সৃজনশীল প্রশ্ন জাগো গো ভগিনীশরীফা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি সৃজনশীল ও মেধাবী তরুণ শিক্ষক। শিক্ষা ও গবেষণায় প্রশংসা কুড়াচ্ছেন। স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে গবেষণা করার আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু তাঁর স্বামী ইঞ্জিনিয়ার কায়েস তাঁকে বাধা দেন। তিনি তাঁর স্ত্রীর উচ্চশিক্ষা ও গবেষণা করার পক্ষে নন। স্বামীর বাধা উপেক্ষা করে তিনি বিদেশে যেতে চাইলে স্বামী স্ত্রীকে নির্যাতন করেন। এমনকি এক রাতে আঘাত করে শরীফার একটি হাত ভেঙে দেন।প্রশ্ন: ক. ‘স্ত্রী শিক্ষাকে নমস্কার’—এর অর্থ কী?প্রশ্ন: খ. বেগম রোকেয়া পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলেন না কেন?প্রশ্ন: গ. উদ্দীপকের শরীফার উচ্চশিক্ষা ও গবেষণাকর্মে বাধাপ্রাপ্ত হওয়ার মূল কারণ কী? ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের আলোকে তা চিহ্নিত করো।প্রশ্ন: ঘ. শরীফার মতো নারীদের পুরুষের নির্যাতন থেকে বেরিয়ে আসার পথ কী? ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের আলোকে তোমার অভিমত ব্যক্ত করো।উত্তর: ক. ‘স্ত্রী শিক্ষাকে নমস্কার’-এর অর্থ স্ত্রীশিক্ষার প্রয়োজন নেই। উত্তর: খ. লেখিকার মতে, পাস করা বিদ্যা দ্বারা মানুষের সৃজনশীলতা জাগ্রত হয় না। শিক্ষার অর্থ হলো মানুষের সামগ্রিক সত্তা দিয়ে বুদ্ধিবৃত্তির অনুশীলন করা। পাস করা বিদ্যা হলো পরের অনুকরণমূলক শিক্ষা। এর দ্বারা কখনো সৃজনশীলতা বা চিন্তাশক্তি জাগ্রত হয় না। জাগ্রত হয় না তার অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাও। তাই লেখিকা কেবল পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলেননি।উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত শরীফা পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির কারণে উচ্চশিক্ষা ও গবেষণাকর্মে বাধাপ্রাপ্ত হয়েছেন। শিক্ষা সম্পর্কে আমাদের সমাজে নারী-পুরুষ উভয় সমাজেই ভ্রান্ত ধারণা বিরাজমান আছে। আমাদের দেশের বিদ্যালয়ের পাস করা বিদ্যা প্রকৃত শিক্ষা নয়। বেগম রোকেয়ার মতে, যে শিক্ষা ব্যক্তির সৃজনশীলতা বিকাশ করে না, তা প্রকৃত শিক্ষা নয়। এ বিচারে উদ্দীপকের শরীফা সৃজনশীল ও মেধাবী। উচ্চশিক্ষা ও গবেষণাকর্মে সুনাম অর্জন তাঁর সৃজনশীলতারই প্রমাণ। কিন্তু কায়েস উচ্চশিক্ষিত ও ইঞ্জিনিয়ার হলেও তাঁর মধ্যে প্রকৃত শিক্ষা নেই। তিনি বিদ্যালয়ের পাস করা বিদ্যা বা কেবল সার্টিফিকেটই লাভ করেছেন; কিন্তু সত্যিকার শিক্ষার আলো তাঁর মধ্যে নেই। হাজার বছর ধরে চলে আসা পুরুষ সমাজের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে—নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই। নারীজাতি কেবল সন্তান ধারণ-জন্ম-পালনের জীব মাত্র। এই অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মনমানসিকতার অধিকারী উদ্দীপকের কায়েস। সুতরাং বলা যায়, শরীফার গবেষণাকর্মে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য কায়েসের কুসংস্কারাচ্ছন্ন ও বিভ্রান্ত দৃষ্টিভঙ্গিই মৌল কারণ হিসেবে দায়ী।উত্তর: ঘ. এ দেশের বহুল আলোচিত বিষয় হলো নারী নির্যাতন। এই নারী নির্যাতন কি শিক্ষিত, কি অশিক্ষিত উভয় সমাজেই লক্ষ করা যায়। উদ্দীপকে বর্ণিত শরীফাও শিক্ষিত পুরুষ সমাজ কর্তৃকই নির্যাতনের শিকার। এ নির্যাতন থেকে বেরিয়ে আসার একমাত্র পথ প্রকৃত শিক্ষালাভ করা। প্রকৃত শিক্ষালাভ নারী-পুরুষ উভয়েরই সমান প্রয়োজন। শিক্ষার অভাবেই মানুষ অন্ধ, গোঁড়া ও কুসংস্কারাচ্ছন্ন হয়। কায়েস উচ্চশিক্ষিত হলেও তিনি পাস করা বিদ্যার সার্টিফিকেটধারী। তাঁর মধ্যে যেমন সৃজনশীলতা নেই, তেমনি মনুষ্যত্ব বোধও নেই। সুশিক্ষার অভাবেই তাঁর মধ্যে পাশবিক সত্তা জাগ্রত। নারী জাতির মর্যাদাবোধও তাঁর মধ্যে নেই। স্বীয় স্ত্রীর সৃজনশীলতা, মেধা, উচ্চতর গবেষণাকর্মের প্রতি মূল্যায়নী শিক্ষা কায়েসের মধ্যে নেই। পাশাপাশি তিনি আবহমানকালের পুরুষ সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী। তাঁর এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অর্থাৎ কায়েসের প্রচলিত ও গতানুগতিক পাস করা বিদ্যা দ্বারা গড়ে ওঠা মানসিকতার আমূল বদল প্রয়োজন। আর এ জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা, যে শিক্ষা তার সৃজনশীলতা, অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে জাগ্রত করবে। অর্থাৎ সুশিক্ষার আলোয় যদি তিনি বদলে যান, তাহলে তাঁর স্ত্রী নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ থেকে মুক্ত হতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আর কায়েসের বদলে যাওয়ার মতো সব পুরুষ বদলে গেলে সমাজের এই নারী নির্যাতনের চিত্রও বদলে যাবে বলে আমার দৃঢ় অভিমত।