ক্রিয়ার কাল ও পুরুষপ্রিয় শিক্ষার্থীরা, আজ ক্রিয়ার কাল ও পুরুষ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রশ্ন: বর্তমান কাল, অতীত কাল ও ভবিষ্যৎ কালের সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: বর্তমান কাল: বর্তমানে ক্রিয়া সংগঠনের সময়কে বর্তমান কাল বলে। যেমন—সে ভাত খায়। অতীত কাল: অতীতে বা পূর্বে ক্রিয়া সংঘটনের সময়কে অতীত কাল বলে। যেমন—সে চলে গেল। শিক্ষক ক্লাস নিচ্ছিলেন ইত্যাদি। ভবিষ্যৎ কাল: ভবিষ্যতে ক্রিয়া সংঘটনের সময়কে ভবিষ্যৎ কাল বলে। যেমন—মালিহা বেড়াতে যাবে। আমি বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেব ইত্যাদি। প্রশ্ন: বর্তমান অনুজ্ঞা ও ভবিষ্যৎ অনুজ্ঞার সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: বর্তমান অনুজ্ঞা: বর্তমান কালের আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝাতে যে ক্রিয়ার রূপ ব্যবহার হয়, তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমন—এখনই এ কাজটি করো (আদেশ অর্থে)। ভবিষ্যৎ অনুজ্ঞা: ভবিষ্যৎ কালের আদেশ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ ও প্রার্থনা বোঝাতে যে ক্রিয়ার রূপ ব্যবহার করা হয়, তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। যেমন—কাল সকালে একবার এসো। প্রশ্ন: পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: পুরুষ: পুরুষ অর্থ ব্যক্তি বা বস্তু। ব্যাকরণে পুরুষ শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহূত হয়। পুরুষ বলতে শুধু পুংলিঙ্গ বাচক কিছু বোঝায় না। ব্যাকরণের পরিভাষায় নর-নারী উভয়ই পুরুষ নামে চিহ্নিত। বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার, যেমন—১. উত্তম পুরুষ, ২. মধ্যম পুরুষ ও ৩. নাম পুরুষ১. উত্তম পুরুষ: যে সর্বনাম ব্যবহার করে বক্তা নিজের সম্পর্কে নিজেই কিছু ব্যক্ত করে, তাকে উত্তম পুরুষ বলে। যেমন—আমি, আমরা আমাদের ইত্যাদি। ২. মধ্যম পুরুষ: কারও সঙ্গে কথা বলার সময় তাকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে মধ্যম পুরুষ বলে। যেমন—তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা ইত্যাদি। ৩. নাম পুরুষ: অনুপস্থিত বা দূরবর্তী কারও সম্পর্কে কিছু বলতে হলে তাকে বোঝাতে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয়, তাকে নাম পুরুষ বলে। যেমন—সে, তিনি, রহিম ইত্যাদি। প্রশ্ন: পুরুষ ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়, কিন্তু বচন ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয় না—উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর: পুরুষকে তিন ভাগে ভাগ করা হয়। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ। বাংলা ভাষায় পুরুষ ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়, নিচে একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো ‘খেলা’ একটি ক্রিয়াপদ। এই পদটি বিভিন্ন পুরুষ ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে। যেমন—উত্তম পুরুষ—আমি খেলি। মধ্যম পুরুষ—তুমি খেলো। এবং নাম পুরুষ—সে, রা, তিনি খেলে।এখানে দেখা যাচ্ছে ‘খেলা’ ক্রিয়াপদটি পুরুষ ভেদে অর্থাৎ উত্তম পুরুষে ‘খেলি’, মধ্যম পুরুষে ‘খেলো’ এবং নাম পুরুষে খেলে রূপ পরিগ্রহ করেছে। অতএব, বলা যায় পুরুষ ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়। কিন্তু বচন ভেদে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় না। নিচে উদাহরণের সাহায্যে দেখানো হলো। ‘খেলা’ ক্রিয়াপদটির বচন ভেদে কোনো পরিবর্তন নেই। সুতরাং বলা যায়, পুরুষ ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয় কিন্তু বচন ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয় না উক্তিটি সত্য।