অধ্যায়-১৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায়ের অর্থনেতিক জীববিদ্যা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।সুতা উৎপাদনকারী কারখানার মালিক রশিদ সাহেব প্রতি মৌসুমেই কাঁচামাল হিসেবে তুলা, পাট, বাঁশ ইত্যাদি উপকরণ ক্রয় করে থাকেন। তিনি সিদ্ধান্ত নিলেন, কিছু অনাবাদি জমিতে এসব চাষ করবেন। অর্থনৈতিক উন্নয়নে এসব উদ্ভিদের অবদান গুরুত্বপূর্ণ। ক. অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান কাকে বলে? খ. রাজকীয় জেলি বলতে কী বোঝ? গ. বর্ণিত উদ্ভিদগুলোর ব্যবহার উল্লেখ করো। ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে বর্ণিত উদ্ভিদগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর: ক. অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান: প্রাণিবিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণীদের সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয় তাকে অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান বলে। উত্তর: খ. রাজকীয় জেলি একধরনের পুষ্টিকর খাবার, যা রাজা বা রানি মৌমাছিদের লার্ভা অবস্থায় খাওয়ানো হয়। এটি অত্যন্ত পুষ্টিকর খাবার, যা খেয়ে রাজা ও রানি লার্ভারা তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এবং দ্রুত পূর্ণাঙ্গতা লাভ করে। কর্মী মৌমাছিরা ফুলের মৌয়ের সঙ্গে তাদের মুখ ও উদরের লালা মিশিয়ে বিশেষভাবে রাজকীয় জেলি তৈরি করে থাকে। উত্তর: গ. বর্ণিত উদ্ভিদগুলো তুলা, পাট ও বাঁশ। তুলাগাছ সুতা তৈরি এবং বিভিন্ন প্রকার সুতি কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। পাট কাপড়, কার্পেট, চট ইত্যাদি তৈরিতে ব্যবহূত হয়। শণ পাট মোটা কাপড়, তাঁবুর কাপড়, পর্দার কাপড়, টিস্যু পেপার, সিগারেটের কাগজ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। বাঁশের কাণ্ড থেকে রাসায়নিক প্রক্রিয়ায় কৃত্রিম সুতা রেয়ন তৈরি করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রকার বস্ত্র উৎপাদনের কাজে বাঁশের আঁশ ব্যবহার করা হয়। উত্তর: ঘ. বর্ণিত উদ্ভিদগুলো তুলা, পাট ও বাঁশ বস্ত্র উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে কৃষিজাত পণ্য রপ্তানি করা হচ্ছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি হচ্ছে তৈরি পোশাকশিল্প। এর অধিকাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরশীলতা কমে এসেছে। এর প্রধান কারণ হচ্ছে দেশে চাষাবাদকৃত বস্ত্র উৎপাদনকারী উদ্ভিদ সহজলভ্য এবং দামেও কম হওয়ায় তৈরি পোশাকশিল্পের মালিকেরা এখন স্থানীয় বাজারের দিকে নজর দিচ্ছেন। এসব বস্ত্র উৎপাদনকারী উদ্ভিদের মধ্যে তুলা, পাট ও বাঁশ উল্লেখযোগ্য। এসব উদ্ভিদের আঁশ থেকে সুতা, কাপড়, কার্পেট, চট, মোটা কাপড়, তাঁবুর কাপড়, পর্দার কাপড়, রেয়ন ইত্যাদি তৈরি হয়। এগুলো থেকে প্রস্তুতকৃত কাপড়ের স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বস্ত্র উৎপাদনে ও বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে বর্ণিত উদ্ভিদগুলোর গুরুত্ব অপরিসীম।