অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। গ্রিনহাউস ও গ্রিনহাউস ইফেক্ট দুটি ব্যাপক পরিচিত শব্দ। শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রছাত্রীদের বিস্তারিত ধারণা দেন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, মেরুর বরফ গলা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এগুলো সবই গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফল। এসব সমস্যার জন্য আমরাই দায়ী এবং আমাদের করণীয় অনেক কিছু।ক. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?খ. উদ্দীপকের গ্রিনহাউস প্রতিক্রিয়া ব্যাখ্যা করো।গ. গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব কীভাবে হতে পারে তা লেখো।ঘ. গ্রিন হাউস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে আমাদের করণীয় কী তা বিশ্লেষণ করো।উত্তর: ক. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য প্রধানত কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাস দায়ী।উত্তর: খ. গ্রিনহাউস প্রতিক্রিয়া: আমরা জানি, সূর্যের তাপ পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছে ভূপৃষ্ঠ উত্তপ্ত করে। এ তাপের অনেকটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। ফলে পৃথিবী খুব বেশি উত্তপ্ত হয় না। অপরদিকে বায়ুমণ্ডল কিছুটা তাপ ধরে রাখে বিধায় পৃথিবী বেশি ঠান্ডাও হয় না। কিন্তু অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি ও গাছপালা নিধনের ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন ডাই-অক্সাইড অধিক হারে সূর্যের তাপ ধরে রাখে। ফলে বায়ুমণ্ডলের সঙ্গে পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পায়। গ্রিন হাউসের ভেতরের তাপ কাচের ভেতর দিয়ে বাইরে যেতে পারে না। ফলে ঘর গরম থাকে। পৃথিবীর তাপও একইভাবে বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের ভেতর দিয়ে মহাশূন্যে যেতে না পারার কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ে। ফলে পৃথিবীতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পৃথিবীর তাপ বৃদ্ধির এই ঘটনার সঙ্গে গ্রিন হাউসের মিল আছে বিধায় একে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে।উত্তর: গ. গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব: গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে তাপমাত্রা ২০ থেকে ৫০ সেলসিয়াস বৃদ্ধি পেলে বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণভাবে বিনষ্ট হবে বলে বিজ্ঞানীদের ধারণা। এর ফলে—(i) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। (ii) অনেক মহাদেশের অভ্যন্তরভাগ শুষ্ক হয়ে যাবে অর্থাৎ মেরু অঞ্চলের বিস্তৃতি ঘটবে। (iii) মেরু অঞ্চলের হিমশৈল বিগলিত হবে। (iv) কৃষিকাজে ব্যাপক বিপর্যয় দেখা দেবে। (v) উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বনভূমির বিনাশ হবে। (vi) বায়ু প্রবাহের বর্তমান গতি-প্রকৃতির পরিবর্তন হবে। (vii) বাংলাদেশসহ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর বেশির ভাগ অঞ্চল সাগরের অথৈ পানিতে তলিয়ে যাবে।(viii) বিপন্ন হবে জনবসতি, বিপন্ন হবে জীবন।উত্তর: ঘ. গ্রিন হাউস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে করণীয়: গ্রিন হাউসের প্রভাব মানবসৃষ্ট একটি বিশ্বব্যাপী সমস্যা সুতরাং আঞ্চলিকভাবে এর কোনো সমাধান সম্ভব নয়। গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণে চাই বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপ। গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টিকারী নিয়মকগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়া অনেকাংশ প্রশমন ও নিয়ন্ত্রণ করা যায়। নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ সম্ভব:(i) বনাঞ্চল সংরক্ষণ ও নিয়মিত বনায়নের মাধ্যমে নতুন বন সৃষ্টি করা যায়।(ii) কৃষিকাজে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা। (iii) কার্বন ডাইঅক্সাইড উৎপন্নকারী জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার করা। (iv) নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে সৌর, পানি, বায়ু ও পারমাণবিক শক্তি ব্যবহার করা। (v) সিএফসি গ্যাস ব্যবহার বন্ধ করা। (vi) গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা ও প্রতিরোধে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা। (vii) অপ্রয়োজনে কাঠ, বন পোড়ানো বন্ধ করা।(viii) গণমাধ্যম ও অন্যান্য মাধ্যমে গ্রিন হাউস প্রভাবের কুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। (ix) স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে।