অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের অধ্যায়-২ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রফিক স্যার নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ক্লাসে বললেন, ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এ আন্দোলন পূর্ব পাকিস্তানিদের ঐক্য ও স্বাধীনতার চেতনা দিয়েছে। যার ফলে সৃষ্টি হয়েছে বাঙালি জাতীয়তাবোধ। এ জাতীয়তাবোধ এবং ছয় দফা আন্দোলন স্বাধিকার আন্দোলনে অপরিমেয় শক্তি জুুগিয়েছে। আর তাতে বলীয়ান হয়ে এ দেশের কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র-জনতা সবাই ঐক্যবদ্ধ এক সশস্ত্র মুক্তি সংগ্রামে অংশ নেয়। প্রশ্ন: ক. জাতীয়তাবোধ কী? উত্তর: একটি জাতি, জাতির ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি জাতির উপলব্ধি, অনুভূতি ও বিশ্বাসই হচ্ছে জাতীয়তাবোধ। জাতীয়তাবোধ একটি জাতির ঐক্য, শক্তি ও সংহতির প্রতীক। দেশের প্রতি জনগণের মমত্ববোধ, সহানুভূতি, সহমর্মিতা, সহনশীলতা, মায়া-মমতা ও অনুভূতিপ্রবণতাই হচ্ছে জাতীয়তাবোধ। প্রশ্ন: খ. ভাষা আন্দোলনকে কেন বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের আবির্ভাব। স্বাধীনতার অব্যবহিত পরেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলাকে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে দাবিয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়। যার প্রথম আঘাত আসে ভাষার ওপর। পূর্ব বাংলার জনগণ এর প্রতিবাদের মাধ্যমেই তাদের আন্দোলন শুরু করে। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৫২ সাল পর্যন্ত দীর্ঘ পথপরিক্রমায় বাঙালিরা তাদের ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করে এবং উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্তকে রুখে দিয়ে বাংলাকে তার মর্যাদায় অধিষ্ঠিত করে। এ ক্ষেত্রে এ দেশের জনগণ তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি। আর তাই ভাষা আন্দোলনের মাধ্যমেই যেহেতু এ জাতি আমাদের অধিকার অর্জনে আন্দোলনের সূত্রপাত করে, তাই ভাষা আন্দোলনকে বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন বলা হয়। প্রশ্ন: গ. ভাষা আন্দোলন কীভাবে স্বাধিকার আন্দোলনে রূপ লাভ করে, তা ব্যাখ্যা করো? উত্তর: ভাষা আন্দোলন যেভাবে স্বাধিকার আন্দোলনের রূপলাভ করে: ১৯৫২ সালের ভাষা আন্দোলন পরবর্তী সব রাজনৈতিক আন্দোলনে প্রেরণা দান করে। ভাষা আন্দোলন থেকে পাওয়া জাতীয়তাবাদী চেতনায় জাগ্রত হয়ে বাঙালি প্রথমে আইয়ুব সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন শুরু করে। এ আন্দোলনের পরিণতিতে ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। ইয়াহিয়া খানের চরম দমননীতির মুখেও বাঙালিরা উদ্যম হারায়নি। অবশেষে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। মূলত ভাষা আন্দোলনের মধ্য দিয়েই নিজেদের অধিকারের প্রশ্নে সচেতন হয়ে পড়েছিল সমাজ। এ চেতনার কারণেই পাকিস্তানি শাসকদের অন্যায় শাসনের ব্যাপারে সতর্ক হয়ে পড়ে বাঙালি সমাজ। আর এ চেতনা থেকেই পরবর্তী সময় আন্দোলনের সূচনা হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল