অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ জীববিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। রফিক সাহেব বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে কৃত্রিমভাবে মৌমাছি চাষ করতে শুরু করেন। এ কাজে তাঁর পাঁচ-ছয়জন কর্মচারী নিয়োজিত আছে। সরিষা, আম, লিচু প্রভৃতি ফুলের মৌসুমে তাঁর কর্মচারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মৌবাক্স স্থাপন করে বছরে ৫০-৬০ মণ মধু সংগ্রহ করেন। এ কাজে শুধু তিনি নিজেই লাভবান হচ্ছেন না বরং যেসব খেতে মৌবাক্স স্থাপন করা হচ্ছে, তাদের ফলনও বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে।ক. অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান কাকে বলে?খ. রেশম বলতে কী বোঝায়?গ. রফিক সাহেবের অনুসরণে তুমি বাগানবাড়িতে কীভাবে মৌচাষ করবে তা বর্ণনা করো।ঘ. অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নে রফিক সাহেবের ওই ধরনের চাষের গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রাণিবিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়, তাকে অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান বলে।উত্তর: খ. রেশম হলো রেশম মথ নামে এক ধরনের মথের লার্ভার লালাগ্রন্থি বা রেল গ্রন্থি থেকে নিঃসৃত রসের তৈরি তন্তু। রেশম মথের লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস বাতাসের সংস্পর্শে এসে লুকিয়ে রেশম সুতায় পরিণত হয়। রেশম সুতা অত্যন্ত সূক্ষ্ম, লম্বা, স্থিতিস্থাপক ও উজ্জ্বল। রেশমি কাপড় পৃথিবীতে সুন্দর ও মূল্যবান কাপড় হিসেবে সমাদৃত।উত্তর: গ. রফিক সাহেবের অনুসরণে বাগানবাড়িতে কৃত্রিম উপায়ে মৌচাষ করা যায়। এ পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে এবং সহজে মোম ও মধু পাওয়া যায়। কৃত্রিমভাবে মৌমাছি চাষের জন্য এক সরল ধরনের চাক বাক্স উদ্ভাবন করা হয়। চতুর্ভুজাকৃতি এই চাক বাক্সের ওপরের দিক খোলা। এর ভেতর লম্বা কাঠি ঝুলানো থাকে। বাক্সের ভেতর যাতে বর্ষাকালে বৃষ্টির পানি ঢুকতে না পারে, সে জন্য বাক্সের ওপর ঢাকনা দেওয়ার ব্যবস্থা থাকে। মৌবাক্স বাড়ির আশপাশে, সরিষাখেত না অন্য কোনো স্থানে মাটি থেকে কিছুটা ওপরে রাখতে হয়। মৌবাক্স রাখার সময় ভেতরে কিছুটা মধু ছড়িয়ে দেওয়া হয়। এই মধুর গন্ধে আকৃষ্ট হয়ে নির্দিষ্ট ছিদ্রপথে মৌমাছি মৌবাক্সে ঢোকে এবং স্বভাববশত তার ভেতর মৌচাক তৈরি করে এবং মধু সংগ্রহ করতে থাকে। এভাবে কৃত্রিম পদ্ধতিতে মৌমাছির চাষ করা হয়।উত্তর: ঘ. রফিক সাহেবের কৃত্রিম মৌচাষ অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।কৃত্রিম উপায়ে মৌচাষের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এতে অল্প জায়গায় অনেক মৌবাক্স স্থাপন করে প্রচুর মধু আহরণ করা যায়। এই মধু দেশের ভেতরের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এ ছাড়া মৌচাক থেকে মোম তৈরি করেও অর্থ উপার্জন করা যায়। ফলে বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।মৌচাষের ফলে মৌমাছি যেখানে সেখানে মৌচাক তৈরি না করে বাক্সের ভেতর মৌচাক তৈরি করে। ফলে মানুষের মৌমাছির হুল ফোটার ভয় থাকে না। কৃত্রিম উপায়ে মৌচাক তৈরি করলে প্রাচীন পদ্ধতিতে মৌচাকে ধোঁয়া দিয়ে মধু ও মোম সংগ্রহ করা হয় না বলে ধোঁয়ার হাত থেকে পরিবেশ রক্ষা পায়। মৌমাছি পরাগায়নে সাহায্য করে, ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নে কৃত্রিম মৌচাষের ভূমিকা অপরিসীম।