৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ভাবসম্প্রসারণ  প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে একটি নমুনা উত্তর আলোচনা করব।ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ ভাবসম্প্রসারণ: ভোগে নয়, ত্যাগের মধ্যেই নিহিত মানুষের শ্রেষ্ঠত্ব ও অমরত্ব লাভের চাবিকাঠি। ত্যাগী বা পরহিত সাধনে নিয়োজিত জীবনই প্রকৃত জীবন।সুখী হওয়ার আশা মানুষের চিরন্তন। সাধারণ মানুষের ধারণা, ভোগের মধ্যেই সুখ নিহিত। তাই সুখ-প্রয়াসী সাধারণ মানুষ নিরন্তর ভোগের উপকরণ সংগ্রহেই মত্ত হয়ে থাকে। কিন্তু চূড়ান্ত বিচারে ভোগপ্রবণতা মানুষকে বিলাসী, আরামপ্রিয়, কর্মবিমুখ ও স্বার্থপর প্রাণীতে পরিণত করে। শেষ পর্যন্ত তার ভোগের ক্ষমতা লোপ পায়। সুখ সম্বন্ধে এদের ধারণা যথার্থ নয়। যথার্থ সুখ পরিভোগ প্রবণতার মধ্যে পাওয়া যায় না, পাওয়া যায় নিরন্তর কাজের মধ্যে, দেশব্রতী ও মানবব্রতী ভূমিকার মধ্যে। সুখ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ভ্রান্তিজনক। তারা ভোগবিলাসিতা, দৈহিক আরাম-আয়েশকে সুখের উৎস ও মাধ্যম বলে মনে করে। আর তাই ভোগবিলাসের নানা উপকরণ আয়ত্তে আনার জন্য তাদের চেষ্টার শেষ থাকে না। ভোগের ধর্ম এই যে তা আরও ভোগাকাঙ্ক্ষার জন্ম দেয়। ফলে সৃষ্টি হয় গভীর অতৃপ্তির। শেষ পর্যন্ত দেখা যায়, ভোগাকীর্ণ জীবন চূড়ান্ত বিচারে সুখ নিশ্চিত করতে পারে না। ভোগই যদি সুখের আকর হতো, তবে বিত্ত ও ক্ষমতাবানেরাই পৃথিবীর সবচেয়ে সুখী বলে গণ্য হতেন। কিন্তু বাস্তবে দেখা যায়, এরাও জীবনে সুখী হতে পারে না। প্রকৃত সুখ পাওয়া যায় মহান কর্ম সম্পাদনে। মানুষের জীবন কর্মের মধ্যেই সৃষ্টিশীল হয়, সার্থক হয়। মানুষের সৃজনক্ষমতা চূড়ান্ত স্ফূর্তি পায় কর্মে। দেশব্রতী, মানবব্রতী কর্মেই মানুষ লাভ করে জীবনের সার্থকতা। এসব কাজের মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্বের, আবেগের, মননশীলতার প্রকাশ ঘটে। মানুষ হয়ে ওঠে সার্থক ও পরিপূর্ণ। মানুষের সৃজনশীল ও সার্থক কর্ম যে সুখবোধের জন্ম দেয়, তার চেয়ে বেশি সুখ আর কিছুতেই উপলব্ধি করা যায় না। দেশের জন্য, মানবতার জন্য যাঁরা আত্মত্যাগের পথ বেছে নেন, তাঁদের সেই আত্মত্যাগের চেয়ে বড় সুখ আর কী আছে? আমাদের দেশে অজস্র শ্রমজীবী মানুষ যারা কঠোর পরিশ্রম করে আমাদের জীবনের অগ্রগতি নিশ্চিত করছে, তারা খুব সামান্য পেয়েই সন্তুষ্ট হয়। শত অভাবের মধ্যেও কর্ম ও ত্যাগের সুখে তারা বেঁচে থাকে। ভোগ ও ত্যাগ মানবজীবনের দুটি বিপরীতধর্মী জীবন-জিজ্ঞাসা। ভোগবিলাসিতা মানুষকে ঠেলে দেয় আত্মাবনতির চরম অন্ধকারাচ্ছন্ন ভুবনে। পক্ষান্তরে ত্যাগের মহান আদর্শ মনুষকে নিয়ে যায় আলোকোজ্জ্বল জীবনপথে। ভোগবিলাসী মানুষের ভোগাকাঙ্ক্ষার কোনো শেষ নেই। তারা যত পায়, তত চায়। তাদের চাওয়া-পাওয়ার যেন কোনো বিরাম নেই, বিশ্রাম নেই। প্রতিনিয়ত ছুটে চলছে তো চলছেই। মনে হয় যেন এই সাধ তাদের মিটবে না কোনো দিনই। কথায়ও আছে, ‘এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি’। কিন্তু চাওয়া-পাওয়ার ঘূর্ণায়মান আবর্তে তাদের জীবন হয়ে ওঠে অস্থির, নিরানন্দ ও দুর্বিষহ। ভোগবিলাসিতা তাদের বিমুখ করে দেয় বৃহৎ জগৎ থেকে। ফলে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতার বিষবাষ্পে তাদের জীবন হয় ভারাক্রান্ত, বেদনাক্লিষ্ট, অবসাদগ্রস্ত। তাদের হূদয়ধর্ম বাঁধা পড়ে যায় স্বার্থের জালে। তাদের প্রাণে বাজে সদা অতৃপ্তির বেদনা। এক কথায় বলা যায়, ভোগলালসা তাদের আলোকোজ্জ্বল সুখময় জীবন থেকে তাদের নিয়ে যায় অন্ধকারাচ্ছন্ন দুঃখময় জীবনে। মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাদের সবকিছু হারিয়ে যায় মহাকালের সর্বনাশা স্রোতে। কবি বলেন, ‘স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শিখেনি বাঁচিতে’। পক্ষান্তরে ভোগ নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ; ত্যাগের মধ্যেই নিহিত মানুষের প্রকৃত সুখ। তার কারণ, ভোগবিলাসিতা জীবনের ধর্ম নয়—জীবনের ধর্ম হচ্ছে কর্ম সম্পাদন, মানবসেবায় জীবন বিসর্জন। কর্ম সম্পাদনই মানুষের জন্য বয়ে আনে চিরকাঙ্ক্ষিত আনন্দ, তৃপ্তি ও প্রশান্তির অমিয়ধারা। কর্ম সম্পাদনের সোনালি পথ বেয়েই মানুষের মধ্যে জন্ম নেয় পরার্থে জীবন উৎসর্গ করার সুমহান সুধাশক্তি-মনুষ্যত্ববোধ।তাই, পরিশেষে বলা যায় যে ভোগ মানুষকে সুখ দিতে পারে না বরং ত্যাগই মানুষকে সুখ দিয়ে থাকে।