সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।ছুটি প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নান্নু গ্রাম থেকে আসা এক গার্মেন্টসকর্মী। জীবনের তাগিদে সে ঢাকার আশুলিয়ায় কাজ করে। ছোট বোনের লেখাপড়ার খরচসহ মা-বাবাকে কিছু টাকা পয়সা দেয় সে। ছুটির দিনে বাইরে বেড়াতে গেলে প্রিয় মানুষগুলোর মুখ তার খুব মনে পড়ে। ইট-কাঠের শহর ছেড়ে যখন সে দূরের আকাশ বা মাঠ দেখে, তখন তার শৈশবে ফেলে আসা গ্রামীণ জীবনের কথা মনে পড়ে। শহরে কাজ করলেও তার মন পড়ে আছে শৈশবের সেই বেতালপাড়া গ্রামে।প্রশ্ন: ক. ‘ছুটি’ গল্পে কতজন পুলিশের কথা উল্লেখ রয়েছে?খ. ‘মা, এখন আমার ছুটি হয়েছে’—কথাটি ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের নান্নুর সঙ্গে ‘ছুটি’ গল্পের ফটিকের বৈসাদৃশ্য তুলে ধরো।ঘ. ‘শুধু গ্রামীণ মায়া নয়, ‘ছুটি’ গল্প জীবনের আরও গভীরকে নির্দেশ করে’ মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. ছুটি গল্পে দুজন পুলিশের কথা উল্লেখ রয়েছে।উত্তর: খ. ‘মা, এখন আমার ছুটি হয়েছে’—কথাটি দ্বারা ফটিক চক্রবর্তীর মৃত্যুর আবেগময়তা প্রকাশ পেয়েছে।দুরন্ত ফটিক মামার সঙ্গে কলকাতায় আসার পর থেকেই গ্রামীণ জীবন তাকে টেনে নিয়ে যেত তার নিজ গ্রামে। গ্রামে ছুটে যাওয়ার আকুলতায় মামাকে বারবার তাগিদ দিত এই বলে, ‘মামা, কবে ছুটি হবে!’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই বাবাহারা ফটিকের মা-ভাইয়ের কাছে তথা সেই মনভোলানো গ্রামে আর যাওয়া হলো না। জীবন থেকে সে চিরতরে ছুটি পেয়েছিল বলেই সে বলেছিল, ‘মা, এখন আমার ছুটি হয়েছে, আমি এখন বাড়ি যাচ্ছি।’উত্তর: গ. জীবনযাত্রার মান ও পেশাগত দিক থেকে নান্নুর সঙ্গে ফটিকের বৈসাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের নান্নু গ্রাম থেকে আসা শহরের গার্মেন্টসকর্মী। উপার্জনকৃত অর্থ দিয়ে তার সংসার চালাতে হয়। মা-বাবা ও ছোট বোন বিদ্যমান, কিন্তু ‘ছুটি’ গল্পে ফটিকের মধ্যে আমরা এর উল্টো পিঠ দেখি।ফটিক বাবাহারা সন্তান। ছোট ভাইটি থাকে মায়ের সঙ্গে। মামার সাথে কলকাতায় আসার পর তার গ্রামের জীবনের জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। কখনো স্কুল থেকে অথবা বদ্ধ ঘর থেকে কল্পনা করে। সে কখনো উপার্জন করেনি বা তার কোনো ছোট বোন নেই। শহুরে জীবনে অতিষ্ঠ ফটিক একবার পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু ইচ্ছা করে উদ্দীপকের নান্নুর মতো বাইরে বেড়াতে যেতে পারেনি। নান্নু একাকী ছিল, কিন্তু ফটিকের মামা-মামি, মামাতো ভাই ছিল। জীবনসংগ্রামে নান্নু যেমন পেশা বেছে নিয়েছে, ফটিক তা নেয়নি, সে একজন স্কুলপড়ুয়া ছাত্র। উভয়ের ক্ষেত্রে আমরা জীবনযাত্রার মান ও পেশাগত ধরনের বৈসাদৃশ্য দেখতে পাই।উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ছুটি’ গল্পে জীবনের দার্শনিক সত্য ফুটে উঠেছে বিভিন্নভাবে, যা ফটিক চক্রবর্তীর মাধ্যমে প্রকাশ পেয়েছে।উদ্দীপকে নান্নু যেমন গ্রাম্য ছেলে, গল্পের ফটিকও তেমন গ্রাম্য দুরন্ত ছেলে। আবেগের বশে ডানপিটে এই বালক মামার সঙ্গে কলকাতা শহরে চলে যায়। শহুরে জীবনের সঙ্গে ফটিকের মিল হয়নি যেমন, তেমন জীবনের সঙ্গে শেষ পর্যন্ত সে জিততে পারেনি।একজন ১৩-১৪ বছরের কিশোরের হাসি-আনন্দ, জীবনসম্পর্কিত ভাবনা ও তার পরিবেশে টিকে থাকার যা যা প্রয়োজন, ফটিকের মাধ্যমে গল্পকার তা তুলে ধরেছেন ছুটি গল্পে। গ্রামীণ জীবনের মায়াটান আর শহুরে জীবনের বৈপরিত্য পরিবেশ ফটিকের ভেতরে যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করেছে, তা যেন আমাদের ব্যক্তিগত জীবনানুভূতিরই বহিঃপ্রকাশ।উদ্দীপকের নান্নু জীবনের তাগিদে শহরে এসে জীবনযাপনের ক্ষণে তার গ্রাম ও তার প্রিয় মানুষগুলোর মুখ মনে পড়ে, কিন্তু ফটিকের জীবনে সেই গ্রামের নদী, সহপাঠী, খেলার সাথী, মা, ছোট ভাই—সবই যেন অন্তরের উপলব্ধি। শহুরে জীবনে মামির অন্তর্পীড়ন, অবহেলা আর চরম একাকিত্বে একজন ১৩-১৪ বছর বয়সী বালকের তীব্র মনঃকষ্ট সৃষ্টি করে। ভাবনার সঙ্গে সঙ্গে একজন বালক ক্রমেই নিজের ভেতর থেকে নিজেকে হারাতে বসে। নাগরিক চেতনায় লদ্ধ দুরন্ত কিশোর মৃত্যুকেই শেষ পর্যন্ত সঙ্গী করে নেয়। জীবনের এই অন্তর্নিহিত তাৎপর্যময় বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছুটি গল্পে ফুটিয়ে তুলেছেন। জীবনের ক্ষেত্রে একজন মানুষ তার নির্দিষ্ট পরিসীমা, ভৌগোলিক অবস্থান ও সময়ের দায়বোধেই যে টিকে থাকতে পারে, ছুটি গল্পে সেই দার্শনিক সত্যই ফটিক চক্রবর্তীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে গ্রামীণ চেতনাবোধই মুখ্য হয়ে ওঠেনি।