৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘অর্থনৈতিক জীববিদ্যা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। রশিদ সাহেবের বাড়ির কাছাকাছি গাছপালায় আবৃত ও ২ মিটার গভীর একটি পুকুর আছে। পুকুরটিকে লাভজনক করার জন্য তিনি কিছু কার্প-জাতীয় মাছ ছাড়লেন। কিন্তু সম্প্রতি পুকুরের কাছাকাছি একটি কারখানা স্থাপিত হওয়ায় এর বর্জ্য পানিতে পড়ছে। এতে রশিদ সাহেব মাছের আশানুরূপ উৎপাদন নিয়ে চিন্তিত হয়ে পড়েন।ক. অর্থনৈতিক প্রাণিবিদ্যা কাকে বলে? খ. রাক্ষুসে মাছ বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের পুকুরটি আদর্শ পুকুর কি না, তা ব্যাখ্যা করো।ঘ. বর্ণিত পুকুরে মাছের উৎপাদন সম্পর্কে মূল্যায়ন করো। উত্তর: ক. প্রাণিবিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়, তাকে অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান বলে।উত্তর: খ. যেসব মাছ অন্য মাছ খেয়ে জীবন ধারণ করে, তাদের রাক্ষুসে মাছ বলে। রাক্ষুসে মাছকে শিকারি মাছও বলা হয়। রাক্ষুসে মাছের মধ্যে রয়েছে মাগুর, বোয়াল, শোল ইত্যাদি।উত্তর: গ. যেসব পুকুর মাছ চাষের যোগ্য, তাকে আদর্শ পুকুর বলে। আদর্শ পুকুরের গভীরতা ৩ মিটার হতে হবে, আলো-বাতাসপূর্ণ হবে, পাড় উঁচু হতে হবে। উদ্দীপকের পুকুরটি আদর্শ পুকুর নয়। কারণ, এই পুকুরের গভীরতা দুই মিটার না হয়ে তিন মিটার হতে হবে। পুকুরের পাড় গাছপালা দিয়ে ঘিরে রাখা যাবে না। পুকুরের চারপাশ খোলামেলা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলো-বাতাসযুক্ত হতে হবে। পুকুরের পাশে কোনো কারখানা থাকা যাবে না। কারণ, কারখানার বর্জ্য পদার্থ পানি দূষিত করে। আদর্শ পুকুর হতে হলে পুকুরে প্রচুর পরিমাণ প্ল্যাংকটন-জাতীয় খাদ্য থাকতে হবে, পর্যাপ্ত পানি থাকতে হবে, পানি ঠান্ডা রাখার জন্য গ্রীষ্মে কলমিলতা-জাতীয় জলজ উদ্ভিদ থাকতে হবে। উত্তর: ঘ. কারখানার বর্জ্য পদার্থ পুকুরের পানি দূষিত করে। যে পানিতে রাসায়নিক বর্জ্য পদার্থ মিশে পানিকে ব্যবহারের অনুপযোগী করে ফেলে, তাকে দূষিত পানি বলে। পুকুরের পাশে কারখানা স্থাপন করার কারণে কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ পানিতে মিশে পুকুরের পানি দূষিত করে ফেলবে। এ কারণে পুকুরটি মাছ চাষের অনুপযোগী হয়ে পড়বে। পানি দূষিত হলে শেওলাসহ অন্যান্য জলজ উদ্ভিদ জন্মাতে পারবে না। জুয়োপ্ল্যাংকটন না থাকলে ছোট মাছ ও বড় মাছ খাবার পাবে না। ফলে তাদের বৃদ্ধি ব্যাহত হবে, প্রজননক্ষমতা হ্রাস পাবে এবং বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হবে। এতে পুকুরের বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাবে। এ কারণে পুকুরে মাছের উৎপাদন কমে যাবে।