অধ্যায়-৪ সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।বেলালের প্রবাসী বন্ধু জহির দেশে ফিরে তার বাসায় বেড়াতে আসে। জোহরের আজান হলে বেলাল বলে, চল বন্ধু, সালাত আদায় করে আসি। জহির বলে, তুমি যাও, আমি পরে আসছি। বেলাল সালাত শেষ করে এসে দেখে জহির শুয়ে আছে। তখন বেলাল বলল, হাদিস শরিফে আছে, ‘দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।’ক. আখিরাত শব্দের অর্থ কী?খ. আখিরাতের প্রতি বিশ্বাস প্রয়োজন কেন?গ. জহিরের মনোভাব ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।ঘ. অনুচ্ছেদে উল্লিখিত হাদিসের তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ক. আখিরাত শব্দের অর্থ হলো পরকাল।উত্তর: খ. আখিরাতে বিশ্বাস স্থাপন প্রত্যেক মানুষের ওপর জরুরি।আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে। কারণ সে বিশ্বাস করে, ইহকালের মন্দ কাজের জন্য পরকালে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। আখিরাতের শাস্তির ভয়ে সে মন্দ কাজ থেকে বিরত থাকে। সুতরাং মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস অপরিহার্য। তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন জরুরি আখিরাতে বিশ্বাস করা তেমন জরুরি।উত্তর: গ. অনুচ্ছেদে উল্লিখিত জহিরের মনোভাব শরিয়তপরিপন্থী। প্রকৃত মুমিন হওয়ার আগের শর্তই হচ্ছে আখিরাতে বিশ্বাস। কারণ যে আখিরাতে বিশ্বাস করে না, তার কাছে কেবল দুনিয়ার জীবনই গুরুত্ব পায়। সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহির ভয় করে না। সে তার খেয়ালখুশি মতো কাজ করে এবং ইসলামবিরোধী কাজ করতে দ্বিধাবোধ করে না। জহিরের মনোভাব পর্যালোচনা করলেও এ বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। তাই বলা যায়, জহির শরিয়তপরিপন্থী কাজ করেছে, যা ইসলামে একটি বড় ধরনের অপরাধ। মুমিন হওয়ার পূর্ব শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আখিরাতে বিশ্বাস। আখিরাতে অবিশ্বাসকারী মুমিন হতে পারে না বরং তাকে কাফির বলা হয়।আখিরাতে অবিশ্বাসকারী প্রকৃত মুমিন নয় বরং বড় রকমের অপরাধী।উত্তর: ঘ. মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই তার কর্মফল ভোগ করতে হবে। ইহকালে যে যা করবে পরকালে অবশ্যই তাকে তার কাজের হিসাব দিতে হবে।দুনিয়ায় আল্লাহ তাআলার আইনের অমান্য করতে আখিরাতে প্রতিফল হিসেবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের আগুনের দহনক্ষমতা সম্পর্কে মহানবী (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের একাত্তর ভাগের এক ভাগ। আর দুনিয়ায় ভালো কাজ করলে অর্থাৎ আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (সা.) নির্দেশিত পথে চললে পরকালে পরম শান্তি ও সুখের সন্ধান লাভ করবে, যা দুনিয়ায় কল্পনাও করেনি। এ প্রসঙ্গে হাদিসে কুদসিতে আছে, ‘আল্লাহ তাআলা বলেছেন: আমার নেক বান্দার জন্য (জান্নাতে) এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানবহূদয় কল্পনাও করতে পারেনি।’ কাজেই হাদিসের মর্মার্থ অনুধাবনে যথার্থ বলা যায় দুনিয়া হচ্ছে আখিরাতের পাথেয় সামগ্রী সঞ্চয়ের একমাত্র স্থান।পরকালের সুখ-শান্তির জন্য ইহকালে সব প্রচেষ্টা চালাতে হবে। ইহকালকে খেল-তামাশার স্থান মনে করা চলবে না বরং আখিরাতে পরম সুখ-শান্তির সন্ধান পেতে হলে দুনিয়াতেই ভালো আমল করতে হবে। কাজেই আমাদের উচিত, আখিরাতের সুখ লাভের নিমিত্তে দুনিয়াতে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল নির্দেশিত পথে চলা। মানুষকে আখিরাতের সুখ-শান্তি লাভ করতে হলে উত্তম আমলগুলো করতে হবে। আর জাহান্নামের শাস্তি তথা আগুনের দহন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে।এ ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী কোনো কাজ না করে, চিরস্থায়ী আখিরাতের নিমিত্তে ভালো কাজ করা।