বইপড়াপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্রের বই পড়া প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো। প্রশ্ন: নিচের উদ্দিপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা, তারপর তার শবচ্ছেদ করা এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা। এসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে, কারও মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়। কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতে বেতও নয়।ক. লেখক কাকে মনগঙ্গার তোলা জল বলেছেন?খ. লেখকের মতে, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কেন?গ. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত ‘বইপড়া’ প্রবন্ধের সাদৃশ্যগুলো চিহ্নিত করো।ঘ. ‘কারও মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়। কাউকে শিক্ষা দেওয়াও নয়।’—কথাটি ‘বইপড়া’ অবলম্বনে মূল্যায়ন করো।উত্তর: ক. দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনগঙ্গার তোলা জল।উত্তর: খ. শিক্ষা কোনো পণ্য নয় বলে তা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষা মূলত গ্রহণের জিনিস, দানের জিনিস নয়। কেননা, মনোরাজ্যের দান গ্রহণসাপেক্ষে শিক্ষা হলো মনোরাজ্যের ঐশ্বর্য। তাই শিক্ষার্থীর গ্রহণের ওপরই নির্ভর করে শিক্ষালাভ। শিক্ষক কেবল শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন। অর্থাৎ ছাত্রকে শিক্ষা নিজে অর্জন করে নিতে হয়। তাই লেখকের মতে, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।উত্তর: গ. মানুষ বই পড়ে আনন্দের জন্য। বই আনন্দের প্রতীক। সাহিত্যের উদ্দেশ্যও আনন্দদান। লেখকও সাহিত্য রচনা করেন পাঠককে নিছক আনন্দদানের জন্য। তাই শিক্ষা দান করা সাহিত্যের উদ্দেশ্য নয়। কিন্তু সাহিত্য কখনো পাঠকের মনোরঞ্জন তথা মনঃতুষ্টির জন্য রচিত হয় না। সাহিত্য কারও মনোরঞ্জন করে না বিধায় সাহিত্যের ওপর অবিচার করে শিক্ষকসমাজ। শিক্ষক কাব্য-সাহিত্য বিজ্ঞানাগারে নিয়ে ব্যবচ্ছেদ করে বধ করেন। কাব্য-সাহিত্য বধ করে তাঁরা শিক্ষার তত্ত্ব আবিষ্কার করেন। সাহিত্য গুরুর হাতে বেতের শাসনে চলে না, চলে না ছেলের হাতে খেলনা হিসেবে। মূলত সাহিত্য মনোজগতে মানুষের নিরন্তর আনন্দ দান করে চলে।সাহিত্য প্রসঙ্গে উদ্দীপকের এই ব্যাখ্যার সঙ্গে ‘বইপড়া’ প্রবন্ধেও যথাযথ মিল লক্ষ করা যায়। মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে। মানুষের মনকে সরাগ, সচল ও সমৃদ্ধ করার ভার সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে, শিক্ষার প্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা। সাহিত্যচর্চা স্কুল-কলেজে হয় না, লাইব্রেরিতে হয়। সুশিক্ষা লাইব্রেরি থেকে পাওয়া যায় বলে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষক ছাত্রকে শিক্ষা অর্জন করার সক্ষমতা জাগিয়ে তোলেন। স্কুল-কলেজের শিক্ষা যথার্থ নয় বলে লেখক লাইব্রেরির মাধ্যমে সাহিত্য তথা বই পড়ার পরামর্শ দিয়েছেন। কেননা, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। আর এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। এ আলোচনা দ্বারা উদ্দীপক ও ‘বইপড়া’ প্রবন্ধের মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য ফুটে ওঠে।উত্তর: ঘ. কোনো মানুষ কিংবা কোনো জাতি আনন্দ ছাড়া বেঁচে থাকতে পারে না। সে জন্য তারা আনন্দের উৎসপানে ছুটে চলে। বই তথা সাহিত্য মানুষকে নির্মল আনন্দ দান করে। অথচ অর্থকরী নয় বলেই অধিকাংশ মানুষ সাহিত্য পড়ে না। বই পড়ার অভ্যাস কমে গেছে মূলত শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা যথাযথ নয় বলেই মানুষ বই পড়ে না। অথচ এ কথা চিরন্তন সত্য, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাই যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। আর এ জন্য চাই লাইব্রেরি। স্কুল-কলেজের চেয়ে লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায়, স্বাচ্ছন্দ্যচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। লাইব্রেরিতে বসেই মানুষ স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিতে যেতে পারে। কেননা, শিক্ষা অর্জন করে নেওয়ার বিষয়, শিক্ষাদানের বিষয় নয়। সুতরাং সাহিত্য কাউকে শিক্ষা দেয় না। এমনকি কারও মনের সন্তুষ্টি বিধান করে না। সাহিত্যের কাজ শুধু নিছক আনন্দ দান করা।উদ্দীপকের এ বক্তব্যের সঙ্গে ‘বইপড়া’ প্রবন্ধের লেখকও সম্পূর্ণ একমত। তার মতে, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষক ছাত্রকে মনের ঐশ্বর্যের সন্ধান দিয়ে শিক্ষা অর্জন করে নিতে সক্ষমতা সৃষ্টি করে দিতে পারে মাত্র। তাই শিক্ষা নিজে অর্জন করার বিষয়। সে জন্য শিক্ষকের মতো সাহিত্যের ওপরও শিক্ষার ভার ন্যস্ত নয়। শিক্ষক ক্ষেত্রবিশেষে ছাত্রের মনোরঞ্জন করলেও প্রকৃত শিক্ষকের কাজ তা নয়। তেমনি সাহিত্য কখনো কারও মনোরঞ্জন করে চলে না। এমনকি গুরু-শিক্ষকের মতো প্রচলিত শিক্ষা দানও করে না। তাই উদ্দীপক ও ‘বইপড়া’ প্রবন্ধের আলোকে সাহিত্যের কাজ হলো নিরন্তর পাঠকের নিছক আনন্দ দান করে যাওয়া।