বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৩প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের পাঠ আলোচনায় দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।যৌতুক প্রথা বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা। সময়ের পরিবর্তনে এর উদ্দেশ্য ও লক্ষ্যের পরিবর্তন হয়ে যৌতুক প্রথায় রূপ লাভ করে। বলা যায়, যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। আর এ অমানবিক কু-প্রথার কতগুলো আর্থসামাজিক কারণ রয়েছে। সামাজিক সচেতনতা, রাষ্ট্রীয় আইনকানুনের যথার্থ প্রয়োগ, সর্বোপরি নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যৌতুক প্রথাকে উচ্ছেদ করা যায়।প্রশ্ন: (ক): যৌতুক প্রথা কী?উত্তর: যৌতুক হলো এমন একটি সামাজিক কু-প্রথা, যা কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বরপক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধাদানে কন্যাপক্ষকে বাধ্য করা হয়।প্রশ্ন: (খ): যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি—ব্যাখ্যা করো।উত্তর: যৌতুক প্রথা একটি সামাজিক অভিশাপ। এটিকে সামাজিক ব্যাধিও বলা চলে। এক কালের উপঢৌকনপ্রথা ধীরে ধীরে বর্তমান সমাজে এসে হয়েছে যৌতুক। যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পর দাম্পত্য কলহ, স্ত্রী নির্যাতন, স্ত্রী হত্যা, বিবাহ-বিচ্ছেদ ঘটে। কন্যাদায়গ্রস্ত দরিদ্র মা-বাবা যৌতুকের দাবি মেটাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়েন। যৌতুকের লোভে বাংলাদেশে প্রায়ই অসামঞ্জস্য বিয়ে সংঘটিত হয়ে থাকে এবং আত্মহত্যার পেছনে যৌতুক প্রথা অনেকাংশে দায়ী। কাজেই সার্বিক বিচারে বলা চলে, যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি।প্রশ্ন: (গ): যৌতুক প্রথার কারণগুলো ব্যাখ্যা করো।উত্তর: যৌতুক প্রথার কারণ: বাংলাদেশে যৌতুক প্রথার পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান। নিচে যৌতুক প্রথার কারণগুলো ব্যাখ্যা করা হলো:অর্থনৈতিক কারণ: দারিদ্র্য যৌতুক দাবির অন্যতম প্রধান কারণ। পাত্রের আর্থিক দুরবস্থা থেকে মুক্তির জন্য অথবা আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় কন্যাপক্ষের কাছে যৌতুক দাবি করে।নারীদের পরনির্ভরশীলতা: বাংলাদেশের সমাজব্যবস্থায় নারীদের কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা পরনির্ভরশীল হয়ে জীবন যাপন করে। এই পরনির্ভরশীলতা যৌতুকপ্রবণতা সৃষ্টির সহায়ক।প্রতিষ্ঠালাভের মনোভাব: শিক্ষিত, স্বল্পশিক্ষিত ছেলে ও তার অভিভাবকদের নগদ প্রাপ্তির লোভ এবং সমাজে প্রতিষ্ঠালাভের উপায় হিসেবে যৌতুক প্রথাকে গণ্য করে।সামাজিক দুর্নীতির প্রভাব: সামাজিক দুর্নীতি, কালো টাকা, ঘুষ, চোরাকারবারি এবং অবৈধ টাকা যৌতুক প্রথা বিস্তারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী।পরিশেষে বলা যায়, যৌতুক দীর্ঘদিন সমাজে প্রচলিত থাকায় তা প্রথা বা রীতিতে পরিণত হয়েছে। ফলে যৌতুক দেওয়া ও নেওয়া এ দেশে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।প্রশ্ন: (ঘ): ‘যৌতুক প্রথা প্রতিকার করা জরুরি’ উক্তিটির আলোকে যৌতুক নিরসনের উপায় বিশ্লেষণ করো।উত্তর: যৌতুক একটি অমানবিক ও অভিশপ্ত প্রথা। সমাজে বসবাসরত সবার ঐক্যবদ্ধ সামাজিক গণ-আন্দোলনের মাধ্যমে অভিশপ্ত যৌতুক প্রথার উচ্ছেদ ঘটাতে হবে। যৌতুক প্রথা আইন করে রোধ করা সম্ভব নয়। সমাজে সর্বস্তরের জনগণের সচেতনতাবোধের মাধ্যমে এর প্রতিরোধ করা সম্ভব। নিচের যৌতুক প্রথা রোধকল্পে আমার গৃহীত পদক্ষেপ উপস্থাপন করলাম:নারীর অধিকার সংরক্ষণ: সংবিধানে নারীর অধিকার রক্ষার জন্য পারিবারিক আইন, উত্তরাধিকার আইন, যৌতুকবিরোধী আইন, নারী নির্যাতন আইন প্রণয়ন ও এর বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে।নারীর কর্মসংস্থান সৃষ্টি: শিক্ষিত নারী দেশের অমূল্য সম্পদ। নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আধুনিক, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে নারীরা সমাজে স্বনির্ভরতা অর্জনে সক্ষম।যৌতুকবিরোধী আন্দোলন: বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলে যৌতুক দেওয়া-নেওয়া সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমাজের সব মানুষের উচিত যৌতুকবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং এর কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা।বেকার যুবকদের কর্মসংস্থান: বেকারত্ব যৌতুক প্রথার অন্যতম কারণ। তাই যৌতুক প্রথা নিরসনকল্পে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।পরিশেষে বলা যায়, যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। এর প্রতিকার দ্রুত প্রয়োজন, অন্যথায় সমাজ ও সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এ জঘন্য যৌতুক প্রথা।