাপন করাকে শিল্পায়ন বলে। শিল্পায়নের লক্ষ্যেই পৃথিবীতে গড়ে উঠেছে নানা ধরনের শিল্পকারখানা। আগে মানুষ প্রাকৃতিকভাবে প্রাপ্ত জিনিসের ওপর বেশি নির্ভর করত। কিন্তু মানবসভ্যতা উন্নয়নের সঙ্গে তাল রেখে শিল্পায়নও দ্রুত উন্নততর হচ্ছে। উত্তর: গ. স্বপ্নার চোখে জ্বালা-পোড়ার কারণ মূলত বায়ু দূষণ। বায়ু বিভিন্ন প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট কারণে দূষিত হয়। কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ময়লা-আবর্জনা থেকে বের হওয়া দুর্গন্ধ বায়ুকে দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফারডাই অক্সাইড ও আরও নানা ধরনের ক্ষতিকারক বায়বীয় পদার্থ থাকে। এসব গ্যাস স্বপ্নার চোখে প্রবেশ করে চোখ জ্বালা-পোড়া করে এবং চোখ দিয়ে পানি পড়ে। উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত দূষণটি বায়ু দূষণ। বায়ু দূষণ রোধকল্পে নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া উচিত: ১. শিল্পকারখানা আবাসিক এলাকা থেকে দূরে স্থাপন করা। ২. বৃক্ষ নিধন বন্ধ এবং বেশি করে বন সৃষ্টি করা। ৩. যানবাহনে সিএনজি ব্যবহার করা।৪. ইটের ভাটা ও কলকারখানার চিমনি অনেক উঁচু করে দেওয়া। ৫. ফসলের খেতে কীটনাশক, ছত্রাকনাশক, রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ করে জৈবিক নিয়ন্ত্রণ ও জৈব সার ব্যহার করা। ৬. বায়ু থেকে ধুলা ও ধোঁয়া অপসারণের ব্যবস্থা করা। ৭. কলকারখানা থেকে নির্গত বর্জ্য ও ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ করা। ৮. ক্ষতিকর পরাগরেণুর উদ্ভিদ চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা। ৯. যানবাহনে সিসামুক্ত জ্বালানি ব্যবহার করা। ১০. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলা। ১১. বায়ু দূষণের উৎস ও ক্ষতিকর প্রভাব সম্বন্ধে জনসাধারণকে অবহিত করা ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে উদ্বুদ্ধ করা।