অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. বাস্তবমুখী শিক্ষাব্যবস্থাই পারে সানোয়ার সাহেবের মতো শিক্ষিত যুবকদের হতাশা থেকে মুক্ত করতে—উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: ঘ. সানোয়ার সাহেব বেকারত্ব সমস্যার জন্য হতাশাগ্রস্ত। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ভালো রেজাল্টসহ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও বেকারত্বের কারণে হতাশাগ্রস্ত। শুধু সানোয়ার সাহেব নন, এ দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় চার কোটি। এদের মধ্যে বেকারের সংখ্যা প্রায় ১ দশমিক ৫ কোটি।বাস্তবমুখী শিক্ষাব্যবস্থাই পারে সানোয়ার সাহেবের মতো শিক্ষিত যুবকদের বেকারত্বের হতাশা থেকে মুক্ত করতে। সানোয়ার সাহেব দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিলেও তিনি গতানুগতিক ধারায় শিক্ষিত। গতানুগতিক ধারায় শিক্ষিত শ্রেণী কাজ পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে না। কিন্তু বাস্তবমুখী শিক্ষাব্যবস্থায় শিক্ষিতরা চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে। এখানে বাস্তবমুখী শিক্ষা বলতে বিশেষত কারিগরি ও প্রয়োগিক শিক্ষাকে বোঝানো হয়েছে। বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্রে গতানুগতিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণও দেওয়া হয়। যেমন: হস্তশিল্প, খামার, পশুপালন, ড্রাইভিং, হোটেল ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন ও যাচাই ইত্যাদি সম্পর্কিত প্রশিক্ষণ।বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার কারণে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিতরা চাকরি লাভের ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে। বাস্তবমুখী শিক্ষা থাকলে একজন শিক্ষিত বেকার চাকরি না পেলেও আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে পারে।