৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নশিক্ষার্থীবৃন্দ, আজ বাংলা ১ম পত্রের ‘স্বাধীনতা, এই শব্দটি যেভাবে আমাদের হলো’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো।# তোদের চির-উৎখাত করবো বলে,/১৯৭১-এর ১৬ই ডিসেম্বর আমরাবিজয়ীর বেশে ফিরে এসেছিলাম/শেখ মুজিবের স্বাধীনতা উদ্যানে।ক. কবি নির্মলেন্দু গুণের জন্মভূমি গ্রামের নাম কী?খ. ‘গণসূর্যের মঞ্চ’ বলতে কবি কী বুঝিয়েছেন?গ. উদ্দীপক ও ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটির মধ্যে কী মিল খুঁজে পাও—নিরূপণ করো।ঘ. উদ্দীপক ও ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার ভাববস্তু একই স্রোতধারায় প্রবাহিত কথাটি বিচার করো। উত্তর: ক. কবি নির্মলেন্দু গুণের জন্মভূমি গ্রামের নাম কাশবন।উত্তর: খ. ‘গণসূর্যের মঞ্চ’ বাক্যাংশটি একটি রূপকাশ্রয়ী উপমা। এখানে গণসূর্য সমাসের অর্থ হলো জনতার সূর্য। আর সূর্য দ্বারা রূপকার্যে জাতীয় নেতাকে বোঝানো হয়েছে। এবং সেই অবিসংবাদি নেতার জন্য তৈরি হয়েছে একটি ঐতিহাসিক মঞ্চ। অর্থাৎ জনগণের নেতা, যাঁর তেজিয়ান দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি যেন এক গণসূর্য। সেই নেতা যে মঞ্চে দাঁড়িয়ে, সেটা তো গণসূর্যের মঞ্চ। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চের ভাষণ যে মঞ্চে প্রদান করেছিলেন, তা-ই হলো ‘গণসূর্যের মঞ্চ’।উত্তর: গ. বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি ঐতিহাসিক ঘটনা। আর সেই ঐতিহাসিক ঘটনার পরম ফসল হলো বাঙালি জাতির স্বাধীনতা লাভ। উদ্দীপকের চরণগুলোতে সেই স্বাধীনতা প্রাপ্তির কথাই বলা হয়েছে। একাত্তরের ২৬ মার্চ এ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁরাই ইতিহাসের পাতায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। এই বীর মুক্তিযোদ্ধা তৈরি করা ও সংগঠিত করার নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব। এই চেতনার মূলসুর প্রতিধ্বনিত হয়ে ওঠে ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায়ও। এই কবিতায় কবি উল্লেখ করেছেন শত বছরের শত সংগ্রামের শেষে সর্বশ্রেষ্ঠ সংগ্রাম একাত্তরের মুক্তিযুদ্ধের কথা। কিন্তু সেই মুক্তিযুদ্ধের প্লাটফর্ম ছিল ১৯৭১ সালের সাতই মার্চের সেই শ্রেষ্ঠ বিকেলে রেসকোর্সের জনতার মঞ্চে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ। সেই ভাষণে তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সেদিন থেকে বাঙালি জাতির অভিধানে লেখা হয়েছিল ‘স্বাধীনতা’ শব্দটি। উদ্দীপকের চরণে প্রকাশিত রণপ্রান্তরে লব্ধ স্বাধীনতা আর পাঠ্য কবিতায় প্রতিফলিত হয়েছে সাতই মার্চের ভাষণের সময়েই প্রাপ্ত স্বাধীনতা শব্দটি।উত্তর: ঘ. উদ্দীপকের চরণগুলো ব্যাখ্যা-বিশ্লেষণ করলে লক্ষ করা যাবে যে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। আর সেই গণহত্যার বিরুদ্ধে গর্জে উঠেছিল এ দেশের সর্বস্তরের মানুষ। যাঁরা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। তাঁরা আপসহীন দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বরে স্বাধীনতা ছিনিয়ে বিজয়ীর বেশে এসেছিলেন।অপরপক্ষে ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় স্বাধীনতার ঘোষণার বাণী উচ্চারিত হয়েছে। ১৯৭১ সালের সাতই মার্চের শেখ মুজিবের সেই বজ্রকণ্ঠ বাণীতে এ দেশের মানুষের প্রতি মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রামের আহ্বান করা হয়েছিল। এখানে গোটা জাতি অধিকার ও স্বাধিকার-সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছিল। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—এই সংগ্রামের শপথ নিয়ে লক্ষ-কোটি মানুষ, বীর মুক্তিযোদ্ধা হিসেবে কয়েক দিনের ব্যবধানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুতরাং উদ্দীপক ও পাঠ্য কবিতার যে ভাববস্তু, তা একই চেতনার স্রোতধারায় প্রবাহিত হয়েছে বলে লক্ষ করা যায়। অর্থাৎ একটিতে স্বাধীনতার বাণী উচ্চারিত হয়েছে আর অন্যটিতে সেই স্বাধীনতার প্রাপ্তি ঘটেছে।