অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রাশেদের বিশ্বাস যে মানুষের জন্ম ও মৃত্যু কেবল একটি প্রাকৃতিক নিয়ম। শুধু এ বিশ্বাসের ভিত্তিতেই তিনি দায়িত্বশীল জীবন যাপন করেন। এতে তাঁর বড় ভাই রিয়াজ সাহেব তাঁকে বললেন, বিশ্বাস ও কর্মের সংশোধন করে ইসলামের অনুশাসন মেনে চলো। নইলে আখিরাতের প্রতিটি স্তরে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে।প্রশ্ন: ক. কুফর অর্থ কী?প্রশ্ন: খ. আখিরাতের স্তর বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. জন্ম ও মৃত্যু সম্পর্কে রাশেদের বিশ্বাসটি কী রূপ? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. রাশেদের প্রতি বড় ভাই রিয়াজ সাহেবের উপদেশের গুরুত্ব পবিত্র কোরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. কুফর অর্থ ঢেকে রাখা, গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অবাধ্যতা ও অকৃতজ্ঞতা।উত্তর: খ. মৃত্যু থেকে হাশরের ময়দানে চূড়ান্ত বিচারের মাধ্যমে জান্নাত বা জাহান্নাম লাভ পর্যন্ত মানুষকে যে পর্যায়গুলো অতিক্রম করতে হয় সেগুলোকে আখিরাতের স্তর বলা হয়। এগুলো হলো মৃত্যু, কবর, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত ও জাহান্নাম।উত্তর: গ. জন্ম ও মৃত্যু সম্পর্কে রাশেদের বিশ্বাসটি ইসলামের দৃষ্টিতে ঈমানবিরোধী বিষয়। ইসলামের বিশ্বাস অনুসারে মানুষ এবং পৃথিবীর অবশিষ্ট সব সৃষ্টির একটিও নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করতে পারে না বা তার স্বাভাবিক মৃত্যুও নিজের ইচ্ছায় ঘটে না। আল্লাহ তাআলা তাঁর মহাপরিকল্পনার অংশ হিসেবেই প্রতিটি বস্তু ও বিষয় সৃষ্টি করেন। এরপর তাঁর নির্ধারণ অনুসারে পৃথিবীর প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়।আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।’ (সূরা আলে ইমরান: ১৮৫) কিন্তু রাশেদ আল্লাহ তাআলার এ ঘোষণা ও পরিকল্পনাকে নিছক প্রাকৃতিক নিয়ম বলে মহান আল্লাহ তাআলার প্রতিই অস্বীকৃতি জ্ঞাপন করে। ইসলামের দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য অপরাধ। এ বিশ্বাস ও মানসিকতা পরিবর্তন করে ইসলামী হুকুম-আহকামের আলোকে জীবন গড়ে তুলতে না পারলে রাশেদ আখিরাতে ভয়ংকর পরিণতির মুখোমুখি হবেন।তাই রাশেদের উচিত, নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ, কাফির আল্লাহ তাআলার অবাধ্য ও তাঁর বিধানের বিরোধী বলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কাফির আল্লাহর অবাধ্য বলে তার স্থান হবে জাহান্নামে।উত্তর: ঘ. রাশেদ বিশ্বাস করেন, মানুষের জন্ম ও মৃত্যু একটি প্রাকৃতিক নিয়ম। যে কারণে তিনি মৃত্যুর পরের অনন্ত জীবনে অবিশ্বাস পোষণ করেন। পরিণতিতে তিনি দায়িত্বহীন জীবন যাপন করেন। ভালো কিংবা মন্দ কাজের বিচার করেন না। রাশেদের বড় ভাই রিয়াজ সাহেব রাশেদকে তাঁর এই ভ্রান্ত বিশ্বাস ও অসার জীবনদর্শন ত্যাগ করে ইসলামের অনুশাসন মেনে চলার উপদেশ দেন। তিনি রাশেদকে তাঁর বিশ্বাস ও কর্ম সংশোধন করার কথা বলেন। রাশেদের প্রতি রিয়াজ সাহেবের এই উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।আল্লাহ তাআলা মুসলিম জাতিকে এভাবে উপদেশ দেওয়ার দায়িত্ব দিয়েই প্রেরণ করে বলেছেন, ‘তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহ তাআলার ওপর ঈমান রাখো।’ (সূরা আলে ইমরান: ১১০)রিয়াজ সাহেব তাঁর উপদেশের মাধ্যমে মহান আল্লাহ তাআলার এ আদেশ পালন করেছেন। পাশাপাশি তিনি দায়িত্বশীল আচরণ করেছেন। কারণ, বড় ভাই হিসেবে তাঁর দায়িত্ব ছোট ভাইকে সঠিক কথা বলা, ভালো কাজ শেখানো এবং সৎপথ দেখানো। এটা না করলে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী সাব্যস্ত হবেন। বড় ভাই হয়ে তিনি যদি ছোট ভাইকে সংশোধন না করেন বা সৎ উপদেশ না দেন, তাহলে ছোট ভাই যেমন ধ্বংস হয়ে যাবে ও জাহান্নামে যাবে, তেমনি তিনিও এর দায় এড়াতে পারবেন না। সর্বোপরি বড় ভাই ছোট ভাইয়ের কল্যাণকামী হন বলে উপদেশ কার্যকর হয়ে থাকে।তাই নিজের এবং ছোট ভাই বা অধীনদের কল্যাণ নিশ্চিত করার জন্য এভাবে সৎ উপদেশ প্রদান করা সীমাহীন গুরুত্বপূর্ণ কাজ। এ কাজ ঈমানের অনিবার্য দাবি। কোনো মুমিনেরই একে অস্বীকার বা অবজ্ঞা করা উচিত নয়।