দুই মুসাফিরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘দুই মুসাফির’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।ঘ. উদ্দীপকের রাজিব ও করম শাহ ‘দুই মুসাফির’ গল্পের দুই পথিকের প্রতিনিধি। উক্তিটি কতটুকু যথার্থ তা বিচার করো।উত্তর: ঘ. উদ্দীপকের রাজিব ও করম শাহ দুই মুসাফির গল্পের দুই পথিকের প্রতিনিধি—উক্তিটি অনেকাংশেই যথার্থ। রাজিব সোলেমান মল্লিকের মতো বৈষয়িক ও বিত্তবান। এরা উভয়েই পার্থিব সম্পত্তি অর্জনে ব্যস্ত। সোলেমান অনেক সম্পদের মালিক ছিলেন। আগান-বাগান, জমিজমা, দিঘি নিয়ে বিশাল বাড়ি ছিল তাঁর। তাঁরই ছায়া হলো রাজিব। তিনি গ্রামের অনেক সম্পদের মালিক ছিলেন বলেই অনুষ্ঠান উপলক্ষে অনেক টাকা খরচ করেন। দুজনের মধ্যে পার্থক্য হলো রাজিব সংস্কৃতিমনা বলে গান শোনেন, আর সোলেমান তা নয়। এখানে দ্বিতীয় পথিক তথা সোলেমান মল্লিকের প্রতিনিধি হিসেবে রাজিবকে লক্ষ করা যায়।অন্যদিকে গল্পটির প্রথম পথিক হলো লালন ফকির। লালন সুর, সংগীত ও আধ্যাত্মিক চেতনায় মানুষকে সঞ্জীবিত করেন। তিনি ছিলেন সম্পূর্ণরূপে অবৈষয়িক। জগৎ -সংসারের বিত্ত-বৈভবের প্রতি তাঁর কোনো মোহ ছিল না। তাঁর মোহ ছিল শিল্পের প্রতি, গানের প্রতি। একজন সম্পদের মালিক মারা গেলে কেউ তাঁকে আর মনে রাখে না। কিন্তু একজন শিল্পী-সাধক মারা গেলেও বহুকাল মানুষ তাঁকে মনে রাখে। ঠিক এমনই একজন মানুষ হিসেবে লক্ষ করা যায় উদ্দীপকের করম শাহকে। তিনিও লালন-দর্শন অনুসারী একজন বাউলসংগীত সাধক। জাগতিক- বৈষয়িক বিষয় বিত্ত-বৈভব তাঁকে মোহিত করে না বলে কয়েকটি গান গাওয়ার বিনিময়ে কোনো টাকা নেননি। তাঁর কাছে টাকার চেয়ে গানের মূল্য বেশি। এখানে প্রথম পথিক তথা লালনের ছায়ারূপে করম শাহকে লক্ষ করা যায়। যদিও সম্পূর্ণ প্রতিচ্ছবি নন। সুতরাং অনেকাংশের বিচারে রাজিব ও করম শাহ দুই মুসাফির গল্পের দুই পথিকের প্রতিনিধি।