ক্রিয়ার কাল ও পুরুষপ্রিয় শিক্ষার্থীরা, আজ ক্রিয়ার কাল ও পুরুষ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রশ্ন: প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়ার সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন—মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। প্রযোজক ক্রিয়ার দুটি অংশ থাকে। i. প্রযোজক কর্তা ii. প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা: যিনি বা যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলে। ওপরের বাক্যে ‘মা’ ক্রিয়াটি পরিচালনা করছে বলে ‘মা’ প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা: যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন—ওপরের বাক্যে মায়ের পরিচালনায় শিশুর দ্বারা ক্রিয়াটি সম্পন্ন হয়েছে বিধায় ‘শিশু’ প্রযোজ্য কর্তা। যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলে যদি একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন—ঘটনাটা শুনে রাখো, তিনি বলতে লাগলেন। ওপরের বাক্যদ্বয়ে ‘শুনে রাখো’ ও ‘বলতে লাগলেন’ যৌগিক ক্রিয়া। মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ্, দে, পা, যা, কাট্ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে ক্রিয়া গঠন করায় একে মিশ্র ক্রিয়া বলে। যেমন—আমরা তাজমহল দর্শন করলাম, মাথা ঝিম ঝিম করছে ইত্যাদি মিশ্র ক্রিয়ার উদাহরণ। প্রশ্ন: ক্রিয়ার কাল বলতে কী বোঝ? কাল কত প্রকার ও কী কী? উত্তর: ক্রিয়ার কাল: কাল অর্থ সময়। সুতরাং, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বলে। যেমন— ক) শিল্পী স্কুলে যায় খ) আমি বাড়ি গিয়েছিলাম গ) তুলি আগামীকাল আসবে। ওপরের উদাহরণে প্রথমটিতে ‘যায়’ ক্রিয়াপদ দ্বারা বর্তমানে সংঘটিত কাজ বোঝায়। দ্বিতীয় বাক্যে ‘গিয়েছিলাম’ ক্রিয়াপদ দ্বারা অতীত এবং ‘আসবে’ দ্বারা ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে। ক্রিয়ার কালকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যেমন—ক. বর্তমান কাল খ. অতীত কাল গ. ভবিষ্যৎ কাল। নিচে একটি ছকের সাহয্যে ক্রিয়ার কালের শ্রেণী বিভাগ দেখানো হলো। ক্রিয়ার কাল বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল ক) সাধারণ বর্তমান ক) সাধারণ অতীত ক) সাধারণ ভবিষ্যৎ খ) ঘটমান বর্তমান খ) নিত্যবৃত্ত অতীত খ) ঘটমান ভবিষ্যৎ গ) পুরাঘটিত বর্তমান গ) ঘটমান অতীত গ) পুরাঘটিত ভবিষ্যৎ ঘ) বর্তমান অনুজ্ঞা ঘ) পুরাঘটিত অতীত ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল