বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ প্রথম অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: (গ) সূরা ‘আদ দোহার’ শিক্ষা তুমি কীভাবে বাস্তব জীবনে কাজে লাগাবে?উত্তর: মহান আল্লাহ তাআলা নবী-রাসূলদের প্রতি তাঁদের জন্মলগ্ন থেকে অবিরত ধারায় করুণা বর্ষণ করেছেন। আমাদের প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে তিনি শৈশবে লালন-পালনের সুব্যবস্থা করেছেন। এ সূরা থেকে যে শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তা হলো:১। আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে সম্পদ দান করেন না। আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। তাই যখন আল্লাহ তাআলা কাউকে ধন-দৌলত দান করেন, তখন তার উচিত গরিব-দুঃখীদের সাহায্য করা। ২। আল্লাহ তাআলা কাউকে করেন সচ্ছল, আবার কাউকে করেন অসচ্ছল। এহেন অবস্থায় দুস্থ, নিঃস্ব ও অসচ্ছলদের অবহেলা করা যাবে না।৩। ইয়াতিম ও দুঃখী মানুষের অভাব মোচন করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ‘করিয়ো না কখনো পিতৃহীনের উপরে উৎপীড়ন, যেজন প্রার্থী, তাকে দেখিয়ো, কোরো না তিরস্কার। (সূরা আদ দোহা: আয়াত ৯-১০)৪। যখন মহান আল্লাহ তাআলা ধন-দৌলত দেবেন তখন তা কৃপণতা বর্জন করে দান করতে হবে। ৫। যারা জ্ঞান ও শিক্ষার আলোতে নিজেদের বিকশিত করতে সক্ষম হবে তাদের কর্তব্য হবে অজ্ঞানতার অভিশাপ থেকে অন্যদের মুক্ত করা।৬। নিজে সত্য পথে চলে ভ্রান্তপথের মানুষকে সত্যের দিকে আহ্বান করতে হবে।প্রশ্ন: (ঘ) কী কী প্রেক্ষাপটে সূরা আদ দোহা নাজিল হয়, বর্ণনা করো।উত্তর: সূরা আদ দোহার শানে নুযুল বর্ণনা প্রসঙ্গে কয়েকটি প্রেক্ষাপটের বর্ণনা পাওয়া যায়। প্রথমত, সহিহ আল-বুখারি ও পবিত্র মুসলিম শরিফে আছে, সাহাবি জুনদুব ইবনে সুফিয়ান (রা.) বর্ণনা করেন—‘একবার নবী করিম হজরত মুহাম্মদ (সা.)-এর একটি আঙুলে আঘাত পাওয়ার ফলে তিনি দুই-তিন রজনীতে তাহাজ্জত পড়তে পারেননি। এ সময় ওহি নাজিলও বন্ধ ছিল। এতে কাফির-মুশরিকরা বলতে লাগলেন, রাসূল হজরত মুহাম্মদ (সা.) কে তার আল্লাহ তাআলা পরিত্যাগ করেছেন। এবং তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এই সূরা দোহা নাজিল হয়। দ্বিতীয়ত, আর এক বর্ণনায় দেখা যায় যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামীলা রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে অপপ্রচার চালায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে যে শয়তান (নাউযুবিল্লাহ) আসত সে তাকে ত্যাগ করেছে। পাপিষ্ঠার এ গুজবের প্রতিবাদে মহান আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। তৃতীয়ত, তাফসিরে খাযিন নামক গ্রন্থে বর্ণিত হয়েছে, একবার নবী করিম হজরত মুহাম্মদ (সা.) কে জনৈক ইয়াহুদি যুলকার নাইন ও আসহাবে কাহাফ সম্বন্ধে প্রশ্ন করেছিল, নবী করিম হজরত মুহাম্মদ (সা.) বললেন যে আগামীকাল জবাব দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। যার কারণে তিন দিন অহি আসা বন্ধ ছিল। এতে তিনি ঘাবড়ে গেলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল হয়। চতুর্থত, প্রথম দিকে হজরত মুহাম্মদ (সা.)-এর ওহি নাজিলের কষ্ট সহ্য করার অভ্যাস গড়ে ওঠেনি। তাই মাঝেমধ্যে অহির বিরতি দেওয়া হয়েছিল। এতে রাসূল হজরত মুহাম্মদ (সা.) উদ্বিগ্ন হয়ে পড়লে সান্ত্বনা দিয়ে মহান আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন।