তথ্যপ্রযুক্তি সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তথ্যপ্রযুক্তি’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। # দেশের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। দেশের প্রতিটি শিক্ষক ও প্রতিটি শিশুর হাতে পর্যায়ক্রমে কম্পিউটার প্রদানের পদক্ষেপও নেওয়া হয়েছে। ১০০ কোটি টাকার একটি ডিজিটাল শিক্ষাকেন্দ্র স্থাপনের জন্য সরকারের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি কাজ করছে। এই নতুন তথ্যপ্রযুক্তির বিপ্লবে আমাদের অংশ নিতেই হবে। প্রশ্ন: ক. কোন যন্ত্রটি রীতিমতো বুদ্ধিমান যন্ত্র?প্রশ্ন: খ. ‘তথ্যপ্রযুক্তির বিপ্লব’ বলতে লেখক কী বুঝিয়েছেন? প্রশ্ন: গ. ডিজিটাল বাংলাদেশ গড়া কি তথ্যপ্রযুক্তির বিপ্লবের অংশ হিসেবে মনে করো? — তোমার স্বপক্ষে যুক্তি দাও। প্রশ্ন: ঘ. ‘এই নতুন তথ্যপ্রযুক্তির বিপ্লবে আমাদের অংশ নিতেই হবে।’—উদ্দীপকের এ উক্তিটি ‘তথ্যপ্রযুক্তি’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। উত্তর: ক. মোবাইল টেলিফোন যন্ত্রটি রীতিমতো বুদ্ধিমান যন্ত্র। উত্তর: খ. কিছুদিন আগেও কারও কোনো তথ্য জানার প্রয়োজন হলে মানুষেরা বই খুলে দেখত—এখন আর কেউ সেটা করে না। যখন কারও তথ্যের প্রয়োজন হয় সে কম্পিউটার ব্যবহার করে মুহূর্তের মধ্যে সেই তথ্য পেয়ে যায়। গোটা বিশ্ব এখন সবার হাতের মুঠোয় এসেছে তথ্যপ্রযুক্তির কল্যাণে। প্রতিদিনের কাজকে সহজ ও দ্রুত করার বিপ্লবকেই লেখক তথ্যপ্রযুক্তির বিপ্লব বলেছেন। উত্তর: গ. ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারের যে নতুন ঘোষণা, তা অবশ্যই তথ্যপ্রযুক্তির বিপ্লবের অংশবিশেষ। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের বিদ্যমান সমাজের পরিবর্তন করে দেশকে আরও উন্নত, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত করে গড়ে তোলা। শুধু তা-ই নয়, দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ ও প্রদান করাও এর লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের সব মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিনির্ভর করে ডিজিটালের আওতায় আনার বাস্তব পদক্ষেপ গ্রহণ সরকারের ইতিবাচক মনোভাব বলেই মনে হয়। বাস্তবে যখন দেশের সব শিক্ষক ও শিক্ষার্থী কম্পিউটারনির্ভর শিক্ষা লাভ করবে, তখন বলা যাবে দেশ তথ্যপ্রযুক্তির বিপ্লবের লাইনে এসেছে। উদ্দীপকের ও ‘তথ্যপ্রযুক্তি’ প্রবন্ধর আলোকেই বলা যায়, নতুন প্রকল্প তথ্যপ্রযুক্তির বিপ্লব দিয়েই শুরু হয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ গ্রহণ করেছি, তা যে তথ্যপ্রযুক্তির বিপ্লবের অংশ নেওয়া অর্থেই—তাতে কোনো সন্দেহ নেই।উত্তর: ঘ. শিল্প বিপ্লবের মতোই বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির বিপ্লব শুরু হয়ে গেছে। এই বিপ্লবের ঢেউ দেরিতে হলেও আমাদের দেশেও তা শুরু হয়ে গেছে। বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয় ঘোষণা করেছে, তা মূলত তথ্যপ্রযুক্তির বিপ্লবের প্রচ্ছন্ন ঘোষণা। দেশের সব সেক্টরে তথ্যপ্রযুক্তির স্পর্শ লেগে গেছে। বাংলাদেশের মানুষের জীবন এখন কম্পিউটার ইন্টারনেট-নির্ভর হয়ে উঠছে। নতুন প্রজন্মের শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির বিপ্লবের ঘোষণার মধ্য দিয়ে। দেশের সব মন্ত্রণালয় কম্পিউটার—ইন্টারনেটের আওতায় এনে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সরকারি পদক্ষেপ শুরু হয়েছে, তাতে দেশে যে একটা তথ্যপ্রযুক্তির বিপ্লব শুরু হয়ে গেছে তা আজ সর্বজনস্বীকৃত বিষয়। বাংলাদেশের মানুষ যেন এখন তথ্যপ্রযুক্তির যুগে বাস করছে। বিশেষ করে নতুন প্রজন্ম যেভাবে তথ্যপ্রযুক্তিনির্ভর জীবন লাভ করছে, তা একটি নতুন তথ্যপ্রযুক্তির বিপ্লব। সেই বিপ্লবে আমাদের সবার অংশগ্রহণ করা সময়ের অনিবার্য দাবি। ‘তথ্যপ্রযুক্তি’ প্রবন্ধের লেখকও মনে করেন, বর্তমান পৃথিবী হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। এ মুহূর্তে ঠিক শিল্প-বিপ্লবের মতোই গুরুত্বপূর্ণ হলো তথ্যপ্রযুক্তির বিপ্লব। আর যারা এই বিপ্লবে অংশ নেবে তারাই নতুন পৃথিবীর নেতৃত্ব দেবে। তাই উদ্দীপক ও পাঠ্য প্রবন্ধের বিচারে আমাদের এই নতুন তথ্যপ্রযুক্তির বিপ্লবে অংশ নেওয়া সময়ের প্রয়োজন।