বৃক্ষপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘বৃক্ষ’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। # পৃথিবীকে সুন্দর ও শোভন এবং মানুষের বসবাসের উপযোগী করে তোলার ক্ষেত্রে বৃক্ষের রয়েছে অপরিসীম ভূমিকা। বৃক্ষের উদ্ভবের মধ্য দিয়ে মাটির কঠিন বুকে প্রথম প্রাণের জাগরণ ঘটে। বৃক্ষই মাটিকে উর্বরাশক্তি দান করেছে। মরুময় পৃথিবী বৃক্ষের জন্মের মধ্য দিয়ে শ্যামল শোভায় ভরে ওঠে।ক. বৃক্ষ অদম্য নিষ্ঠায় কী প্রতিষ্ঠা করে?খ. শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠা দ্বারা কবি কী বুঝিয়েছেন?গ. সবুজ পৃথিবীর আন্দোলনের সঙ্গে উদ্দীপকটি কতটুকু সংগতিপূর্ণ। উদ্দীপক ও বৃক্ষ কবিতার আলোকে আলোকপাত কর।ঘ. পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষের কী ভূমিকা রয়েছে—উদ্দীপক ও বৃক্ষ কবিতার আলোকে যৌক্তিক উত্তর দাও।উত্তর: ক. বৃক্ষ অদম্য নিষ্ঠায় শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠা করে।উত্তর: খ. শ্যামলের সিংহাসন হলো শ্যামলা দ্বারা নির্মিত সিংহাসন। শ্যামল হলো সবুজের প্রতীক। আর সবুজ হলো এই পৃথিবীর বৃক্ষরাজি। বৃক্ষরাজি পৃথিবীকে শ্যামলিমায় ভরে তোলে। বৃক্ষ মাটির তথা পৃথিবীর বীর সন্তান। সে বৈরী পরিবেশের সঙ্গে যুদ্ধ করে বিশ্বজুড়ে এমন কি চারদিক পানিবেষ্টিত স্থলভূমি দ্বীপেও আপন অস্তিত্ব প্রতিষ্ঠা করেছে। দূর সমুদ্রের দ্বীপমালার যে শ্যামলের সমারোহ দেখা যায়, তা বৃক্ষেরই অবদান। সবুজ বৃক্ষ পরিবেষ্টিত দ্বীপটি দেখতে যেন ঠিক সিংহাসনের মতো। তাই কবি দ্বীপকে শ্যামলের সিংহাসন বলেছেন। উত্তর: গ. উদ্দীপকে বৃক্ষকে এই পৃথিবীর গুরুত্বপূর্ণ সৃষ্টি একটি জীব হিসেবে আবিষ্কার করা যায়। পৃথিবীতে পরিবেশবাদী আন্দোলন হিসেবে সবুজ পৃথিবীর আন্দোলনের জন্ম হয়েছে। সারা পৃথিবীতে আজ এমনি পরিবেশবাদী আন্দোলনের সংঘ তৈরি হয়েছে। ১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন একটি ঐতিহাসিক মাইলফলক। এ সম্মেলনের নানা কর্মসূচি ঘোষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো: পৃথিবীকে বাঁচাও, অধিক হারে গাছ লাগাও। অর্থাৎ জ্বালানি পোড়ানো হ্রাসকল্পে বৃক্ষনিধন কমানো এবং বৃক্ষনিধনের সংখ্যার চেয়ে অধিক হারে বৃক্ষরোপণ করা। কারণ, বৃক্ষের সঙ্গে এই পৃথিবীতে মানববসতি অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কিত। বৃক্ষনিধনের কারণেই পৃথিবীতে আজ জলবায়ুর মারাত্মক ও বিরূপ পরিবর্তন সূচিত হয়েছে। এমনকি তা অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তাই পৃথিবীতে যে সবুজ বিপ্লবের যাত্রা শুরু হয়েছে, তা উদ্দীপকের সঙ্গে খবই সংগতিপূর্ণ। বৃক্ষ কেবল পৃথিবীর নৈঃসর্গিক সৌন্দর্য সৃষ্টি করে না। বরং বৃক্ষ পৃথিবীতে মানববসতিরও রক্ষাকবচ। বৃক্ষের উদ্ভবের মধ্য দিয়ে যেমন পৃথিবীতে প্রথম প্রাণের জাগরণ ঘটেছে, তেমনি ঘরময় এ পৃথিবীতে ফলে-ফুলে-ফসলে-শ্যামলিমায় ভরে তুলতে বৃক্ষের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যালোক থেকে আলো পান করে বৃক্ষ আকাশ থেকে বৃষ্টিবর্ষণের কারণও হয়ে দাঁড়ায়। এককথায় এই পৃথিবীকে উর্বরাশক্তি দান করে মানুষের সীমাহীন কল্যাণ করছে বলে উদ্দীপকটি সবুজ পৃথিবীর আন্দোলনের সঙ্গে সম্পূর্ণই সংগতিপূর্ণ। উত্তর: ঘ. মানবজীবনে বৃক্ষের ভূমিকা সীমাহীন। গাছপালা ছাড়া এই পৃথিবীই অচল। উদ্দীপকে বৃক্ষকে প্রাণের প্রথম জাগরণ হিসেবে লক্ষ করা যায়। বৃক্ষ পৃথিবীকে সুন্দর ও শোভন করেছে। শুধু তা-ই নয়, বৃক্ষই পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে। বৃক্ষ আপন শক্তিতে লড়াই করে বিশ্বজুড়ে তার অস্তিত্বকে বিস্তার করে দিয়েছে। ফলে এই পৃথিবী মনোহারিণী ও রূপসীও হয়েছে। আর এ সবই কেবল মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য।বৃক্ষ কবিতার আলোকে উদ্দীপকের এই বক্তব্য বিশ্লেষণ করলে এর আরও গুরুত্বপূর্ণ অবদান আবিষ্কার করা যায়। গাছাপালা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মানুষের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরিতে গাছপালার জুড়ি নেই। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। যেখানে গাছাপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে উর্বরাশক্তি বাড়ায়। ঝড়, বৃষ্টি ও বন্যা প্রতিরোধেও গাছপালা সহায়তা করে। মোটকথা গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। এর ফলে মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। অর্থাৎ পৃথিবীকে তার উপযোগী করে রাখতে এবং আমাদের অস্তিত্ব রক্ষার্থে গাছের ভূমিকা এক অনস্বীকার্য বিষয়। সহজ করে বলা যায়, বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে আমরা অক্সিজেন নিয়ে বাঁচি। গাছপালা থেকে আমরা নির্মল অক্সিজেন পাই আর আমাদের নিঃশ্বাস ছাড়া ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গাছপালা গ্রহণ করে রক্ষা করে। সুতরাং উদ্দীপক বৃক্ষ কবিতার আলোকে বলা যায়, বৃক্ষ আমাদের বাঁচতে সাহায্য করে বলে তার অবদান অপরিসীম।