অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: গহ্বর কী? অ্যামিবার দেহের গহ্বরগুলোর বর্ণনা দাও।উত্তর: অ্যামিবার দেহে অতি সাধারণ প্রকৃতির বিভিন্ন ধরনের গহ্বর দেখা যায়, যা দেহের বিভিন্ন জৈবনিক কাজের সহায়তা করে এসব গহ্বরকে অ্যামিবার দেহগহ্বর বলে। অ্যামিবার দেহে তিন ধরনের গহ্বর পাওয়া যায়। যথা—১. সংকোচনশীল গহ্বর: অ্যামিবার অন্তঃপ্লাজমে বুদবুদের মতো কতকগুলো গহ্বর দেখা যায়, যা স্বচ্ছ ও বর্ধনশীল। জীবিত অ্যামিবার দেহে এরা ধারাবাহিকভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে, তাই এর নাম সংকোচনশীল গহ্বর।কাজ: (i) সংকোচনশীল গহ্বর জলীয় অংশ সঞ্চয় করে। (ii) অতিরিক্ত পানি ও রেচন পদার্থ অপসারণে সাহায্য করে। (iii) শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনে সাহায্য করে। (iv) দেহের অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে।২. খাদ্যগহ্বর: অ্যামিবার দেহে খাদ্যবস্তুকে ঘিরে খাদ্যগহ্বর গঠিত হয়। এর সংখ্যা এক বা একাধিক হতে পারে। এদের আকার, আয়তন ও সংখ্যা খাদ্যবস্তুর আকার, আয়তন ও সংখ্যার ওপর নির্ভর করে।কাজ: (i) খাদ্যগহ্বর খাদ্যবস্তু জমা রাখে। (ii) খাদ্য পরিপাকে সাহায্য করে। (iii) অপাচ্য বর্জ্য পদার্থ নিষ্কাশনেও ভূমিকা রাখে।৩. পানিগহ্বর: অ্যামিবার দেহের সবচেয়ে ক্ষুদ্র স্বচ্ছ গোলাকার পানিপূর্ণ গহ্বরই হলো পানিগহ্বর। এরা অসংকোচনশীল।কাজ: (i) পানিগহ্বর পানি ধারণ করে এবং দেহের পানির সমতা রক্ষা করে। (ii) ক্ষণপদ সৃষ্টিতে সহায়তা করে। (iii) সংকোচনশীল গহ্বর সৃষ্টিতে সাহায্য করে।প্রশ্ন: প্রজনন কী? অ্যামিবার দ্বি-বিভাজন ও স্পোরুলেশন প্রজননপ্রক্রিয়া বর্ণনা করো।প্রজনন: যে প্রক্রিয়ায় কোনো জীব তার দেহাংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে (অযৌন) বা পরোক্ষভাবে (গ্যামেট সৃষ্টির মাধ্যমে) আপন আকৃতির এবং প্রজননক্ষম নতুন বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব রক্ষা করে, তাকে প্রজনন বলে।অথবা জীব যে প্রক্রিয়ায় তার বংশগতির ধারা রক্ষা করে, তাকে প্রজনন বলে। অ্যামিবা প্রধানত দুটি অযৌন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে: ১. দ্বি-বিভাজন, ২. স্পোরুলেশন।১. দ্বি-বিভাজন: যে প্রজনন প্রক্রিয়ায় জীবদেহ বিভাজিত হয়ে দুটি অপত্য জীবের সৃষ্টি করে, তাকে দ্বি-বিভাজন বলে।প্রক্রিয়া: উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য পেলে দেহের আয়তন বেড়ে যায়, ফলে সাইটোপ্লাজম সুষ্ঠুভাবে বিপাকীয় কাজ সম্পন্ন করতে পারে না। তখন দ্বি-বিভাজনপ্রক্রিয়ায় মাতৃ অ্যামিবা দুটি অপত্য অ্যামিবার সৃষ্টি করে।বিভাজন শুরুতে অ্যামিবা ক্ষণপদ গুটিয়ে দেহ গোলাকার ধারণ করে। নিউক্লিয়াসটি বড় ও স্পষ্ট হয় এবং ক্রমে লম্বা হয়। ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুই প্রস্থ অপত্য ক্রোমোজোমে বিভক্ত হয়ে দুই মেরুতে গমন করে এবং মধ্যবর্তী অঞ্চল সরু হয়, ফলে নিউক্লিয়াসটি ডাম্বেলের মতো দেখায়।পরে নিউক্লিয়াস ঘিরে সাইটোপ্লাজমও জমা হয় এবং দেহের মাঝখানে প্লাজমা পর্দার ভাঁজ ভেতরের দিকে প্রবেশ করে। ক্রমে ক্রমে প্রথম নিউক্লিয়াস, পরে সাইটোপ্লাজম—দুই ভাগে ভাগ হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও প্লাজমা পর্দায় আবৃত হয়ে দুটি অপত্য ও ক্ষুদ্র অ্যামিবায় পরিণত হয়। অপত্য অ্যামিবা খাদ্য গ্রহণ করে স্বাধীন জীবনযাপন শুরু করে।২. স্পোরুলেশন: প্রতিকূল পরিবেশে সিস্টের ভেতর অ্যামিবার নিউক্লিয়াস বহু বিভাজনপ্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পোর সৃষ্টি করে। এই স্পোর সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধির প্রক্রিয়াকে স্পোরুলেশন বলে।এ প্রক্রিয়ায় প্রথমে অ্যামিবাদেহের নিউক্লিয়াসের নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত হয় এবং নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অনেকগুলো ক্রোমটিন খণ্ড তৈরি করে। এ ক্রোমটিন খণ্ডগুলো নিউক্লিয়ার আবরণী দ্বারা আবদ্ধ হয়। পরবর্তী সময় এ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর চারদিকে সাইটোপ্লাজম বেষ্টিত হয় এবং বাইরে স্পোর আবরণী গঠিত হয়। এভাবে অ্যামিবার দেহে শতাধিক স্পোর গঠিত হয়। পরে প্লাজমালেমা পর্দা ভেদ করে স্পোরগুলো বাইরে মুক্ত হয়। অনুকূল পরিবেশ পেলে স্পোর থেকে অপত্য অ্যামিবা বাইরে মুক্ত হয়।