বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাপ্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো। গতকালের উদ্দীপকটি নিশ্চয়ই তোমরা পড়ে থাকবে। নিচের প্রশ্নোত্তরটি অনুশীলন করো।প্রশ্ন: (গ) মানুষের সব রকম মৌলিক সম্পর্কের পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: সামাজিক কাঠামোর পরিবর্তন এবং সমাজের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আচার-আচারণের পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন। সমাজ কাঠামো ও সমাজের কার্যাবলি পরিবর্তিত হলে বুঝতে হবে সামাজিক পরিবর্তন ঘটেছে। শিল্পায়নের প্রভাবে উৎপাদন, কর্মসংস্থান ও মানুষের আয় বৃদ্ধি পায়। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। শিল্পায়নের কারণে অনেক ক্ষেত্রে নগর গড়ে ওঠে। এতে সমাজ কাঠামোর পরিবর্তন ঘটে। সামাজিক স্তরও নতুনভাবে বিন্যস্ত হয়। মানুষের অর্থনৈতিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন ঘটে। সমাজে শিক্ষার সম্প্রসারণ ঘটলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। দৃষ্টিভঙ্গি উন্নত হয়। রুচিবোধ পাল্টে যায়। শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক বল বৃদ্ধি পায় বলে সামাজিক মূল্যবোধও সম্প্রসারিত হয়। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ও প্রয়োগের ফলে উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ঘটে। মানুষের জীবনমান উন্নত হয়। উন্নত প্রযুক্তির প্রভাবে মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক দিকে পরিচালিত হয়। আবার যোগাযোগ উন্নয়নে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। শিক্ষা ও প্রযুক্তির বিস্তার ঘটে। ফলে মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ ত্বরান্বিত হয়। শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের মনোভাব পরিবর্তিত হয়। রাজনৈতিক ক্ষেত্রে মানুষের নতুন দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়। সময়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নিজেদের সংস্কার করে। এভাবে বিভিন্ন সূচকের প্রভাবে সমাজের কাঠামো, সামাজিক শ্রেণী, অর্থনৈতিক অবকাঠামো, রাজনৈতিক প্রতিষ্ঠান, মানুষের আচার-আচরণ, জীবনপ্রণালি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। সর্বোপরি সামাজিক পরিবর্তনের অর্থ হলো মানুষের সব রকম মৌলিক সম্পর্কের পরিবর্তন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল