অধ্যায়-৪ সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘টিস্যু ও টিস্যুতন্ত্র’ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক একটি দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদের স্লাইড অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে চিত্রটি অঙ্কন করলেন।দ্বিবীজপত্রী কাণ্ড (আংশিক)প্রশ্ন: ক. A ও B অংশের নাম কী?প্রশ্ন: খ. C অংশের বিভিন্ন উপাদানের নাম লিখ।প্রশ্ন: গ. D অংশের গঠন বর্ণনা করো।প্রশ্ন: ঘ. পরিবহন টিস্যু না থাকলে উদ্ভিদের কী ক্ষতি হতো, তা বিশ্লেষণ করো।উত্তর: ক. A অংশের নাম: কাণ্ডরোম, B অংশের নাম: বহিঃত্বক।উত্তর: খ. C অংশের নাম: জাইলেম, এর বিভিন্ন উপাদানের নাম ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার।উত্তর: গ. D অংশের নাম: ফ্লোয়েম। নিচে এর গঠনপ্রণালি দেওয়া হলো। ফ্লোয়েম এক প্রকার জটিল টিস্যু। এ টিস্যু চার ধরনের উপাদান বা কোষ দ্বারা গঠিত। ১. সিভনল ২. সঙ্গীকোষ ৩. ফ্লোয়েম প্যারেনকাইমা ৪. ফ্লোয়েম ফাইবার।সিভনল: ক. কোষগুলো লম্বা ও ফাঁপা। খ. একটি কোষের মাথায় আরেকটি কোষ বসে লম্বা নলের সৃষ্টি করে। গ. মাথায় মাথায় যুক্ত দুটি সিভকোষের মধ্যে প্রাচীর ছোট ছোট ছিদ্রযুক্ত সিভপ্লেট থাকে। ঘ. পরিণত সিভনলে নিউক্লিয়াস থাকে না। তবে সাইটোপ্লাজম থাকে। ঙ. এদের কোষপ্রাচীর লিগনিযুক্ত।কাজ: পাতায় তৈরি খাদ্যদ্রব্য পরিবহন করাই এর প্রধান কাজ। এ ছাড়া এরা খাদ্য সঞ্চয়ও করে থাকে।সঙ্গীকোষ: ক. এরা প্যারেনকাইমা-জাতীয় সরু ও লম্বা কোষ। খ. সঙ্গীকোষ সব সময়ই সিভনলের সঙ্গে অবস্থান করে। গ. এর সাইটোপ্লাজম ঘন ও নিউক্লিয়াস বড়। ঘ. কোষপ্রাচীর পাতলা। ঙ. প্রাচীরছিদ্র দিয়ে এরা সিভনলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।কাজ: খাদ্য পরিবহনে সিভনলকে সহায়তা করাই এর প্রধান কাজ। এরা খাদ্য সঞ্চয়ের কাজও করতে পারে।ফ্লোয়েম প্যারেনকাইমা: ক. এটি প্যারেনকাইমা-জাতীয় কোষ। তবে সঙ্গীকোষ থেকে কিছুটা ভিন্নতর। খ. কোষগুলো লম্বাটে, বেলনাকার। গ. এদের কোষপ্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত ও সমান পুরু। ঘ. কোষগহ্বর বড়।কাজ: খাদ্য সঞ্চয় ও পরিবহনে সাহায্য করাই এর কাজ।ফ্লোয়েম ফাইবার: ক. এটি স্ক্লেরেনকাইমা-জাতীয় কোষ। খ. ফ্লোয়েম ফাইবার বাস্ট ফাইবার নামেও পরিচিত। গ. সব উদ্ভিদে ফ্লোয়েম ফাইবার নেই।কাজ: ফ্লোয়েমকে দৃঢ়তা প্রদান করাই ফ্লোয়েম ফাইবারের প্রধান কাজ।উত্তর: ঘ. পরিবহন টিস্যু না থাকলে কী ক্ষতি হতো, তা বিশ্লেষণ করা হলো।পরিবহন টিস্যু না থাকলে সব উদ্ভিদই মারা যেত। ফলে পরিবেশ-প্রতিবেশ ধ্বংস হয়ে যেত। কারণ, উদ্ভিদের প্রটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। প্রটোপ্লাজমের সজীবতা রক্ষা ও এর প্রয়োজনীয় ক্রিয়া-বিক্রিয়া পরিচালনার জন্য পানির প্রয়োজন। প্রতিটি কোষে প্রয়োজনীয় পানি পৌঁছে দেয় জাইলেম টিস্যু। মূল থেকে পাতায় পানি ও খনিজ লবণও পৌঁছায় জাইলেম টিস্যু। আর এ পানি না থাকলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হতো না। এই খাদ্যের ওপর জীবকুল নির্ভরশীল। অন্যদিকে এই খাদ্য ফ্লোয়েম টিস্যুর বিভিন্ন অংশে পৌঁছে পুষ্টি জোগায়। এ ছাড়া পরিবহন টিস্যু প্রয়োজনে উদ্ভিদের খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করে থাকে। প্রস্বেদন প্রক্রিয়ার পানি জাইলেম টিস্যুই পরিবহন করে।আমাদের ব্যবহারের কাঠ ও তন্তু এই পরিবহন টিস্যু থেকেই পেয়ে থাকি। সুতরাং পরিবহন টিস্যু না থাকলে উদ্ভিদের অস্তিত্ব অকল্পনীয়।