বঙ্গবাণীপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।এক. মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি/দেশি ভাষা উপদেশে মনে হিত অতি।দুই. বাংলার কাব্য বাংলা ভাষা/মিটায় আমার প্রাণের পিপাসা।ক) প্রথম চরণ দুটি কোন কবিতার অংশবিশেষ?খ) ‘প্রাণের পিপাসা’ বলতে কবি কী বুঝিয়েছেন?গ) উদ্ধৃত স্তবক দুটির বক্তব্যে সাদৃশ্য কোথায়? বর্ণনা করো।ঘ) ‘ভাষার প্রতি চিরন্তন অনুভূতির প্রকাশ ঘটেছে এই দুই কবির কবিতায়’—মন্তব্যটির যথার্থতা বিচার করো।উত্তর: ক. প্রথম চরণ দুটি ‘বঙ্গবাণী’ কবিতার অংশ বিশেষ।উত্তর: খ. প্রাণের পিপাসা বলতে কবি মনের ভাব প্রকাশের আকুলতাকে বুঝিয়েছেন।বাংলা ভাষা কবির প্রাণের ভাষা। এ ভাষায় কথা বলে কবি মনের ভাবাবেগ প্রকাশ করেন; হূদয়ের কথা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ ভাষায় কথা বলে তার মনের ভাব প্রকাশের তৃষ্ণা মেটে, যা অন্য ভাষায় মোটেও সম্ভব নয়। ভাব প্রকাশের এই আকুলতাই কবির প্রাণের পিপাসা।উত্তর: গ. বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসাই উদ্ধৃত স্তবক দুটির সাদৃশ্য।উদ্ধৃত স্তবকের প্রথম অংশে ভাষাপ্রেমের মাধ্যমে ভাষাচর্চার প্রতি কবি গুরুত্ব দেখিয়েছেন। কারণ আমরা যে ভাষায় কথা বলি সে ভাষাতেই আমাদের পূর্বপুরুষের অর্জিত জ্ঞান ও হিতোপদেশ রক্ষিত রয়েছে। বাংলা ভাষাকে অবহেলা করলে আমরা সেই ধারা থেকে ছিটকে পড়ব, বঞ্চিত হব শিকড়ের সন্ধান থেকে। দ্বিতীয় স্তবকে ‘বাংলা আমার’ কবিতায় আমরা দেখি, বাংলা ভাষার কাব্য গুণকীর্তনের মধ্য দিয়ে কবি কায়কোবাদের ভাষার প্রতি আকুলতার বহিঃপ্রকাশ।‘বঙ্গবাণী’ কবিতায় কবি বাংলা ভাষার শিকড়সন্ধানী মনোভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন, বাংলা ভাষা আমাদের বংশানুক্রমিক ভাষা। এ ভাষায় আমাদের পিতা-মাতাসহ পূর্বপুরুষদের হিতোপদেশসমূহ রক্ষিত রয়েছে; তাই এ ভাষায় আমাদের ঐতিহ্য ও মঙ্গল নিহিত। দ্বিতীয় স্তবকে দেখা যাচ্ছে, কবি বাংলা ভাষায় রচিত কাব্য এবং সেই ভাষা কবির প্রাণের আকুল পিপাসা মেটায়—যা অন্য ভাষা পারে না। কবিদ্বয়ের অকৃত্রিম মনোভাব ভাষাপ্রেমের সঙ্গে সঙ্গে দেশপ্রেমের সদৃশ হয়ে উভয় স্তবকে ধরা দেয়, মূলত এখানেই স্তবক দুটি মূল সাদৃশ্য।উত্তর: ঘ. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম ভাষার প্রতি চিরন্তন অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন; উদ্দীপকের দ্বিতীয় স্তবকের কবি কায়কোবাদও তাঁর ‘বাংলা আমার’ কবিতায় ভাষার প্রতি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন—অনুভূতির এই ক্ষেত্রে উভয় কবির কবিতা সাদৃশ্যপূর্ণ।বঙ্গবাণী কবিতায় ভাষাপ্রেমের এক স্বাজাত্যবোধ মনোভাব আমরা কবিহূদয়ে খুঁজে পাই। বঙ্গবাণী কবিতায় ফুটে উঠেছে মধ্যযুগের বাংলা ভাষার অবস্থা ও এর প্রতি মানুষের অবহেলা। এ ভাষার প্রতি কবির সেই মনোভাব দূর হয়ে ভাষার প্রতি এক অসীম দরদ ফুটে উঠেছে—যা উদ্দীপকের দ্বিতীয় স্তবকের কবিতায়ও প্রকাশ পেয়েছে তারই ধারাবাহিকতা।বঙ্গবাণী কবিতায় কবি বাংলা ভাষা, ভাষার বংশপরম্পরা দিকটি তুলে ধরে বলতে চেয়েছেন পিতা-মাতাসহ এখানে জন্ম; এ ভাষায় বেড়ে ওঠা, পথচলা সেই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এর মধ্য দিয়ে বাংলা ভাষার প্রতি কবির মনোভাবাবেগ ধরা পড়ে শ্রদ্ধায় ও ভালোবাসায়। বঙ্গবাণী এবং উদ্দীপকের বাংলা আমার কবিতা উভয় জায়গাতেই মাতৃভাষার প্রতি মমত্ববোধ ও ভাষাপ্রেমের প্রতি কবিদ্বয়ের আন্তরিক মনোভাব ফুটে উঠেছে। আবদুল হাকিম মধ্যযুগেই ভাষা তুলনা করতে গিয়ে বলেছেন, যারা এ দেশে জন্মগ্রহণ করেও এ ভাষাকে ভালোবাসে না, তারা কার জন্ম এ ব্যাপারে সন্দেহ থেকে যায়। তারা কেন এ দেশ ছেড়ে চলে না যায়। বাংলা ভাষা তো আমাদের পূর্বপুরুষের ভাষা। আমাদের ভাব-আবেগ, হাসি-কান্না এ ভাষাতেই প্রকাশ করি; তেমনি কায়কোবাদও তাঁর কবিতায় বাংলাকে স্বর্গ থেকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েও ক্ষান্ত থাকেননি, এ দেশের মানুষ ও তাদের ভাষাকে কবি অন্তরের পিপাসা মেটানো ভালোবাসার সঙ্গে তুলনা করেছেন। অন্য কোথাও গেলে বা অন্য কোনো ভাষায় এ পিপাসা মিটবে না। তাই বলা যায়, ভাবগাম্ভীর্য ও বিষয়গতভাবে ‘ভাষার প্রতি চিরন্তন অনুভূতির প্রকাশ ঘটেছে’ উভয় কবির কবিতাদ্বয়ে।