অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।(ঘ) স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের অবদান মূল্যায়ন কর।উত্তর: বাংলার স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে শহীদ তিতুমীরের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মুদ্রিত রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করে শহীদের মর্যাদা লাভ করেন তিতুমীর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে একটি স্বনির্ভর ও স্বাধীন সমাজ গঠন করাই ছিল তাঁর ঐকান্তিক বাসনা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের অবদান নিচে আলোচনা করা হলো:১। পলাশীর প্রান্তরে সিরাজ-উদ্-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার সোনালি সূর্য অস্তমিত হয়। দীর্ঘদিন পর ১৮২৫ সালে তিতুমীরই সর্বপ্রথম ব্রিটিশ শাসিত চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুর জেলার একাংশ নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেন। তিনি স্বাধীনতাকামী মানুষের জন্য অসীম সাহস ও শক্তি যোগাতে প্রেরণার উৎস হিসেবে কাজ করেন।২। বাঙালির স্বাধিকার আন্দোলনে তিতুমীর মানুষকে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার শিক্ষা দিয়েছিলেন। তিতুমীরের কাছে ভারী অস্ত্র ছিল না; ছিল তাঁর অদম্য সাহস ও জনগণের অকুণ্ঠ সমর্থন এবং তাঁর নিজস্ব লাঠিয়াল আজাদী বাহিনী। সাধারণ মানুষের অধিকার আদায়ের কারণেই বারাসাতের বিদ্রোহে তাঁর পক্ষে ৮৩,০০০ কৃষকসেনা যোগদান করেছিলেন।৩। তিতুমীর ছিলেন আজীবন অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় স্বরূপ। তিনি সাধারণ জনগণের জন্য নিঃস্বার্থভাবে জমিদার, নীলকর ও জোতদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধকল্পে বিশাল লাঠিয়াল বাহিনী গঠন করেন। এ বাহিনী নিরস্ত্র শান্তিকামী ও স্বাধীনতাকামী মানুষের জন্য বিরাট প্রেরণা হিসেবে কাজ করেছিল।৪। তিতুমীর বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ অনিবার্য। তিনি ১৮৩১ সালে নারিকেলবাড়িয়ায় ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করে অদম্য সাহস ও দৃঢ় মনোবল নিয়ে শক্তিশালী ইংরেজ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। কিন্তু কামানের গোলার আঘাতে তিতুমীরের বাঁশের কেল্লা চূর্ণ-বিচূর্ণ হয়ে তিতুমীরসহ প্রায় ৪০ জন যোদ্ধা ঘটনাস্থলে শহীদ হন। বিচারে বন্দীদের ফাঁসি দেওয়া হয়। তিতুমীরের জমিদার, নীলকর ও ইংরেজ বিরোধী সংগ্রাম পরবর্তীকালের সব আন্দোলনে প্রেরণার উৎস হয়ে আছে।