৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবসম্প্রসারণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে একটি নমুনা উত্তর আলোচনা করব।দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি?ভাবসম্প্রসারণ: সত্যই জীবনের আরাধ্য। মিথ্যাকে পরিহার করে সত্যকে আঁকড়ে ধরেই জীবনের সার্থকতা প্রতিপন্ন করতে হয়।মানুষের জীবনের পথ সত্য-মিথ্যায় আকীর্ণ। সত্য-সন্ধানী মানুষ চান মিথ্যার কুহকে পথভ্রান্ত না হতে। কিন্তু সত্যকে পাওয়ার কোনো সহজ ও চেনা রাস্তা নেই। জীবনের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই সত্য-মিথ্যার যাচাই হয়। তাই মিথ্যার ছলনার ভয়ে জগৎ ও জীবনবিমুখ হয়ে কেউ যদি কর্মজীবনে পা না বাড়ায়, তবে মিথ্যাকে হয়তো ঠেকানো যায়, কিন্তু সত্যকে উপলব্ধি করা যায় না। জগতে ভালো-মন্দ, সুন্দর-অসুন্দরের মতো সত্য-মিথ্যা পাশাপাশি অবস্থান করে। সত্যের পথ মানুষকে আলোকিত করে, আর মিথ্যার পথ মানুষকে বিভ্রান্ত করে। একদল গোঁড়া সত্য সন্ধানীদের ধারণা, জগৎ সংসারে মিথ্যা কুহকে ভরা। তাই তাঁরা সদাচারের নিয়মনিষ্ঠ সাধনায় ব্রতী হয়ে জগৎ সংসার ও জাগতিক মোহবন্ধনকে পরিহার করার ওপর গুরুত্ব দেন। তাঁদের ভয়, তা না হলে মানুষ ভুলের মোহে পথভ্রান্ত হবে। কিন্তু এভাবে মিথ্যাকে ঠেকাতে গেলে বাস্তবের সঙ্গে জীবন বাস্তব যোগ ঘটে না। ফলে শেষ পর্যন্ত জীবনের সত্য উপলব্ধি করাও সম্ভব হয় না। বস্তুত জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষ সত্য ও মিথ্যাকে চিনতে শেখে। চিন্তা ও কাজে নানা ভুলভ্রান্তির মধ্য দিয়েই মানুষ সত্যের স্বরূপকে চিনে নেয়। ভুলভ্রান্তির অভিজ্ঞতা থেকেই মানুষ সন্ধান পায় সত্য পথের। মিথ্যাকে ঠেকানোর চেষ্টায় জীবনের সব দুয়ার বন্ধ করে দিলে সত্য মানুষের দুয়ারে কখনো আপনা আপনি এসে ধরা দেয় না। সাঁতার শিখতে হলে যেমন পানিতে নামতে হয়, সত্যকে পেতে হলে তেমনি নামতে হয় জীবনের পথে। ভুলভ্রান্তির ভয়ে কর্মবিমুখ হলে তাতে জীবনের সাফল্য আসে না, নিত্যনতুন সত্য আবিষ্কারও সম্ভব হয় না। তবে সত্যই মানবজীবনের কল্যাণ বয়ে আনে। সত্য মানেই কল্যাণ, সত্য মানেই সুন্দর। কিন্তু সত্য কোনো বিচ্ছিন্ন অনুষঙ্গ নয়। সংসারে সত্য ও মিথ্যা, সুন্দর ও অসুন্দর একই সঙ্গে বিরাজ করে। মিথ্যা ও অসুন্দরকে প্রত্যাখ্যানের জন্য দ্বার বন্ধ করে বসে থাকলে চলবে না। কেননা মিথ্যা পরিহার করা মানেই সত্যানুসন্ধানী হওয়া নয়—মিথ্যা পরিহার করার সঙ্গে সঙ্গে সত্যকে আঁকড়ে ধরতে হবে। দ্বার বন্ধ করে সংসার বিচ্ছিন্ন হয়ে থাকলে সত্য ও মিথ্যা উভয় থেকে বিচ্ছিন্ন হতে হয়। প্রকৃতপক্ষে সংসার জীবনের সব কাজকর্ম করে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়পূর্বক সাধ্যমতো সত্যাশ্রয়ী থাকার চেষ্টা করা সবারই কাম্য হওয়া উচিত। বাস্তব জীবনের জটিল পথে সত্য ও মিথ্যা দুই-ই এসে সামনে দাঁড়াবে। মানুষকে তার বিবেক, বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হয়, সে কোনটাকে গ্রহণ করবে, সত্য না মিথ্যা? এই জটিল জীবন পথে ভুলভ্রান্তি আসা স্বাভাবিক। কিন্তু ভুলকেই শেষ মনে করলে চলবে না। ভুলের বন্ধুর পথ অতিক্রম করেই সাফল্যের সোনালি দিগন্তে পৌঁছা যায়। তেমনি মিথ্যাকে মাড়িয়েই সত্যের সুমসৃণ পথে পা রাখা যায়। তাই মিথ্যাকে বাদ দিয়ে সত্যের কল্পনা করা বৃথা। অন্যদিকে মিথ্যা না থাকলে সত্যের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে কিছুতেই উপলব্ধি করা যায় না। তাই সত্যের জন্যই মিথ্যার প্রয়োজন। অতএব মিথ্যার ভয়ে গৃহবন্দী হয়ে থাকার প্রয়োজন নেই।বাইরের দূষিত বায়ুর জন্য কাচের ঘরে বাস করলে পরিণামে মরণকেই বরণ করতে হবে।