সমাসপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা উপস্থাপন করছি। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। তোমরা এ পাঠ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বাংলা বাক্যে শব্দ ব্যবহারে অনেক সচেষ্ট হবে।প্রশ্ন: সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা কী?উত্তর: সমাস মানে সংক্ষেপে মিলন, একাধিক পদের একপদীকরণ। সুতরাং, দুই বা বহুপদের একপদে পরিণত হওয়ার নামই সমাস।যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। মধু দ্বারা মাখা = মধুমাখা ইত্যাদি। সমাজের প্রয়োজনীয়তা: বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। যেমন: সিংহ চিহ্নিত আসন বললে যে সময় বা আয়াসের প্রয়োজন হয়, ‘সিংহাসন’ বললে অল্প আয়াসের প্রয়োজন হয় এবং বাক্যে নতুন শব্দের সৃষ্টি হয়। ভাষার সংক্ষিপ্ততা, শ্রুতিমধুরতা, সৌন্দর্য বৃদ্ধি প্রভৃতির জন্য সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। এটি শব্দ তৈরি ও প্রয়োগের বিশেষ রীতি। সমাসের সাহায্যে বক্তব্যের বিষয় সুন্দরভাবে প্রকাশ করা চলে। সুতরাং বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশ্ন: সমাসের কয়টি অংশ? এগুলোর পরিচয় দাও।উত্তর: সমাস নির্ণয়ের চারটি অংশ রয়েছে।১. ব্যাসবাক্য ২. সমস্ত পদ ৩. পূর্বপদ ও ৪. পরপদ। ব্যাসবাক্য: সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন। সমস্ত পদ: সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদটির নাম সমস্ত পদ। যেমন: সিংহাসন। পূর্বপদ: সমস্ত পদের পূর্ব (প্রথম) অংশকে বলে পূর্বপদ। যেমন: ‘সিংহাসন’ সমস্ত পদের সিংহ হলো পূর্বপদ। পরপদ: সমস্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে। যেমন: ‘সিংহাসন’ শব্দের ‘আসন’ হলো পরপদ।প্রশ্ন: সমাস মূলত চার প্রকার—ব্যাখ্যা করো। উত্তর: সমাস সাধারণত ছয় প্রকার। যথা: দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব ও বহুব্রীহি সমাস। কিন্তু বাংলা ভাষার সমাসবদ্ধ পদগুলোকে ব্যাসবাক্যের আলোকে বিচার করলে দেখা যায়, পদগুলোতে কখনো পূর্বপদের, কখনো পরপদের, কখনো উভয় পদের আবার কখনো সমস্যমান পদ দ্বয়ের কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় অর্থের প্রাধান্য দেখা যায়। এই অর্থ প্রাধান্যের বিচারে সমাসকে চার শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। যথা:পূর্বপদের অর্থ প্রাধান্য সমাস = অব্যয়ীভাব।পরপদের অর্থ প্রাধান্য সমাস = তৎপুরুষ।উভয় পদের অর্থ প্রাধান্য সমাস = দ্বন্দ্ব সমাস। তৃতীয় পদের অর্থ প্রাধান্য সমাস = বহুব্রীহি সমাস। ড. এনামুল হক এই বিভাগ প্রস্তাব করেছেন এবং কর্মধারয় ও দ্বিগুকে পরপদের অর্থপ্রধান সমাস হিসেবে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। সমাস গঠনের মূল যেহেতু দুটি মাত্র পদ। সুতরাং বাংলা ভাষায় সমাস মূলত চার শ্রেণীর অধিক হতে পারে না। প্রশ্ন: দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: দ্বন্দ্ব: যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তালতমাল। দোয়াত ও কলম = দোয়াত-কলম ইত্যাদি। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে এবং ও আর—এ তিনটি অব্যয় পদ ব্যবহূত হয়। দ্বন্দ্ব সমাস বিভিন্নভাবে সাধিত হতে পারে। নিচে এগুলোর আলোচনা করা হলো। মিলনার্থক দ্বন্দ্ব: একাধিক পদের মিলন বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মা ও বাপ = মা-বাপ। মাসি ও পিসি = মাসি-পিসি। বিরোধার্থক দ্বন্দ্ব: বিরোধ সম্পর্কে যুক্ত পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: অহি ও নকুল = অহি-নকুল, দা ও কুমড়া = দাকুমড়া ইত্যাদি। সমার্থক দ্বন্দ্ব: একার্থবোধক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: কাগজ ও পত্র = কাগজপত্র। ঘর ও বাড়ি = ঘরবাড়ি। বিপরীতার্থক দ্বন্দ্ব: বিপরীতার্থক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: ছোট ও বড় = ছোট-বড় ইত্যাদি। অলুক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মায়ে ও ঝিয়ে = মায়েঝিয়ে, হাতে ও কলমে = হাতেকলমে ইত্যাদি। বহুপদী দ্বন্দ্ব: দুয়ের অধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন: সাহেব বিবি ও গোলাম = সাহেব বিবি-গোলাম, তেল-নুন-লাকড়ি = তেল-নুন-লাকড়ি ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল