প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তরটি পড়বে।নিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রফিক ধর্ম ক্লাসে শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার ইসলাম কী? শিক্ষক আবু তাহের বললেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রফিক বলল, ইসলামে কী কোনো কিছুই বাদ নেই? শিক্ষক বললেন, মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও ঈমান-আকিদা থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের মূলনীতিগুলো ইসলামে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে কোনোরূপ অপূর্ণতার কথা চিন্তা করা যায় না। কাজেই মানবতার শান্তি ও মুক্তির জন্য ইসলামের অনুসরণ ও বাস্তবায়ন অপরিহার্য।প্রশ্ন: ক. ইসলাম কী?প্রশ্ন: খ. ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয় কেন?প্রশ্ন: গ. মুসলিম সমাজকে ইসলামি জীবনযাপনে উদ্বুদ্ধ করতে তুমি কী কী পদক্ষেপ নেবে?প্রশ্ন: ঘ. ইসলামের গুরুত্ব ও তাত্পর্য বিশ্লেষণ কর? উত্তর: ক. আভিধানিকভাবে ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা, অনুগত করা, শান্তির পথে চলা ও শান্তি প্রতিষ্ঠিত করা। শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালার প্রদত্ত রাসুল হযরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত যাবতীয় বিধিনিষেধ মেনে নেওয়া এবং সে অনুসারে আমল করার নাম ইসলাম।উত্তর: খ. ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা; রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। জীবনের এমন একটি সমস্যার কথা বলা যাবে না, যে সমস্যার সমাধান ইসলামে নেই। যেমন- ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সব বিষয়ে ইসলাম সুন্দর দিকনির্দেশনা দিয়েছে। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহ বলেন, ‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম।’উত্তর: গ. মুসলিম সমাজকে ইসলামি জীবনযাপনে উদ্বুদ্ধ করতে আমি নিচের পদক্ষেপগুলো নেব:১. মুসলিম সমাজকে ইসলামের পরিচয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাদেরকে রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস শোনাব কেননা ‘প্রত্যেক মুসলিম নরনারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ।’২. ইসলামের দাওয়াতের ব্যবস্থা করব। ইসলামি জীবনযাপনের ব্যাপক প্রচারণা চালাব।৩. মুসলমানদের মধ্যে ইসলামি জীবনযাপনের সুফলতা তুলে ধরব। ইসলামি জীবন গঠন করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন সুখ-শান্তি তথা মুক্তিলাভ করা যায়—তা মানুষকে বোঝাব।৪. ইসলামি জীবন গঠন না করলে ইহকালীন অকল্যাণ ও পরকালীন শাস্তির বিধানের কথা মানুষকে বোঝাব।৫. ইসলামি শরিয়তকে যেন মানুষ সহজে বুঝতে পারে সে ব্যবস্থা করব। মনবসমাজকে ইসলামি হুকুম আহকামগুলো বোঝানোর ব্যবস্থা করব।৬. মুসলিম সমাজকে আল-কোরআন ও আল-হাদিসের বাণী বোঝানোর চেষ্টা করব।ইসলামের পরিচয়, সুফল, কুফল এবং ইসলামি হুকুম আহকামগুলো বোঝানোর মাধ্যমে আমি মুসলিম সমাজকে ইসলামি জীবনযাপনে উদ্বুদ্ধ করব।উত্তর: ঘ. Islam is a complete code of life- অর্থাত্ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বিশ্বের এক মহোত্তম আদর্শের নাম। ইহলৌকিক শান্তি ও পরলৌকিক মুক্তির গ্যারান্টি হিসেবে বিশ্বের শান্তিকামী মানুষের কাছে ইসলামের গুরুত্ব ও তাত্পর্য অপরিসীম।ইসলামের গুরুত্ব ও তাত্পর্য: ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত জীবনব্যবস্থা: মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনিই পরিচালনা করেন। আর পরিচালনা করার জন্য তিনি ইসলামকে একমাত্র জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়ে বলেন, ‘আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনীত জীবনব্যবস্থা হচ্ছে ইসলাম।’ইসলাম পরিপূর্ণ জীবনবিধান: ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবনবিধান। পবিত্র আল-কোরআনে বলা হয়েছে, ‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম।’ইসলাম ঐক্য ও সাম্যের শিক্ষা দেয়: ইসলাম সবাইকে সমান অধিকার নিশ্চিত করে। নারীর মর্যাদা ও সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করে।ইসলাম পরিচালনা পদ্ধতি শেখায়: ইসলাম মানুষের পারিবারিক, ধর্মীয়, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব পর্যায়ে পরিচালনা পদ্ধতি শেখায়।ইসলাম অন্যদের ভালোবাসতে উদ্বুদ্ধ করে: ইসলাম নিজেদের মতো অন্যদের ভালোবাসতে উদ্বুদ্ধ করে। রাসুল হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সব সৃষ্টি আল্লাহ তায়ালার পরিবারের মতো। ইসলামের শিক্ষা হলো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।’কল্যাণ লাভের মাধ্যম: ইসলামের আদেশ-নিষেধ অনুযায়ী জীবনযাপন করলে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি লাভ করা যায়। মানবজীবনে যা কিছু প্রয়োজন তার সব কিছুর নীতিনির্ধারণী ইসলামে রয়েছে। মানবিক শান্তি ও মুক্তির জন্য ইসলামের অনুসরণ ও বাস্তবায়ন অপরিহার্য।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল