অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় পৌরনীতি অংশ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। বনশ্রী আবাসিক এলাকায় নিরিবিলি এক কোণে কিছু বখাটে যুবক মদ-গাঁজার আসর বসায়। এতে স্থানীয় লোকজন ভীত হয়ে পড়ে। একা চলতে গেলে প্রতিদিন কেউ না কেউ বখাটেদের দ্বারা লাঞ্ছিত কিংবা ছিনতাইয়ের শিকার হয়। এ অবস্থার অবসানে এলাকার লোকজন স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ করে। কাউন্সিলর বখাটেদের কার্যক্রমকে মুখে বেআইনি বললেও বাস্তবে কোনো আইনগত পদক্ষেপ নেননি।ক. অধ্যাপক লাস্কির মতে নাগরিকের সংজ্ঞা কী?খ. জন্মনীতির সঙ্গে জন্মস্থাননীতির পার্থক্য বর্ণনা করো।গ. বখাটেদের দ্বারা এলাকাবাসীর কোন ধরনের অধিকার ক্ষুণ্ন হয়েছে? বর্ণনা করো।ঘ. উক্ত পরিস্থিতি মোকাবিলায় আইনের প্রয়োগই যথেষ্ট—বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. অধ্যাপক লাস্কির মতে, ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাকেই নাগরিক বলা হয়।’উত্তর: খ. জন্মসূত্রে নাগরিকতা লাভের দুটি পদ্ধতি আছে—একটি জন্মনীতি ও অপরটি জন্মস্থাননীতি। জন্মনীতি অনুসারে, সাধারণত পিতা-মাতা যে দেশের নাগরিক হবেন, সন্তানও সেই দেশের নাগরিক হবে। যেমন—বাংলাদেশ ও পাকিস্তান। জন্মস্থাননীতি অনুসারে, যে যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে, সে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে জন্মনীতি ও জন্মস্থাননীতি অনুসরণ করা হয়।উত্তর: গ. বনশ্রী এলাকায় বসবাসকারী ব্যক্তিদের জীবন রক্ষা, চলাফেরা ও জনগণের সামাজিক অধিকার বখাটেদের কার্যকলাপে ক্ষুণ্ন হয়েছে। বখাটে যুবকদের মদ-গাঁজার আসর ও অসামাজিক কার্যকলাপ ছিল। প্রতিদিন ছিনতাই ওই এলাকার জীবন ও সম্পত্তি রক্ষার অধিকার ক্ষুণ্ন করেছে। এলাকায় তাদের আচরণে পরিবেশ বিনষ্ট হচ্ছে।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনায় আইনের আশ্রয় নেওয়া সত্ত্বেও আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপ হতাশাব্যঞ্জক। ‘আইনের চোখে সমানাধিকার’ ছিল বনশ্রী এলাকাবাসীর সামাজিক অধিকার। আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপে সে অধিকার ক্ষুণ্ন হয়েছে। এলাকাবাসী যখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেল, তখন তাদের উচিত ছিল বখাটেদের খুঁজে বের করা এবং তাদের যথাযথ বিচার করা। এখানে আইনের অনুশাসন ভঙ্গ করা হয়েছে। রাষ্ট্রের মধ্যে আইনের অনুশাসন থাকলে সমভাবে স্বাধীনতা ও রাষ্ট্রপ্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। সবল দুর্বলের অধিকার ক্ষুণ্ন করতে পারে না। সবাই অধিকার ভোগের মধ্য দিয়ে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায়। আইনের অনুশাসন বলতে প্রধান দুটি ধারণাকে বোঝায়—(ক) আইনের প্রাধান্য (খ) আইনের দৃষ্টিতে সাম্য। আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। আইনের দৃষ্টিতে সাম্য মানে ধনী, দরিদ্র, ধর্ম ও সম্প্রদায়নির্বিশেষে সবাই আইনের আশ্রয় লাভ করবে। প্রভাবশালী ও দরিদ্র জনগণও একই অধিকার ভোগ করবে, সবার জন্য একই আইন থাকবে।