অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের অধ্যায়-২ এর ‘বাংলাদেশের অভ্যুদয়’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চালিকাশক্তি হিসেবে কোন বিষয়টিকে তুমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করো?উত্তর: মুক্তিযুদ্ধের চালিকাশক্তি হিসেবে যে বিষয়টিকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি, তা হচ্ছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করা হয়েছিল। রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এ বৈষম্য ছিল পর্বতপ্রমাণ। আর এ বৈষম্যের কারণেই মূলত মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে এবং এ বৈষম্যের ফলে যে ক্ষোভ তৈরি হয়, তা মুক্তিযুদ্ধের চালিকাশক্তি হিসেবে কাজ করে। নিচে কয়েকটি বৈষম্য তুলে ধরা হলো।রাজনৈতিক বৈষম্য: পাকিস্তানের জন্মলগ্ন থেকেই পূর্ব বাংলা রাজনৈতিক বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের তখন দুটি গুরুত্বপূর্ণ পদই ছিল পশ্চিম পাকিস্তানের দখলে। এমনকি পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয় করে রাখা হয়। এ বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবি তুললে পাকিস্তানি শাসকচক্র তা দমন করার চেষ্টা করে।সামরিক বৈষম্য: পাকিস্তানের দেশরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানে। সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানের স্থান ছিল শতকরা ৯৫ ভাগ আর পূর্ব পাকিস্তানের স্থান ছিল মাত্র পাঁচ ভাগ। পূর্ব পাকিস্তান ছিল সামরিক দিক থেকে খুবই অবহেলিত।অর্থনৈতিক বৈষম্য: পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তান বৈষম্যের কারণে কখনো অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। সমস্ত সরকারি-বেসরকারি আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। এ ছাড়া পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে।ওপরের আলোচনা থেকে দেখা যায়, পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে বিদ্যমান বৈষম্য এ দেশের অধিকার-সচেতন মানুষকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলে। প্রশ্ন: ঘ. মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়?উত্তর: মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। যেমন: ১. মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা। ২. ক্ষতিগ্রস্ত সদস্যদের এবং পরিবারের পুনর্বাসন এবং মাসিক ভাতা হিসেবে আর্থিক সহায়তা প্রদান। ৩. চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্যদের অগ্রাধিকার প্রদান করা। ৪. আহতদের চিকিৎসা ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা। ৫. মুক্তিযুদ্ধে আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। কোনক্রমেই সমাজে যাতে হেয় প্রতিপন্ন না হন সে দিকে খেয়াল রাখা। ৬. বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যোগ্যতার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিত করা। ৭. ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারকে ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা ইত্যাদি। ৮. সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত রেখে তাদের মনোবলকে অটুট রাখা। এতে নতুন প্রজন্মও দেশের প্রতি আত্মত্যাগে উৎসাহিত হবে।