ফাংশন
প্রিয় শিক্ষার্থীরা, আজ ফাংশন নিয়ে কিছু আলোচনা করছি।
ফাংশন কথাটির অর্থ ক্রিয়া বা অপেক্ষক। গণিতে এর যথার্থ অর্থ ক্রিয়া-প্রতিক্রিয়া বা কার্যকারণ সম্পর্ক। ফাংশনের ধারণা উচ্চতর গণিতের প্রাণস্বরূপ। এটি বিশেষ ধরনের অন্বয়। গণিতে এর ব্যবহার বহুমুখী। ফাংশনকে মেশিনের সঙ্গে তুলনা করা যায়। মেশিনের সাহায্যে একটি উপাদান থেকে অন্য উপাদান তৈরি করা হয়।। ফাংশনের সাহায্যেও একটি উপাদান ব্যবহার করে অন্য উপাদান তৈরি করা যায়।
একটি উদাহরণ: মনে করি, একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা 60 এবং প্রত্যেক শিক্ষার্থী আটটি করে বই নিয়ে আসে। আগামী সোমবার ওই শ্রেণীতে কয়টি বই আসবে? এর সঠিক উত্তর কি কেউ দিতে পারবে?
নিশ্চয়ই না। কারণ, ওই দিন বিদ্যালয়ে কয়জন শিক্ষার্থী আসবে তা আগে-ভাগে বলা যাচ্ছে না। 50 জন শিক্ষার্থী এলে বইয়ের সংখ্যা হবে 50 ´ 8 = 400। 55 জন এলে বইয়ের সংখ্যা হবে 55´8 = 440। ৬০ জনের সবাই এলে বইয়ের সংখ্যা হবে 60´8 = 480। তাহলে আমরা বুঝতে পারলাম, ওই শ্রেণীতে সোমবার কয়টি বই আসবে তা নির্ভর করছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার ওপর।
মনে করি, উপস্থিত শিক্ষার্থী সংখ্যা x, তাহলে বইয়ের সংখ্যা হবে 8x। x-এর মান শূন্য থেকে 60-এর মধ্যে যেকোনো পূর্ণসংখ্যা হতে পারে।
যদি y = 8x ধরা হয়, তাহলে x-এর এ রকম প্রতিটি মানের জন্য y- এর মান পাওয়া যায়। এই মান শূন্য থেকে 480 পর্যন্ত যেকোনো একটি সংখ্যা হতে পারে।
এখানে, x-এর প্রতিটি মানের জন্য y-এর একটি ও একটি মাত্র পাওয়া যায়।
যেমন:
x = 0 হলে y = 0; x = 20 হলে y = 160; x = 40 হলে y = 320 ইত্যাদি।
এ অবস্থায় y-কে x-এর ফাংশন বলা হয় এবং লেখা হয় y = f(x), বা, y = g(x), বা, y = h(x) আর পরিষ্কার করে বলা যায়, y = 8x-এর পরিবর্তে লেখা যায় f(x) = 8x
y, x-এর ফাংশন মানে y, x-এর ওপর নির্ভরশীল।
x-কে স্বাধীন চলক এবং y-কে অধীন চলক বলা হয়।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল