বচন প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বচন নিয়ে আলোচনা। এটি বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। এর দ্বারা বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা করা যায়।প্রশ্ন: বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। উত্তর: ‘বচন’ শব্দের অর্থ সংখ্যার ধারণা। এটি ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। ব্যাকরণের বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। যেমন: মেয়েটি স্কুলে যায়। বালকেরা মাঠে খেলা করে। বাংলা ভাষায় বচন দুই প্রকার। যেমন: ১। একবচন ২। বহুবচন। একবচন: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন: গ্লাসটি দাও। সে আজ স্কুলে যায়নি। ওপরের উদাহরণ দুটিতে গ্লাসটি ও সে একটি মাত্র সংখ্যারই ধারণা প্রকাশ করেছে।বহুবচন: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহুসংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমন: আমগুলো মিষ্টি। ছেলেরা বই পড়ছে। ওপরের উদাহরণ দুটিতে আমগুলো ও ছেলেরা দ্বারা যথাক্রমে অনেকগুলো ছেলে ও অনেকগুলো আমের নির্দেশ করছে।প্রশ্ন: বাংলা ভাষায় একবচন ও বহুবচন প্রকাশের উপায় কী? কয়েকটি উদাহরণ দাও।উত্তর: একবচন: বাংলা ভাষায়, টি, টা, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন: গরুরটা মাঠে ঘাস খায়, মেয়েটি স্কুলে যায়, একখানা ছাতা দাও। বইখানি তুলে রাখো ইত্যাদি। বহুবচন: বাংলা বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলো, গুলি, দিগ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয়ে বহুবচন নির্দেশ করে। এ ছাড়া সব, সকল, কুল, সমুদয়, রাজি ইত্যাদি। সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। তবে সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই তৎসম বা সংস্কৃত শব্দ থেকে আগত, যেমন: ছাত্ররা বল খেলে। মেয়েরা ঝিয়েরা একত্র হয়েছে ইত্যাদি। প্রশ্ন: প্রাণিবাচক, অপ্রাণিবাচক ও উন্নত প্রাণিবাচক শব্দে যেসব বহুবচনবোধক শব্দ ও প্রত্যয় ব্যবহূত হয়, এর কয়েকটি উদাহরণ দাও। উত্তর: প্রাণিবাচক, অপ্রাণিবাচক ও উন্নত প্রাণিবাচক শব্দ ভেদে বিভিন্ন ধরনের বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। নিচে এর কতিপয় উদাহরণ তুলে ধরা হলো। ক. প্রাণিবাচক: প্রাণিবাচক শব্দের সঙ্গে রা, গুলো, কুল, সব ইত্যাদি প্রত্যয় ও বিভক্তি যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: ‘রা’: পাখিরা আকাশে ওড়ে। গুলো: ময়ূরগুলো পুচ্ছ নাড়িয়ে নাচছে। কুল: ঝড়ে পক্ষীকুল দিশেহারা হয়ে পড়েছে। সব: ভাইসব, আজ আমাদের কলেজের শেষ দিন। খ. অপ্রাণিবাচক: অপ্রাণিবাচক শব্দের সঙ্গে গুলো, সকল, আবলি, রাজি, পুঞ্জ ইত্যাদি বিভক্তি ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: ‘গুলো’ টাকাগুলো লুকিয়ে রাখো। সকল/মালা: দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু। আবলি: গ্রন্থগারে পুস্তকাবলি রক্ষিত আছে। রাজি: রাতের আকাশে তারকারাজি সমাহারে সৌন্দর্যটা আরও এক গুণ বাড়িয়ে তুলেছে।পুঞ্জ: সব আকাশে মেঘপুঞ্জের ভিড়।গ. উন্নত প্রাণিবাচক: কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে রা, এরা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: ‘রা’: ছাত্ররা বল খেলে। বৃন্দ: সুধীবৃন্দ অনিবার্য কারণবশত আজকের অনুষ্ঠান স্থগিত করা হলো। মণ্ডলী: শিক্ষকমণ্ডলী সভায় উপস্থিত। প্রশ্ন: বিশেষ নিয়মে বহুবচনের নিয়মগুলো উল্লেখ করো।উত্তর: বহুবচন নির্দেশাত্মক বিভক্তি, প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দগুলো ছাড়া আরও কতগুলো শব্দ যোগ করে বিশেষ নিয়মে বহুবচন নির্দেশ করা হয়। নিচে এর কয়েকটি নিয়ম তুলে ধরা হলো: বিশেষ্য শব্দের একবচনের ব্যবহার অনেক সময় বহুবচন বুঝিয়ে থাকে। যেমন: পোকার আক্রমণে ফসল নষ্ট হয়। বাগানে ফুল ফুটেছে। একবচনাত্মক বিশেষ্যের আগে অজস্র, অনেক, বহু, নানা ইত্যাদি বহুবচনবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। যেমন: অজস্র লোকের মাঝে ছেলেটি হারিয়ে গেল। বাসায় বহু মেহমান এসেছে।নানা মুনির নানা মত, তিনি অঢেল টাকার মালিক ইত্যাদি। বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়। যেমন: বাগানে লাল লাল ফুল ফুটেছে। হাঁড়ি হাঁড়ি সন্দেশ ইত্যাদি। বিশেষ নিয়মে সাধিত বহুবচন: সকলে সবকিছু জানে না, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না ইত্যাদি।