পরার্থেপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি, বাংলা ১ম পত্র থেকে পরার্থে কবিতার একটি সৃজনশীল প্রশ্নোত্তর। # সুখ শুধু পাওয়া যায় সুখ না চাহিলে, প্রেম দিলে প্রেমে পুরো প্রাণ, নিশিদিন আপনার ক্রন্দন গাহিলে ক্রন্দনের নাহি অবসান। ক. ‘পরার্থে’ কবিতার প্রতিপাদ্য কী? খ. কবি লুকানো বিষাদকে তারার সঙ্গে তুলনা করেছেন কেন? গ. উদ্দীপকের কবিতাংশে ‘পরার্থে’ কবিতার মৌলিক কোন দিকটি প্রতিফলিত হয়েছে— নিরূপণ করো। ঘ. উদ্দীপকের কবিতাংশে ‘পরার্থে’ কবিতার প্রতিপাদ্যই প্রতিফলিত হয়েছে—কথাটির যৌক্তিক বিচার করো। ক. উত্তর: ব্যক্তিগত সুখভোগের চেয়ে পরের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই জীবন তাৎপর্যময় হয়ে ওঠে। খ. উত্তর: মানবজীবনে দুঃখ-কষ্ট এক অবিচ্ছিন্ন অংশ। এটি যদি প্রকাশ করা হয় বা প্রচার করা হয়, তাহলে সুখ-শান্তি তো মেলেই না বরং এর তীব্রতা আরও বেড়ে যায়। তার চেয়ে যদি এ দুঃখ-কষ্টকে অন্তরে সংগোপনে লালন করে রাখা যায়, তাহলে অন্তরে প্রশান্তির ভাব আসে। রাতের অন্ধকার আকাশে তারা আপন আলোয় জ্বলে পৃথিবীর বুকে ঢেলে দেয় প্রশান্তি। লুকিয়ে রাখা বিষাদ বা দুঃখ-কষ্ট অন্তরকে গভীর স্বস্তিতে ভরে তোলে বলে কবি একে তারার সঙ্গে তুলনা করেছেন। গ. উত্তর: ‘পরার্থে’ কবিতার মৌলিক দিক হচ্ছে ব্যক্তিগত সুখ ভোগের চেয়ে পরের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই জীবন তাৎপর্যময় হয়ে ওঠে। মানবজীবনে নিরন্তর সুখ লাভ হয় না। সুখের পাশাপাশি মানবজীবনে রয়েছে বিষাদ তথা দুঃখ-কষ্ট। এ দুঃখ-কষ্ট হূদয়ে লুকিয়ে রাখলে দুঃখ ভুলে প্রশান্তি লাভ করা যায়। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সেহেতু প্রত্যেকের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। অর্থাৎ প্রত্যেক মানুষের রয়েছে পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য। সংকীর্ণ স্বার্থবোধ ও হীনমনোবৃত্তি মুক্ত হয়ে শুভবুদ্ধি, সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়ালে মানবসমাজে চলা ব্যক্তিগত জীবনে সমাজসুখ ও আত্মসুখ লাভ হবে। তাই দুঃখ প্রচার না করে পরের কল্যাণে আত্মনিয়োগ করার মধ্য দিয়েই প্রকৃত সুখ লাভ হয়। ‘পরার্থে’ কবিতার এই মূল দিকটি উদ্দীপকে মূলত প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, সুখ চেয়ে সুখ পাওয়া যায় না। বরং সুখ না চাইলেই তা পাওয়া যায়। আবার মানুষের জন্য উসর্গিত প্রেমই মানুষকে এনে দেয় সুখদীপ্ত প্রাণ। সারা জীবন কাঁদলেও কাঁদার শেষ হয় না। অর্থাৎ কান্নার মধ্যে কোনো সুখ নেই। বরং না কেঁদে দুঃখকে হূদয়ে লুকিয়ে রেখে, সুখ না চেয়ে পরের জন্য কাজ করে গেলেই জীবনটা তাৎপর্যময় হয়ে ওঠে। পরার্থে কবিতার আলোকে পরের জন্য আত্মোৎসর্গ করার দিকটাই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। ঘ. উত্তর: ‘পরার্থে’ কবিতার প্রতিপাদ্য হলো— ব্যক্তিগত সুখভোগের চেয়ে পরের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই জীবন তাৎপর্যময় হয়ে ওঠে। মানুষের জীবনে কেবল সুখ থাকে না, দুঃখও থাকে। প্রকৃত সুখ লাভ করা যায় তখনই, যখন মানুষ অপরের কল্যাণে জীবন উৎসর্গ করে। তখন দুঃখ বলে তার আর কিছু থাকে না। সে জন্য দুঃখ ভারাক্রান্ত না হয়ে, দুঃখকে সংগোপনে রেখে সমাজবদ্ধ মানুষ হিসেবে পরস্পরের দায়িত্ব ও কর্তব্য পালনে আত্মোৎসর্গ করাই বুদ্ধিমানের পরিচায়ক। রাতের অন্ধকার আকাশে তারা যেমন আপন আলো ছড়িয়ে পৃথিবীর বুকে প্রশান্তি ঢেলে দেয়, তেমনি আপন দুঃখ হূদয়ে সুপ্ত রেখে পরের জন্য জীবন উৎসর্গ করলেই জীবন তাৎপর্যময় হয়ে ওঠে। উদ্দীপকে সেই একই সুখের কথা বলা হয়েছে। এ সুখ চেয়ে পাওয়া যায় না। বরং সুখের আশা না করে পরের কল্যাণে জীবন উৎসর্গ করলেই সুখ পাওয়া যায়। দুঃখের অর্থ হলো কান্না। কিন্তু কান্নার কোনো শেষ নেই। সারা জীবন কাঁদলেও সুখ লাভ হয় না যেমন, তেমনি কান্নারও কোনো অবসান হয় না। তাই কান্নাকে তথা দুঃখকে হূদয়ে লুকিয়ে রেখে মানব কল্যাণে আত্মনিয়োগ করলে প্রকৃত সুখ লাভ করা যায়। ‘পরার্থে’ কবিতার প্রতিপাদ্য পরের জন্য জীবন উৎসর্গ করলেই জীবন অর্থবহ হয়, লাভ হয় প্রকৃত সুখ—আর এটিই উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত হয়েছে বলে লক্ষ করা যায়।