অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের ৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব’ থেকে সৃজনশীলপদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। জব্বর মিয়া অবস্থানসম্পন্ন শিক্ষিত কৃষক, তার ছেলেমেয়ের সংখ্যা ১২ জন। তিনি মনে করেন ‘মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি।’ তাঁর বড় ছেলেকে দশম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে করান। তার ঘরেও এখন চারজন মেয়ে। জব্বর মিয়া নাতনিদের স্কুলে না পাঠিয়ে গৃহস্থালির কাজে উৎ সাহ দেন।ক. বিবিএস ২০০৭ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?খ. জনসংখ্যা বৃদ্ধি ‘মূলধন গঠন’ ব্যাহত করে—ব্যাখ্যা করো।গ. জব্বর সাহেবের পরিবারে জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ কাজ করছে, ব্যাখ্যা করো। ঘ. জব্বর সাহেবের পরিবারের সদস্য সংখ্যা কম রাখার ক্ষেত্রে কোন উপায়গুলো অধিক কার্যকর বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।উত্তর: ক. বিবিএস ২০০৭ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ ইউএস ডলার।উত্তর: খ. অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বৃদ্ধির জন্যে মূলধন গঠন একান্ত প্রয়োজন। পরিবারে লোকসংখ্যা যে হারে বাড়ে আয় সে হারে বাড়ে না। তাই আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় হার খুবই নগণ্য, ফলে মূলধন গঠন ব্যাহত হয়। উত্তর: গ. জব্বর সাহেবের পরিবারে জনসংখ্যা বৃদ্ধির জন্য সামাজিক কারণই দায়ী। সামাজিক কারণগুলো হলো—শিক্ষার অভাব, নারী শিক্ষার অভাব, ধর্মীয় কুসংস্কার, বাল্যবিবাহ ও পুত্রসন্তান কামনা ইত্যাদি।অনুচ্ছেদের জব্বর সাহেবের পরিবারে শিক্ষার অভাব রয়েছে। তাই তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সঠিকভাবে অনুভব করতে পারে না। আবার তিনি শিক্ষার অভাবে ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন, যা ১২টি সন্তান জন্মের জন্য দায়ী। জব্বর সাহেবের বড় ছেলে অল্প বয়সে বিয়ে করেছে, তার বাল্যবিবাহের ফলে বিবাহিত জীবন দীর্ঘ হয় এবং পুত্রসন্তানের আশায় ৪টি মেয়ের জন্ম হয়।উপরের আলোচনা থেকে বলতে পারি, জব্বর সাহেবের পরিবারে জনসখ্যা বৃদ্ধির জন্য সামাজিক কারণই কাজ করেছে।উত্তর: ঘ. জব্বর সাহেবের পরিবারে জনসংখ্যা কম রাখার ক্ষেত্রে শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ, পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি উপায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।অনুচ্ছেদের জব্বর সাহেব অশিক্ষিত এবং শিক্ষা গ্রহণের ব্যাপারেও তেমন আগ্রহ নেই। ফলে তিনি ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন। অর্থাৎ যিনি মুখ দিয়েছেন, আহারও তিনি দেবেন এমন বিশ্বাস করেন। ছেলেকে অল্প বয়সে বিয়ে করানোর ফলে সন্তানসংখ্যা বেড়ে যায়। তাঁর পরিবারে নারীর কোনো ক্ষমতা নেই। তাই ছেলের সংসারে পুত্রসন্তানের আশায় মেয়ের সংখ্যা হয় চারটি।সুতরাং আমি মনে করি জনসংখ্যা হ্রাসের অর্থনৈতিক উন্নয়ন, জনসংখ্যার পুনর্বণ্টন, আন্তর্জাতিক স্থানান্তর, বহুমুখী কর্মসংস্থান, মা ও শিশুর স্বাস্থ্য ইত্যাদি উপায় জব্বর সাহেবের পরিবারে অধিক কার্যকর।