৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: সৃজনশীল পদ্ধতি: সামাজিক বিজ্ঞান
অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সুজলা সুফলা আমাদের এই মাতৃভূমি। মাতৃভূমিকে ভালোবাসে না এমন একটি মানুষও হয়তো পাওয়া যাবে না। তবে কেউ কেউ দেশমাতৃকাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ভালোবেসেছেন। শহীদ তিতুমীর এই বরেণ্য ব্যক্তিদের একজন। দেশমাতৃকার জন্য তাঁদের অবদান চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম এত গভীর যে তাঁরা দেশ-কালের ঊর্ধ্বে স্থান করে নিয়েছেন। অসাম্প্রদায়িক মানুষটি নিজের জীবন দিয়ে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে আছেন।প্রশ্ন: (ক) তিতুমীর কে ছিলেন? উত্তর: ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে যে নামটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মুদ্রিত, সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যিনি অস্ত্র ধারণ করে শহীদের মর্যাদা লাভ করেন; সেই মহান ব্যক্তিত্ব হলেন তিতুমীর।প্রশ্ন: (খ) বারাসাত বিদ্রোহ সম্বন্ধে যা জান লিখ।উত্তর: ইংরেজ শাসন-শোষণ থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তিতুমীর কৃষক সম্প্রদায়কে সংগঠিত করে তোলেন। তিনি নীলকর ও জমিদারদের বিরুদ্ধে অস্ত্রধারণের জন্য বাংলার জনগণকে উৎসাহিত করেন। জমিদার তিতুমীরের সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেন। সরকারের কাছে প্রতিকার চেয়ে তিতুমীর ব্যর্থ হন। এরপর তিনি প্রত্যক্ষভাবে অস্ত্রধারণ করেন এবং বারাসাতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি চব্বিশ পরগনার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে এক স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তাঁকে দমনের জন্য বারাসাতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী প্রেরণ করা হয়। এ বাহিনী তাঁর হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। এটিই ইতিহাসে ‘বারাসাত বিদ্রোহ’ নামে পরিচিত।প্রশ্ন: (গ) তিতুমীরের দেশের জন্য প্রাণ বিসর্জন আমাদের কীভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে? উত্তর: তিতুমীর জমিদারদের উৎপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন নিষ্ফল প্রমাণিত হয়। বরং তাঁকে দমন করার জন্য ইংরেজরা মরিয়া হয়ে ওঠে। ফলে সরকারের সঙ্গে তাঁর সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে এবং তিনি প্রকাশ্যে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। সরকার তিতুমীরকে শায়েস্তা করার জন্য বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে নির্দেশ দেয়। বারাসাতের বিদ্রোহ নামে খ্যাত এ যুদ্ধে ইংরেজ বাহিনী তিতুমীরের হাতে পরাজিত হয়। অতঃপর ১৮৩১ সালে লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ডের অধীনে এক শক্তিশালী সামরিক বাহিনী প্রেরণ করা হয়। এ বাহিনীর কামানের গোলায় তিতুমীরের বাঁশের কেল্লা ভেঙে পড়ে। তিতুমীর শহীদ হন। তাঁর এ আত্মত্যাগের ফলে তিনি ভবিষ্যৎ স্বাধীনতাকামী সাহসী মুক্তিযোদ্ধাদের পথপ্রদর্শক হিসেবে অমর হয়ে আছেন। তিতুমীর একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তাঁর এ আত্মত্যাগের ঘটনা আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। তিতুমীর প্রমাণ করে গেছেন, দেশের জন্য মানুষ প্রাণ দিতেও দ্বিধা করে না। তাঁর এ আদর্শ আমাদের একটি শোষণমুক্ত সমাজ গড়তে উৎসাহ যোগায়। আমাদের উদ্বুদ্ধ করে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হতে। তিতুমীর আমাদের বহু আন্দোলনের পথপ্রদর্শক—এ কথা দিবালোকের মতো সত্য। তাঁর এ প্রাণ বিসর্জন আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল