৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।‘ক’ বিদেশি শাসনের অধীন একটি উপনিবেশ। ওই ঔপনিবেশিক শাসকগোষ্ঠী সেই অঞ্চলের বিশাল এলাকার আবাদি জমি বলপূর্বক দখল করে নেয় এবং কৃষকদের দিয়ে আখ চাষে বাধ্য করে। ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা ন্যায্য ক্ষতিপূরণ এবং বিকল্প চাষের জমির দাবিতে বিদ্রোহ শুরু করেন। বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করলে সরকার একটি কমিশন গঠন করে। প্রশ্ন: ক. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? প্রশ্ন: খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. অনুচ্ছেদে বর্ণিত কৃষক বিদ্রোহের সঙ্গে ঊনবিংশ শতাব্দীতে সংঘটিত কোন বিদ্রোহের সাদৃশ্য রয়েছে—ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকে বর্ণিত এ আন্দোলন পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করেছিল—বিশ্লেষণ করো। উত্তর: ক. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।উত্তর: খ. ফরায়েজি আন্দোলন হচ্ছে একটি ধর্মীয় সংস্কারবাদী আন্দোলন। ধর্মীয় সংস্কারের পাশাপাশি এটি ছিল কৃষক আন্দোলন। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর জমিদার, নীলকর ও মহাজনদের অমানুষিক নির্যাতন এবং ইসলামবিরোধী কার্যকলাপ থেকে এ দেশের মুসলমানদের রক্ষা করার জন্য হাজি শরীয়তউল্লাহ ফরজভিত্তিক যে আন্দোলনের নেতৃত্ব দেন, সে আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। ‘ফরজ’ শব্দ থেকেই এ আন্দোলনের নাম ফরায়েজি করা হয়েছে। ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম সমাজকে আত্মচেতনায় উদ্বুদ্ধ করা। ফরায়েজি আন্দোলন বাংলার কৃষকদের জন্য জাগরণ সঞ্চার করে। উত্তর: গ. অনুচ্ছেদে বর্ণিত কৃষক বিদ্রোহের সঙ্গে ঊনবিংশ শতাব্দীতে সংঘটিত নীল বিদ্রোহের সাদৃশ্য রয়েছে। নীলকরেরা নীল উৎপাদিত অঞ্চলে কুঠি স্থাপন করে তারা কৃষকদের উৎকৃষ্ট জমিতে দাগ দিয়ে নীল চাষে বাধ্য করত। যেসব কৃষক নীল চাষ করতে সম্মত হতো না, তাদের ওপর নীলকরেরা চালাত অমানুষিক নির্যাতন। অন্যদিকে অনুচ্ছেদে বর্ণিত ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর মদদপুষ্ট কোম্পানিও চিনিকল স্থাপন করে এবং কোম্পানি কর্তৃক ওই অঞ্চলের বিশাল আবাদি জমি বলপূর্বক দখল করা হয়। কৃষকদের তারা আখ চাষে বাধ্য করে। নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৃষকেরা যেমন নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন, ঠিক তেমনি অনুচ্ছেদে বর্ণিত শাসকগোষ্ঠীর মদদপুষ্ট কোম্পানির বিরুদ্ধেও ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা ন্যায্য ক্ষতিপূরণ এবং বিকল্প চাষের জমির দাবিতে বিদ্রোহ শুরু করেন। নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার যেমন ‘নীল কমিশন’ গঠন করে, তেমনি অনুচ্ছেদের ঔপনিবেশিক সরকারও একটি কমিশন গঠন করে। সুতরাং অনুচ্ছেদে বর্ণিত কৃষক বিদ্রোহের সঙ্গে নীল বিদ্রোহের সাদৃশ্য বিদ্যমান এ কথা নির্দ্বিধায় বলা যায়।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত এ আন্দোলনকে নীলবিদ্রোহের সঙ্গে তুলনা করা যেতে পারে। উদ্দীপকের ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর মদদপুষ্ট কোম্পানি নীলকরদের প্রতিচ্ছবি। তাই জমিদার, নীলকরদের বিরুদ্ধে নীলচাষিদের যে আন্দোলন সংঘটিত হয়েছিল এবং এ আন্দোলন পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করেছিল—এ আন্দোলনই এখানে প্রণিধানযোগ্য। হিন্দু, মুসলিম, জাতি, বর্ণ, ধর্ম-নির্বিশেষে সব নীলচাষির পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দৃঢ়তার ফলে নীল বিদ্রোহ সাফল্যমণ্ডিত হয়। প্রথমদিকে এ আন্দোলন ছিল শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’। এ আন্দোলনে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে মহাত্মা গান্ধী বিংশ শতাব্দীর প্রথমভাগে ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলন শুরু করেন। নীল বিদ্রোহ ভারতীয়দের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে। অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করলে যে সাফল্য পাওয়া যায়, তা নীল বিদ্রোহের কাছ থেকে শিক্ষণীয়। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকে বর্ণিত কৃষক বিদ্রোহ তথা নীলবিদ্রোহ পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করেছিল। নীল বিদ্রোহ পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলন তথা ভারত স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা জুুগিয়েছিল।