দুরন্ত পথিক ১৯৭১, বাংলাদেশের ইতিহাসে শাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে ফেলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধের তারুণ্যশক্তি অভয়মন্ত্রে দীক্ষা লাভ করেছিল। নিপীড়িত ও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে স্বাধীনতাসংগ্রাম, তা-ই চিরায়ত কল্যাণের পথ। নবযুগের উদাত্ত আহ্বানে আত্মোৎসর্গিত এই নবীনপ্রাণ সর্বযুগেই সংগ্রামের পথ বেছে নেয়। জয় তাদের সুনিশ্চিত।ক. পথিক বুকভরা গৌরবের তৃপ্তি তার কণ্ঠে ফুটিয়ে হাঁকিয়ে কী বলে?খ. দুরন্ত পথিককে ‘চিরন্তর মুক্তিকামী’ বলা হয়েছে কেন?গ. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত ‘দুরন্ত পথিক’ কথিকার সাদৃশ্যগুলো চিহ্নিত করো।ঘ. চিরায়ত কল্যাণের পথে নবীনের জয় সুনিশ্চিত হয়ে ওঠে কীভাবে? উদ্দীপক ও ‘দুরন্ত পথিক’ অবলম্বনে তোমার মতামত দাও।ক. উত্তর: এ পথে যে মরণের ভয় আছে।খ. উত্তর: দুরন্ত পথিক হলো দুর্বার তারুণ্যের প্রতীক। মৃত্যুভয়কে তুচ্ছজ্ঞান করে সে সংগ্রামের পথ বেছে নেয়। তারা জানে, মুক্তির পথ বড় বন্ধুর। সে পথে পদে পদে মৃত্যু ওত পেতে থাকে। তবুও কোনো বাধা তাদের অগ্রযাত্রাকে রুদ্ধ করতে পারে না। কারণ, মৃত্যুকে তারা আলিঙ্গন করতে কোনো দ্বিধা করে না। তাদের বিশ্বাস, মৃত্যুর মধ্যেই নবজীবনের সূচনা ঘটে। কোনো মৃত্যুতে দুরন্ত পথিক শেষ হয়ে যায় না। নিরন্তর প্রবহমান মৃত্যুর মধ্যেই রয়েছে নিরন্তর পথিকের পথ চলা। তাই দুরন্ত পথিককে চিরন্তন মুক্তিকামী বলা হয়েছে।গ. উত্তর: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ নানা দিক থেকে নানা মাত্রায় শাসন-শোষণ ও বঞ্চনার শিকারে পরিণত হয়েছিল। এমনকি এ দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে পড়েছিল। এই পরাধীনতার নাগপাশ থেকে দেশ ও জাতিকে রক্ষাকল্পে এবং কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য এ দেশের তরুণসমাজ সংগ্রামের পথ বেচে নিয়েছিল। অর্থাৎ এ দেশের আপামর জনতা মুক্তিযুদ্ধের তারুণ্যশক্তির অভয়মন্ত্রে দীক্ষা লাভ করে দীর্ঘ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। অবশেষে এই সংগ্রামের পথেই এ দেশের মানুষ মুক্তি লাভ করেছিল। সুতরাং এটিই হলো চিরায়ত কল্যাণের পথ। উদ্দীপকের এই বৈশিষ্ট্যগুলো ‘দুরন্ত পথিক’ কথিকার সঙ্গে সম্পূর্ণরূপেই সাদৃশ্যপূর্ণ। এখানে দুরন্ত পথিক দুর্বার তারুণ্যের অধিকারী। সেও বিপ্লবের অগ্নিমঞ্চে দীক্ষিত মুক্তি সৈনিক। মৃত্যুভয়কে তুচ্ছজ্ঞান করে সে সংগ্রামের পথই বেচে নেয়। তার কাছে যেকোনো কল্যাণমূলক কাজে জীবন দেওয়াটাই জীবনের সার্থকতা। দূরন্ত পথিকও স্বাধীনতাকামী। এই স্বাধীনতা অর্জনে মুক্তি-পাগল তরুণ দল অঙ্গীকারবদ্ধ। শুধু তাই নয়, দুরন্ত পথিক চিরন্তন মুক্তিকামী। একাত্তরের মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতাসংগ্রামে জীবন দিয়ে ইতিহাসের পাতায় অমরত্বের নাম লিখিয়েছে। তাদের মৃত্যুর মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের জীবন-সূচনা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপক ও দুরন্ত পথিক কথিকার মধ্যে সাদৃশ্যগুলো দারুণভাবে লক্ষণীয়।ঘ. উত্তর: পৃথিবীতে যেকোনো বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আর এই সংগ্রামের নেতৃত্ব দিযেছে তরুণসমাজ। তরুণেরাই মানবসভ্যতার বিনির্মাতা। পৃথিবীর ভাঙা-গড়া তাদের ওপরই নির্ভর করে। কারণ, মানবসমাজের মধ্যে তারাই আলাদা এ জন্য যে, একমাত্র তারাই সংগ্রামের পথ বেছে নিতে পারে। এ সংগ্রামের পথে চলতে গিয়ে মৃত্যুভয়কেও তারা তুচ্ছজ্ঞান করতে পারে। তারা বিশ্বাস করে, মৃত্যুর মধ্যেই রয়েছে জীবনের সূচনা। তাদের মতে, জীবনের সার্থকতা জীবনদানের মধ্যেই। তাই মানবতার মুক্তির জন্য জীবনদানের পথ, সংগ্রামের পথই চির শাশ্বত কল্যাণের পথ। এরই বাস্তব উদাহরণ হলো, উদ্দীপকে উল্লিখিত ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়েই এ দেশের দুরন্ত-দামাল-তরুণ ছেলেরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল। কেননা, তরুণের সাধনাই হলো সংগ্রামের সাধনা। আর তার এ সংগ্রামের সাধনাই হলো চিরায়ত কল্যাণের পথ। এ পথেই যে বিজয় সুনিশ্চিত, তার জ্বলন্ত দৃষ্টান্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।‘দুরন্ত পথিক’ কথিকায় লেখকও এটাকেই বলেছেন মানবাত্মার সত্য শাশ্বত পথ। তার মতে, মুক্তির পথ কাঁটা বিছানো, বন্ধুর ও দুর্গম। এ দুর্গম পথে তরুণ পথিকের মৃত্যু অনিবার্য। তবুও তারা এ পথেই মুক্তি অন্বেষণ করে চলে। তারণ্যের প্রতীক পথিক বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে মৃত্যুভয়কে তুচ্ছজ্ঞান করে বিপদসংকুল পথেই এগিয়ে চলে। এমনকি এ পথে চলতে গিয়ে সে মৃত্যুর মধ্যেই অটল অবিচল। তাই আমাদেরও বিশ্বাস, চিরায়ত কল্যাণের পথে নবীনের জয় সুনিশ্চিত, যা উদ্দীপকের ঘটনাটি এবং ‘দুরন্ত পথিক’ কথিকার আলোকে তা বাস্তব সত্য।